বাংলাদেশে অপরাধের বিস্তার নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। হত্যা, হামলা, নির্যাতন, অপহরণ, চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধসহ নানা ধরনের অপরাধ মানুষের নিরাপত্তাবোধকে দুর্বল করে দিচ্ছে। রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব নাগরিকের জান, মাল ও মর্যাদা রক্ষা করা। ফলে অপরাধ দমনে কার্যকর আইন ও শক্তিশালী আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান থাকা জরুরি। পত্রিকান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে, এমন বাস্তবতায় সরকার তিনটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন বা সংশোধনের উদ্যোগ নিয়েছে— যথাক্রমে সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন।

এসব আইনের উদ্দেশ্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু অপরাধ দমনের নামে এমন কোনো আইন করা উচিত নয়, যা একদিকে অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হবে, অন্যদিকে নাগরিকের মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য নতুন ঝুঁকি তৈরি করবে। আইনগুলোর বিভিন্ন ধারা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে অ্যামনেস্টি ২৬ অক্টোবর আইনমন্ত্রীর কাছে চিঠি দিয়ে প্রস্তাবিত ও প্রণীত তিনটি আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে। তারা চিঠিতে তিন আইনকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়েছে। বিভিন্ন দল ও সংগঠনও অনুরূপ আহ্বান জানিয়েছে।

সাইবার নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগের জায়গাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ডিজিটাল মাধ্যমে অপরাধ, প্রতারণা, হয়রানি, গুজব ও সাইবার হামলা মোকাবিলা করা অবশ্যই প্রয়োজন। কিন্তু সাইবার অপরাধ দমনের বিধান যেন মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতা, সমালোচনা কিংবা ভিন্নমত দমনের হাতিয়ার না হয়, তা নিশ্চিত করতে হবে। অতীতের ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহারের অভিজ্ঞতা মানুষের মনে এখনো গভীর ছাপ রেখে গেছে। তাই নতুন আইনে অপরাধের সংজ্ঞা স্পষ্ট, সুনির্দিষ্ট এবং অপব্যবহারের সুযোগমুক্ত হওয়া প্রয়োজন। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণয়ন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশে গুমের অভিযোগের বিচার ও ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য দীর্ঘদিন ধরে একটি কার্যকর আইনি কাঠামোর প্রয়োজন ছিল। নতুন আইনে গুমকে স্বতন্ত্র অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু অ্যামনেস্টি বলেছে, আইনের কিছু বিধান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে অভিযোগ তদন্তের স্বাধীনতা, জাতীয় নিরাপত্তার অজুহাতে আটকসংক্রান্ত তথ্য গোপন, মৃত্যুদণ্ড এবং ‘মিথ্যা বা হয়রানিমূলক’ অভিযোগের শাস্তির বিধান নিয়ে প্রশ্ন উঠেছে।

এসআরবি আইন নিয়েও একই প্রশ্ন। র‌্যাব বিলুপ্ত করে তার পরিবর্তে পুলিশ বাহিনীর অধীনে এসআরবি গঠন করা হয়েছে। সরকারের যুক্তি, সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও গুরুতর অপরাধ মোকাবিলায় একটি আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত বাহিনী প্রয়োজন। কিন্তু শুধু নাম পরিবর্তন করলেই কোনো প্রতিষ্ঠানের চরিত্র বদলে যায় না। র‌্যাবের জনবল, সম্পদ ও দায়িত্ব এসআরবিতে স্থানান্তরিত হওয়ায় নতুন বাহিনীর জবাবদিহি, মানবাধিকার সুরক্ষা এবং অতীত অভিযোগের নিষ্পত্তি কীভাবে হবে—এ প্রশ্নের সুস্পষ্ট উত্তর প্রয়োজন।

আমরা মনে করি, অপরাধ দমনে রাষ্ট্রকে কঠোর হতে হবে, কিন্তু সেই কঠোরতা হতে হবে আইনের শাসনের ভিত্তিতে। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ক্ষমতা দেয়ার পাশাপাশি স্বাধীন তদন্ত, বিচারিক তদারকি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং কার্যকর জবাবদিহির ব্যবস্থা থাকতে হবে। বিশেষ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ হলে সেই বাহিনীর নিজস্ব সদস্যদের দিয়ে তদন্ত করলে জনগণের আস্থা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী বা সংগঠন ও রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া তাই জরুরি।

একটি ভালো আইন শুধু অপরাধ দমন করে না—একই সঙ্গে নাগরিকের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের অধিকারও নিশ্চিত করে। আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার নামে যেন নতুন করে অধিকারহরণের পথ তৈরি না হয়— এটাই এখন সবচেয়ে বড় সতর্কতা। আমরা মনে করি, তিনটি আইনকেই দেখতে হবে একই মৌলিক প্রশ্নের আলোকে— রাষ্ট্র কতটা ক্ষমতা পাবে এবং সেই ক্ষমতার অপব্যবহার থেকে নাগরিককে কীভাবে সুরক্ষা দেয়া হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী করা দরকার, কিন্তু সেই শক্তির ওপর নিয়ন্ত্রণও থাকতে হবে। অপরাধীর বিরুদ্ধে কঠোরতা প্রয়োজন, কিন্তু নিরপরাধের অধিকার রক্ষাও সমান জরুরি।