শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি রোগের চিকিৎসা এতটা ব্যয়বহুল যে, আশি শতাংশ রোগীই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করিয়া থাকেন। বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবসে সমকালে প্রকাশিত প্রতিবেদনের এই পরিসংখ্যান কতটা ভয়াবহ, বলিবার অপেক্ষা রাখে না। ইহা একইসঙ্গে আমাদের স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতা এবং বৈষম্যের নির্মম বাস্তবতা তুলিয়া ধরিতেছে। আরও উদ্বেগজনক খবর হইল, দেশে সাড়ে তিন কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত এবং প্রতি বৎসর ত্রিশ হইতে চল্লিশ হাজার রোগীর কিডনি বিকল হইতেছে। কিডনি রোগীর নিয়মিত ডায়ালাইসিস, প্রয়োজনীয় ঔষধ এবং কিডনি প্রতিস্থাপন প্রভৃতি সকল কিছুতেই বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়, যাহা সাধারণ মানুষ তো বটেই মধ্যবিত্ত পরিবারের জন্যও জোগাড় করা অসম্ভব হইয়া পড়ে।
সরকারি হাসপাতালে কিডনি চিকিৎসা কিছুটা সাশ্রয়ী হইলেও সেইখানে পর্যাপ্ত সেবা পাওয়া যায় না। বৃহস্পতিবার সমকালে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে চট্টগ্রামের বাস্তবতা তুলে ধরা হইয়াছে, যেইখানে বলা হইয়াছে ৩০ শয্যার কিডনি ওয়ার্ডে শত রোগীকে ভর্তি করাইতে হয়। সেইখানে চট্টগ্রামের লাখো রোগীর জন্য ডায়ালাইসিস মেশিন রহিয়াছে মাত্র পনেরোটি। প্রতি দিবসে পাঁচশত রোগীর চাহিদা থাকিলেও এই মেশিনে অর্ধশত রোগীর সেবা দেওয়া সম্ভব হয়। যেই কারণে সিরিয়াল পাইতে মাসের পর মাস লাগিয়া যাইবার ফলে রোগী অবস্থার অবনতি হয়। অন্যত্র ডায়ালাইসিস করাইতে যাইলে ব্যয় সামাল দিতে তিরানব্বই শতাংশ রোগীই আর্থিক সমস্যায় পড়িয়া যান। বেসরকারি হাসপাতালে কিডনি চিকিৎসা করাইতে যাইয়া মাসে রোগীর গড়ে প্রায় আশি হাজার টাকা খরচ হয়।
এই পরিস্থিতিতে সরকারের উচিত কিডনি রোগের চিকিৎসা ব্যবস্থাকে আরও বিস্তৃত ও সহজলভ্য করা। জেলা ও বিভাগীয় পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার বৃদ্ধি করা, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় মেশিন ও প্রশিক্ষিত জনবল নিশ্চিত করা এবং দরিদ্র রোগীদের জন্য ভর্তুকি বা বিশেষ সহায়তা চালু করা জরুরি। পাশাপাশি কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সহজ করা এবং অঙ্গদানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিও গুরুত্বপূর্ণ। সমকালের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক আইনে রক্তের সম্পর্ক না থাকিলেও রোগীর প্রতি সহানুভূতিশীল যে কেহই ‘ইমোশনাল ডোনার’ হিসাবে অঙ্গ প্রদান করিতে পারিবে। গত বৎসরের নভেম্বরের মানব অঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ-২০২৫ গেজেট আকারে প্রকাশ হইলেও এখনও এই ব্যবস্থার মাধ্যমে কোনো রোগীর কিডনি প্রতিস্থাপন করা হয় নাই। এই ব্যাপারে যথাযথ প্রচার চালানো এবং জনসচেতনতা তৈয়ার করা দরকার। অঙ্গ প্রতিস্থাপনের নিকটাত্মীয়ের পরিধি বাড়াইয়া ‘ইমোশনাল ডোনার’ হইতে অঙ্গ গ্রহণের সুযোগ লইয়া কেহ যাহাতে ব্যবসা করিতে না পারে, উহা বিবেচনায় রাখিতে হইবে।
একইসঙ্গে জরুরি হইল, প্রতিরোধমূলক ব্যবস্থার উপর জোর দেওয়া। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে কিডনি রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এই বিষয়ে গণসচেতনতা তৈরি করিতে সরকার, সংবাদমাধ্যম ও চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। স্বাস্থ্যকর জীবনপ্রণালি মানিয়া চলিতে নাগরিকদের উদ্বুদ্ধ করিতে হইবে। পাশাপাশি, কিডনি রোগ গভীর হইবার পূর্বেই উহার চিকিৎসা আরম্ভ করিতে হইবে। সেইজন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও গুরুত্বপূর্ণ। মনে রাখিতে হইবে, কিডনি রোগ একবার হইয়া গেলে, উহা হইতে ফেরত আসা সম্ভব নহে।
তবে কিডনি রোগে আক্রান্ত মানুষকে যেন কেবল অর্থের অভাবে মৃত্যুর দিকে ঠেলিয়া দেওয়া না হয়, উহা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সময়োপযোগী পরিকল্পনা, পর্যাপ্ত বিনিয়োগ এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে কিডনি রোগীদের জন্য মানবিক ও সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা জরুরি। স্বাস্থ্য খাতে দেশের বাজেট অত্যন্ত কম, উহা বাড়াইয়া নাগরিকের স্বাস্থ্য নিশ্চিতে সরকারের আন্তরিকতার বিকল্প নাই।
