সুখ এমন একটি শব্দ, যার পেছনে পৃথিবীর সব মানুষ নিরন্তর ছুটে চলে। তবে এ শব্দটির অর্থ সবার কাছে এক নয়। জীবনের অবস্থান, আর্থিক অবস্থা, পারিবারিক পরিবেশ ও ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে সুখের সংজ্ঞাও বদলে যায়। ধনীদের কাছে যেখানে সুখ মানে আরাম-আয়েশ, বিলাসিতা ও আধুনিক সুযোগ-সুবিধা, সেখানে নিম্নবিত্ত মানুষের কাছে সুখের অর্থ অনেক সহজ, অনেক বাস্তব এবং অনেক বেশি অনুভবের। তারা সুখ খোঁজে বড় স্বপ্নে নয়, বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট প্রাপ্তির মাঝে।
নিম্নবিত্ত মানুষ প্রতিদিন সংগ্রামের মধ্য দিয়ে জীবন যাপন করে। তাদের জীবনের প্রতিটি দিন যেন নতুন একটি যুদ্ধ। সকাল শুরু হয় জীবিকার চিন্তায়, আর রাত শেষ হয় পরদিনের ভাবনায়। তবুও এই কঠিন বাস্তবতার মাঝে তারা সুখ খুঁজে নিতে জানে। একবেলা পেট ভরে খেতে পারা, কাজ শেষে ক্লান্ত দেহে শান্তির ঘুম, সন্তানদের হাসিমুখ– এই সাধারণ বিষয়গুলোই তাদের কাছে অমূল্য সুখ।
নিম্নবিত্ত মানুষের জীবনে সুখের সবচেয়ে বড় উৎস হলো পরিবার। পরিবারের সদস্যরা একে অপরের শক্তি, সাহস ও অনুপ্রেরণা। একজন বাবা সারাদিন কঠোর পরিশ্রম করেন শুধু এই আশায়– সন্তানরা দুই বেলা খেতে পারবে। একজন মা নিজের কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে চায়। তা ছাড়া নিম্নবিত্ত মানুষের চাওয়ার পরিধি খুব বড় নয়। তারা আকাশচুম্বী স্বপ্ন দেখে না; বিলাসী জীবনের কল্পনায় বিভোর হয় না। তাদের চাওয়া খুব সাধারণ– একটু নিশ্চয়তা, একটু শান্তি আর পরিবারের মুখে হাসি। নিম্নবিত্ত মানুষের জীবনে সুখের আরেক দিক হলো সহনশীলতা। তারা কষ্ট সহ্য করতে জানে, অভাবের সঙ্গে মানিয়ে নিতে পারে। অনেক সময় প্রতিকূলতার মাঝেও তাদের মুখে হাসি লেগে থাকে। এ হাসি তাদের চরিত্রের শক্তি প্রকাশ করে। তারা জানে, জীবনের পথ সহজ নয়। তবু জীবনের প্রতি তাদের ভালোবাসা কমে না।
এই ব্যস্ত শহরে এমন সুখের চিত্র অহরহ। যেমন– একজন রিকশাচালক সারাদিন রোদ-বৃষ্টিতে মানুষের বোঝা টানে। শরীর ভেঙে গেলেও রাতে ঘরে ফিরলে সন্তান তার কাছে ছুটে আসে। সন্তানের সেই নিষ্পাপ হাসিই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় সুখ। একজন গার্মেন্ট শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানায় কাজ করে ক্লান্ত হয়ে পড়ে। তবু মাস শেষে সে বেতন পায় এবং সেই টাকা দিয়ে পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে আনে। পরিবারের মুখে হাসি ফুটলেই সে নিজেকে ধন্য মনে করে। নিম্নবিত্ত মানুষের জীবনে সুখ ক্ষণস্থায়ী হলেও গভীর। হয়তো আজ ভালো খেতে পেল, কাল পেল না; আজ কাজ আছে, কাল নেই। তবু যখন সুযোগ আসে, তারা সেই সুখ পুরো হৃদয় দিয়ে উপভোগ করে। তারা ভবিষ্যতের অনিশ্চয়তা জানে, তবুও বর্তমানকে উপভোগ করতে শেখে। আমরা অনেক সময় সুখকে বড় বড় জিনিসের সঙ্গে মিলিয়ে দেখি– বড় বাড়ি, দামি গাড়ি, প্রচুর টাকা। কিন্তু নিম্নবিত্ত মানুষের জীবন আমাদের শেখায়– সুখ আসলে মানুষের মনের অবস্থার ওপর নির্ভর করে। যার মন তৃপ্ত, সেই মানুষই সুখী। নিম্নবিত্ত মানুষ হয়তো ধনী নয়, কিন্তু অনেক সময় তারা শান্তিতে ধনীদের চেয়েও ধনী।
এ কথা অস্বীকার করার উপায় নেই– নিম্নবিত্ত মানুষের জীবনে কষ্ট বেশি। কিন্তু সেই কষ্টের মাঝেই তারা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায়। তারা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে জানে। সাহায্যের হাত বাড়ায়, সহানুভূতি বোঝে, অন্যের দুঃখে কাঁদতে পারে। এই মানবিক গুণাবলিই তাদের সুখকে অর্থবহ করে তোলে। পরিশেষে বলা যায়, নিম্নবিত্ত মানুষের জীবনে সুখের সংজ্ঞা বইয়ের পাতায় লেখা কোনো তত্ত্ব নয়, বরং জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে গড়ে ওঠা এক অনুভূতি। তাসনিম জাহান খুশবু: শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
