অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি আদেশ ও অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ করিতে গিয়া বর্তমান সরকার যেই সকল সিদ্ধান্ত গ্রহণ করিতেছে, সেইগুলি কোনো কোনোটি জনপরিসরে প্রশ্নের জন্ম দিয়া চলিয়াছে। আদেশ ও অধ্যাদেশগুলি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উত্থাপনের পর যাচাই-বাছাইয়ের জন্য গঠিত বিশেষ কমিটি বৃহস্পতিবার উহার সুপারিশ সংসদে উপস্থাপন করিয়াছে। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই সুপারিশমালায় ৯৮টি অধ্যাদেশ সরাসরি আইনে পরিণত করিতে এবং ১৫টি অধ্যাদেশ সংশোধনপূর্বক বিল আকারে উপস্থাপনের কথা বলা হইয়াছে। ২০টি অধ্যাদেশ আপাতত আইনে রূপান্তর হইতেছে না।

সংসদে উপস্থাপিত সুপারিশমালা পর্যালোচনা করিয়া দেখা গিয়াছে, অন্তর্বর্তী সরকার স্বীয় ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যেই সকল অধ্যাদেশ জারি করিয়াছিল, মূলত সেইগুলিই আইনে পরিণত হইতে যাইতেছে; আর সরকারের জবাবদিহি বৃদ্ধি-সংক্রান্ত অধ্যাদেশসমূহের ভাগ্য অনিশ্চিত হইয়া পড়িয়াছে। উদাহরণস্বরূপ, বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ ও প্রশাসক নিয়োগ, কারণ দর্শানো ছাড়াই ওয়াসার কর্মচারীদের অপসারণের ক্ষমতা সরকারের হস্তে রাখা এবং আন্দোলন করিলে সরকারি কর্মচারীদের ২৮ কার্যদিবসের মধ্যে বরখাস্তকরণের পৃথক বিধান জারি করিয়াছিল অন্তর্বর্তী সরকার। সচেতন মহলের সমালোচনা ছিল– এইগুলি জনপ্রশাসন এবং স্থানীয় সরকার ব্যবস্থায় সরকারের স্বেচ্ছাচার, তৎসহিত বিশৃঙ্খলা বৃদ্ধি করিবে। এমনকি বিশেষ কমিটির আহ্বানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রদত্ত পরামর্শেও এমন আশঙ্কা প্রকাশ করা হইয়াছে। কিন্তু বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের ন্যায় এই সকল উদ্বেগ আমলে লয় নাই।

অন্যদিকে, বিচার বিভাগ, গুম প্রতিরোধ ও প্রতিকার, মানবাধিকার কমিশনের ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে জারি করা অধ্যাদেশসমূহ উপেক্ষিত থাকিতেছে। তথ্য অধিকার অধ্যাদেশও পাস হইতেছে না। বিচার বিভাগ-সংক্রান্ত অধ্যাদেশসমূহের মাধ্যমে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের প্রধান নির্বাহীর পরিবর্তে প্রধান বিচারপতির নেতৃত্বে অপর তিন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সাবেক একজন বিচারপতি এবং একজন অধ্যাপককে লইয়া গঠিত কাউন্সিলের নিকট হস্তান্তর করা হয়। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে নিম্ন আদালতকেও নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করা হয়। কিন্তু সংশ্লিষ্ট অধ্যাদেশগুলি আইনে পরিণত না হইলে বিচার বিভাগ পুরাতন ধারাতেই চলিবে। উহার বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতাও থাকিবে সুদূরপরাহত।

সরকার গুম-সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত না করিবার নেপথ্যে যেই যুক্তি দেখাইয়াছে, উহাও গ্রহণযোগ্য নহে। অবস্থাদৃষ্টে এই আশঙ্কা অমূলক হইতে পারে না– আইনশৃঙ্খলা বাহিনীর দায়মুক্তির দাওয়াই হিসাবেই এইরূপ সিদ্ধান্ত। সংশ্লিষ্ট অধ্যাদেশ আইনে পরিণত না হইলে জাতীয় মানবাধিকার কমিশনও স্বতঃপ্রণোদিত হইয়া গুম, আইনশৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও সংস্থার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তসহ অন্যান্য ক্ষমতার চর্চা করিতে পারিবে না। মানবাধিকার কমিশন পূর্ববৎ নখদন্তহীন থাকিয়া যাইবে। দুর্নীতি দমন কমিশন-দুদকে নিয়োগ, তদন্ত ও অনুসন্ধান ক্ষমতা বৃদ্ধি, সরাসরি এজাহার দায়েরের ক্ষমতা দেওয়া হইয়াছিল অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে। বিএনপির সিদ্ধান্তের কারণে শাসক দলের প্রতিপক্ষ দমনের হাতিয়াররূপে পরিচিত প্রতিষ্ঠানটি অভিন্ন অবস্থায় থাকিয়া যাইবে। অন্তর্বর্তী সরকার পুলিশের বিরুদ্ধে তদন্ত, আইজিপি নিয়োগে সুপারিশ করার ক্ষমতাসহ পুলিশ কমিশন গঠনে অধ্যাদেশ জারি করিয়াছিল। সচেতন মহলের বিবেচনায় ইহার অনেক সীমাবদ্ধতা ছিল। তথাপি অধ্যাদেশটি আইনে পরিণত হইলে পুলিশে যতটুকু পরিবর্তন হইতে পারিত তাহা এখন সম্ভব হইবে না।

আমরা মনে করি না, আলোচ্য অধ্যাদেশসমূহ বাছবিচারহীনভাবে বিএনপির সংসদে অনুমোদন করা উচিত। তবে যেই সকল অধ্যাদেশ সরকার ও রাষ্ট্রের বিভিন্ন সংস্থার জবাবদিহির জন্য গুরুত্বপূর্ণ, সেইগুলি আইনে পরিণত না করিবার কোনো যুক্তি থাকিতে পারে না। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি হয়তো তাহার অবস্থানে অনড় থাকিতে পারে, তবে তাহা কাহারও জন্যই শুভ হইতে পারে না। রাষ্ট্র ও রাজনীতির বহুল কাঙ্ক্ষিত স্থিতিশীলতাও আসিবে না।