শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং ভারতে নির্বাসনের ১৮ মাস পর বাংলাদেশ সরকার গঠনের দ্বারপ্রান্তে। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশাল বিজয় দেশে অত্যন্ত প্রয়োজনীয় স্থিতিশীলতা আনতে পারে। তা ছাড়া সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে ভোটাররা সাংবিধানিক সংস্কারকেও সমর্থন করেছে। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে ক্রমবর্ধমান চরমপন্থা, দুর্বল অর্থনীতি এবং ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যে এই গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের জেন-জি আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী অন্যতম। তবুও দলটি নির্বাচনে অনেক বড় ব্যবধানে দ্বিতীয় হয়েছে। সরকার গঠন করার মতো আসন দলটি পায়নি– এ সত্যটা এই মুহূর্তে উগ্রপন্থি শক্তির উত্থান সম্পর্কে অভ্যন্তরীণ ও আঞ্চলিক উদ্বেগ কমিয়ে আনবে। এই পরিষ্কার জনরায় ইঙ্গিত দেয়– ঢাকার রাজনীতি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ-বিএনপিকেন্দ্রিক দ্বিদলীয় ব্যবস্থাই নিয়ন্ত্রণ করেছে, তা এখনও অক্ষুণ্ন রয়েছে; যদিও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নির্বাচনের ওপর এক ধরনের প্রভাব ফেলেছে।
নতুন সরকার চরমপন্থা দমন এবং সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য আন্তরিকভাবে কাজ করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ২০২৫ সালের ডিসেম্বরে উল্লেখ করেছিলেন, অধ্যাপক ইউনূসের আমলে সংখ্যালঘুদের বিরুদ্ধে দুই হাজার ৯০০টিরও বেশি সহিংসতার ঘটনা ঘটেছে, যা আমরা স্বাধীন সূত্রের বরাতে জানতে পেরেছি। তারেক রহমান ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিশ্রুতি দিয়েছেন, তবে আসল পরীক্ষা এর বাস্তবায়নের মধ্যে নিহিত। সব মতের সমন্বয় সাধনও সমানভাবে গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনার বিদায়ের পর আওয়ামী লীগ কর্মীরা ব্যাপক সহিংসতার শিকার হয়েছেন। এটা অস্বীকার করার উপায় নেই যে, সাবেক প্রধানমন্ত্রীকে একজন স্বৈরশাসক হিসেবে দেখা হতো এবং তাঁর উগ্র মনোভাবই তাঁর পতনের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু তারেক রহমানকে বুঝতে হবে– ‘বিজয়ীরাই সবকিছু দখলে নেবে’ নীতি বাংলাদেশের গণতন্ত্রের ক্ষতি করবে। নতুন নেতার উচিত উদারতা দেখানো এবং রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে ঐকমত্য তৈরি করা। ঢাকার রাজনীতির পরিবর্তন নয়াদিল্লির জন্য আওয়ামী লীগের সঙ্গে তার দীর্ঘস্থায়ী সম্পর্কের বাইরে যাওয়ার একটি সুযোগ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ভাষান্তরিত
