রাজধানীতে আবারও জননিরাপত্তা ও জনজীবনকে জিম্মি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে। বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নগরজীবনে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা এর ভয়াবহ দৃষ্টান্ত। আগুনের লেলিহান শিখা থেকে নির্গত কালো ধোঁয়া মুহূর্তেই মেট্রোরেল স্টেশনের ভেতরে প্রবেশ করে। ধোঁয়ায় ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে স্টেশন থেকে বেরিয়ে আসেন। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখতে হয় মেট্রোরেল স্টেশনটি। প্রায় আধাঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ট্রেন চলাচল শুরু হয়।
ঘটনাটি আপাতদৃষ্টিতে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা মনে হলেও এর ঝুঁকি ছিল অনেক বেশি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সূত্র জানিয়েছে, বাসটিতে আগুন দেওয়া হয়েছিল মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটরের ঠিক পাশে। ওই জেনারেটরে প্রায় এক হাজার লিটার ডিজেল মজুত ছিল। আগুন সেখানে ছড়িয়ে পড়লে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের আশঙ্কা তৈরি হতে পারত। প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। সৌভাগ্যক্রমে তেমন কিছু ঘটে নি। কিন্তু এ ঘটনা নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা নিয়ে গুরুতর প্রশ্ন সামনে এনেছে।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা কি না, সেটিও বিবেচনার দাবি রাখে। সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সোমবারও ফার্মগেটের পাশাপাশি বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, পল্লবী, মালিবাগসহ কয়েকটি স্থানে এ ধরনের নাশকতার খবর প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হওয়া স্বাভাবিক। কোনো কোনো ঘটনায় পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের আটক করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে। এসব ঘটনার মধ্যে কোনো সমন্বিত পরিকল্পনা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বের করা জরুরি।
এ ধরনের নাশকতার রাজনৈতিক প্রেক্ষাপটও উপেক্ষা করার সুযোগ নেই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তিনি দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তার প্রত্যাবর্তনের ঘোষণা এবং এ নিয়ে রাজনৈতিক বক্তব্য-পাল্টা বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে রাজধানীতে ধারাবাহিক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জনমনে নানা প্রশ্ন তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কেউ কেউ মনে করছেন, দেশে ফেরার জন্য একটি অস্থির ও সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি তৈরির চেষ্টা থাকতে পারে।
বিশেষ করে মেট্রোরেল বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ সেবা ব্যবহার করেন। এর কোনো স্টেশনে অগ্নিসংযোগ বা নাশকতার চেষ্টা শুধু একটি স্থাপনার ক্ষতি নয়, লাখো মানুষের চলাচল ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার শামিল। মেট্রোরেল স্টেশন, রেলপথ, বিদ্যুৎকেন্দ্র, বাস টার্মিনাল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এসব স্থাপনার আশপাশে অগ্নিনির্বাপণব্যবস্থা, জরুরি বহির্গমন পথ, নজরদারি ক্যামেরা এবং দ্রুত প্রতিক্রিয়াকারী নিরাপত্তা দল কার্যকর রাখা প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়াতে হবে। তবে শুধু ঘটনার পর অভিযান চালানো যথেষ্ট নয়। নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি শনাক্ত করার মতো গোয়েন্দা সক্ষমতাও বাড়াতে হবে। অগ্নিসংযোগের ঘটনায় ব্যবহৃত যানবাহন, জড়িত ব্যক্তিদের পরিচয়, পালিয়ে যাওয়ার পথ এবং সম্ভাব্য সংগঠকদের শনাক্ত করতে হবে। বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোর মধ্যে যোগাযোগ বা সমন্বয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে নিরীহ মানুষকে হয়রানি কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অপরাধী সাব্যস্ত করার প্রবণতা থেকে বিরত থাকতে হবে। অপরাধের তদন্ত হতে হবে প্রমাণনির্ভর এবং বিচার হতে হবে আইনের যথাযথ প্রক্রিয়ায়।
রাজনৈতিক দলগুলোরও এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। বিশেষ করে যেসব রাজনৈতিক শক্তির নেতাকর্মীরা রাজনীতিতে সক্রিয়, তাদের উচিত স্পষ্টভাবে সহিংসতা ও নাশকতার বিরোধিতা করা। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলার জন্য অগ্নিসংযোগ, বিস্ফোরণ কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির পথ গ্রহণ করলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ এবং দেশের অর্থনীতি। সরকার ও বিরোধী দল উভয়েরই উচিত এ বিষয়ে অভিন্ন অবস্থান গ্রহণ করা। একটি বিষয় বিশেষভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতির সুযোগ নেয় নানা স্বার্থান্বেষীগোষ্ঠী। তারা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই কোনো ঘটনার দায় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপিয়ে দেওয়ার আগে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা জরুরি। একইভাবে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা উড়িয়ে দিয়ে নিরাপত্তার প্রশ্নকে অবহেলা করাও দায়িত্বশীলতার পরিচয় নয়। সরকারকে জনগণকে আশ্বস্ত করতে হবে যে, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে রাষ্ট্র প্রস্তুত এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।
