‘হামলা’ শব্দটি কোনো প্রিয় শব্দ নয় মানুষের কাছে। তবে হামলার বৈশিষ্ট্য ও মাত্রায় রয়েছে পার্থক্য। কোনো কোনো হামলা নিন্দার চাইতেও জঘণ্য মনে হয়। পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার প্রচেষ্টা তেমনি একটি ঘটনা। এই ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলা হয়, মক্কা আল-মুকাররমা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে বাংলাদেশের। এসব পবিত্র স্থনের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে বাংলাদেশ। বিবৃতিতে আরো বলা হয়, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা সবসময় সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে। এসব স্থানের পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।

এদিকে ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র দাবি করেছেন, মক্কা নগরীর দক্ষিণে হুতিদের ছোড়া একটি ড্রোন পবিত্র নগরীর সংরক্ষিত আকাশ সীমায় ঢোকার আগেই ধ্বংস করেছে সৌদি আরবের এয়ার ডিফেন্স। বুধবার এক বিবৃতিতে মুখপাত্র তুর্কি আল মালকি বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ড্রোনটি ধ্বংস করা হয়। এটি মক্কাকে লক্ষ্যস্থল করার দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এ ধরনের আরেকটি প্রচেষ্টা চালানো হয়েছিল। বিবৃতিতে মালকি বলেন, ইসলামের পবিত্রতম স্থানগুলোর কয়েকটি মক্কায় অবস্থিত। বার্ষিক হজের কেন্দ্রস্থল এটি। এখানকার নিরাপত্তা একটি রেড লাইন।

মক্কার নিরাপত্তা একটি রেড লাইন। এর নিরাপত্তা লঙ্ঘন শুধু স্বাধীনতা-সার্বভৌমত্বের লঙ্ঘন নয়, বিশ্বের কোটি কোটি মুসলিমের ধর্মীয় অনুভূতিতে চূড়ান্ত আঘাতও বটে। রাজনৈতিক, ধর্মীয়, মানবিক, সবদিক থেকে মক্কায় হামলার প্রচেষ্টার ঘটনা এক বড় অপরাধ। বিশ্বের কোটি কোটি মুসলিম এর নিন্দা জানাচ্ছে। নিন্দা জানিয়েছে রাজনৈতিক দলও। বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে প্রদত্ত পোস্টে মক্কা নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলার নিন্দা জানান। পোস্টে তিনি বলেন, ‘পবিত্র মক্কানগরী আল্লাহতায়ালার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যে কোনো ধরনের হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। হামলাকারী হুতি হোক কিংবা অন্য কেউ, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ আসলে বিজ্ঞান-প্রযুক্তির দুর্বলতা নয়, ঈমানি দুর্বলতাই মুসলমানদের আসল সমস্যা। এ সমস্যা না থাকলে মুসলমানরা তাদের কর্তব্য নির্ধারণ করতে পারতো। তখন তারা বিজ্ঞান-প্রযুক্তিতে প্রাগ্রসর হওয়ার সাথে সাথে শত্রু-মিত্রও যথার্থভাবে চিহ্নিত করতে পারতো। এমন অবস্থায় কেউ তাদের ব্যবহার করতে সমর্থ হতো না। নিজেরাও আত্মহননের মূর্খতায় জড়াতো না। ঈমানের পরিশুদ্ধিই এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।