বৃহস্পতিবার রাতে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে নজিরবিহীন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হইয়াছে, যাহা ইতোমধ্যে সচেতন মহলে নানা প্রশ্নের জন্ম দিয়াছে। শুক্রবার প্রকাশিত সমকালের সংবাদ অনুযায়ী, হামলাকারীরা কারওয়ান বাজারে অবস্থিত উক্ত দুই প্রতিষ্ঠানের সর্বস্ব লুট করিয়াই ক্ষান্ত হয় নাই; ভবন দুইটিতে অগ্নিসংযোগও করে। সংবাদ পাইয়া ফায়ার সার্ভিস যাত্রা করিলেও পথে বাধার সম্মুখীন হয়। ইহার ফলে বিশেষত ডেইলি স্টারে অনেক সংবাদকর্মীর মৃত্যুঝুঁকি দেখা দেয়। এই ঘটনায় সংবাদপত্র দুইটির প্রকাশনা অনাকাঙ্ক্ষিতভাবে বন্ধ হইয়াছে। ফলে শুক্রবার বাজারে ছিল না এই দুই পত্রিকা। শুধু রাজধানীতে নহে; বৃহস্পতিবার রাত্রে রাজশাহীসহ অনেক স্থানে প্রথম আলোর কার্যালয়ও দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হইয়াছে। স্বাধীনতার পর এই প্রথম দুইটি সংবাদপত্রে একযোগে হামলা হইল। লুটপাটের পর সংশ্লিষ্ট ভবনগুলিতে অগ্নিসংযোগ করা হইল। এদিকে, উক্ত হামলার প্রতিবাদ জানাইতে ডেইলি স্টার ভবনের সম্মুখে উপস্থিত হইলে দুর্বৃত্তরা সম্পাদক পরিষদের সভাপতি এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরকেও ন্যক্কারজনকভাবে লাঞ্ছিত করে। উপরন্তু গভীর রাত অবধি হামলাকারীরা ধানমন্ডির ৩২ নম্বর ও ছায়ানট ভবনেও ভাঙচুর চালায়। আমরা জানি, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার চেষ্টা ইতোপূর্বেও হইয়াছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সেই যাত্রায় প্রতিষ্ঠান দুইটি রক্ষা পায়। তবে সেই সময় সংবাদমাধ্যমের নিরাপত্তায় সরকার টেকসই ব্যবস্থা গ্রহণ করিলে বৃহস্পতিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনাবলি প্রতিহত করা যাইত বলিয়া আমরা মনে করি।

উল্লেখ্য, এইবারের হামলার সময় উপস্থিত পুলিশ, তৎসহিত বিজিবি ও সেনাসদস্যগণ এক প্রকার নীরব ভূমিকা পালন করিয়াছেন বলিয়া অভিযোগ রহিয়াছে, যদিও ইহা সত্য যে, নিউ এজ সম্পাদককে হামলাকারীদের কবল হইতে সেনাসদস্যগণই মুক্ত করিয়াছেন। বলা বাহুল্য নহে, সংবাদমাধ্যমের উপর এহেন বিস্ময়কর হামলার পর অদ্যাবধি স্বরাষ্ট্র উপদেষ্টা বা তথ্য উপদেষ্টা বিপর্যস্ত প্রতিষ্ঠান দুইটি পরিদর্শনে যান নাই। বস্তুত শপথ গ্রহণের পর হইতেই অন্তর্বর্তী সরকার ক্রমবর্ধমান মব সন্ত্রাস নিয়ন্ত্রণে যেভাবে ব্যর্থ হইয়াছে, তৎপ্রেক্ষিতে আলোচ্য ঘটনাবলি দেখিয়া বিস্ময় প্রকাশের কোনো অবকাশ থাকে না। স্বরাষ্ট্র উপদেষ্টাই শুধু নহেন, প্রধান উপদেষ্টা একাধিকবার বলিয়াছেন, তাহারা জননিরাপত্তা বিঘ্নকারী এহেন আইনবিরোধী তৎপরতা চলিতে দিবেন না। কিন্তু তাহাদের সেই সকল প্রতিশ্রুতি অদ্যাবধি বাস্তবে রূপায়িত হয় নাই। সকলেই জানেন, দেশে মব ট্রায়ালের নামে যাহা চলিতেছে তাহার অন্যতম লক্ষ্যবস্তু হইল সংবাদমাধ্যম। কাহারও কোনো সংবাদ পছন্দ না হইলে নিয়মতান্ত্রিকভাবে উহার প্রতিবাদ করার বিস্তর সুযোগ রহিয়াছে। দীর্ঘদিন যাবৎ এই ধরনের প্রতিবাদ প্রকাশের নিয়মও সংবাদমাধ্যমসমূহ প্রতিপালন করিয়া চলিয়াছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু বিশেষ মহলের মধ্যে তাহাদের অপছন্দের সংবাদমাধ্যমের বিরুদ্ধে সহিংসতা উস্কাইয়া দেওয়ার উদ্বেগজনক প্রবণতা লক্ষণীয়। সেই উস্কানির বিরুদ্ধে সরকার প্রতিরোধমূলক তো দূরস্থান, প্রতিকারমূলক কোনো পদক্ষেপও গ্রহণ করে নাই।

পরিহাস হইল, সংবাদমাধ্যম এমন সময়ে এহেন পরিকল্পিত সহিংসতার শিকার হইতেছে, যখন সরকার পূর্বসূরিদের বাক-ব্যক্তিস্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমবিরোধী অপসংস্কৃতির অবসানের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করিয়াছে। তদুপরি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাস্তবে প্রয়োগযোগ্য নাগরিক ও রাজনৈতিক অধিকারের নামই গণতন্ত্র, যেখানে অন্যতম প্রধান অনুষঙ্গ সংবাদমাধ্যমের স্বাধীনতা। আমাদের বিশ্বাস, এই বিষয়ে সরকারের দ্রুত উপলব্ধি হইবে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে আলোচ্য ঘটনাবলির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করিয়া অবিলম্বে আইনি বেষ্টনীতে আনয়নসহ কোনো প্রকার ‘যদি’ ও ‘কিন্তু’ ব্যতিরেকে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের পাশে দাঁড়াইবে।