রমজান মাস ঘনাইয়া আসিবার কালে এই বৎসরও জনসাধারণের উদ্বেগ বাড়াইয়া নিত্যপণ্যের বাজার আরেক দফা চড়িয়াছে। তিন বৎসরাধিক দেশে উচ্চ মূল্যস্ফীতি চলিতেছে। উহারই অংশরূপে চাউল-ডাউল-ভোজ্যতৈল ইত্যাদির দর দফায় দফায় বৃদ্ধি পাইয়াছে। সোমবার প্রকাশিত সমকালের প্রতিবেদনমতে, রমজানের পূর্বমুহূর্তে ছোলা, মুরগি, লেবু ও ইফতারসামগ্রীর দামে ঊর্ধ্বগতি দেখা দিয়াছে। বিভিন্ন প্রকার সবজি ও পিঁয়াজের দরেও উল্লম্ফন ঘটিয়াছে। বিশেষত নিম্ন ও মধ্যবিত্তদের জন্য এই অবস্থা বাড়তি এক চাপ। উপরন্তু এই চাপ এমন সময়ে সৃষ্টি হইয়াছে যখন তীব্র গ্যাস সংকটে বিশেষ করিয়া আবাসিক এলাকায় চুলা জ্বালাইতে চরম ভোগান্তির মুখে পড়িয়াছেন তিতাস গ্যাস অধিভুক্ত গ্রাহকগণ। যদিও তিতাস গ্যাস কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ কর্মের কারণে ইহাকে ‘সাময়িক’ সমস্যারূপে ব্যাখ্যা দিয়াছে, প্রকৃতপক্ষে কয়েক মাস যাবৎ প্রায়শ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাসমূহে গ্যাস সংকট দেখা দিতেছে। রাজধানীর বহু এলাকায় কোথাও কোথাও গভীর রাত্রিতে গ্যাস মিলিতেছে। বিকল্প হিসাবে এলপিজির সন্ধান করিলে তাহাও কিছুদিন পূর্বে বাজার হইতে উধাও হইয়া গিয়াছিল। এখনও তাহা ক্রয় করিতে হয় চড়া মূল্যে। অন্যদিকে গত তিন বৎসরে সিংহভাগ মানুষের প্রকৃত আয় এক কপর্দকও বৃদ্ধি পাই নাই; ক্ষেত্রবিশেষে বরং হ্রাস পাইয়াছে। বিশেষত গত ১৮ মাসে একদিকে শত শত কারখানা বন্ধ হওয়ায় কয়েক লক্ষ শ্রমিক-কর্মচারী বেকার হইয়াছেন, অন্যদিকে নূতন বিনিয়োগের অভাবে কর্মসংস্থানের সুযোগও সংকুচিত হইয়াছে। এই সকল কিছুর প্রভাবে যাহাদের দিবসের উপার্জন দিয়া দিবসেই আহার্য সংগ্রহ করিতে হয়, সেই সকল দরিদ্র মানুষের আয়ও হ্রাস পাইয়াছে।
এদিকে গত বৎসরের ন্যায় প্রতিবেদনমতে, এইবারও সরবরাহে কোনো ঘাটতি দেখা না গেলেও রমজানে নিত্যপণ্যের বাজারে আলোচ্য ঊর্ধ্বগতি দৃশ্যমান। বস্তুত বহু বৎসরব্যাপী রমজানের আগমনেই এইভাবে বাজার চড়িতে দেখা যায়। ইহার প্রধান কারণও চিহ্নিত। মূলত এই সময়ে বিভিন্ন নিত্যপণ্যের বাড়তি চাহিদা সৃষ্টি হয় বলিয়া সুযোগসন্ধানী ব্যবসায়ীগণ উহার সুযোগ লইতে তৎপর হন। ফলে সংযম ও আত্মনিয়ন্ত্রণের বার্তা লইয়া রমজান আসিলেও নিত্যপণ্যের বাজারে উহার ছাপ থাকে না। বিশ্বব্যাপী অবাধ তথ্যপ্রবাহের এই যুগে এই সত্য আড়াল করা যাইবে না– ইবাদত-বন্দেগির মাস বলিয়া অন্য প্রায় সকল মুসলিমপ্রধান দেশে বিভিন্ন পণ্যে ছাড় দিবার প্রবণতা দেখা যায়। পক্ষান্তরে এই দেশে ব্যবসায়ীগণের একাংশ সম্পূর্ণ বৎসরের মুনাফা এক মাসেই পকেটস্থ করিতে রমজান মাসকেই বাছিয়া লয়। দুর্ভাগ্যবশত, সরকারি সংস্থাসমূহের বাজার তদারকিতে অনীহা উক্ত অসাধু ব্যবসায়ীদের ইন্ধন জোগায়। অতীতে এইরূপ দেখা গিয়াছে, রমজানে বিভিন্ন পণ্য আমদানিতে সরকার নীতি-সহায়তা, এমনকি কখনও কখনও শূন্য মার্জিনে এলসি খোলা এবং শুল্ক ছাড় দেওয়ার পরও ভোক্তাগণ এই সকল সুবিধা হইতে বঞ্চিত থাকেন।
ইহা সত্য, অন্যবারের ন্যায় এইবারও রমজানে মাসব্যাপী সুলভ মূল্যে দুগ্ধ, ডিম্ব, গরুর মাংস ও মুরগি বিক্রয় করিবে সরকার। টিসিবিও নিয়মিত পণ্য ভোজ্যতেল, চিনি ও ডাউলের সহিত রমজান উপলক্ষে খেজুর ও ছোলা বিক্রয় করিবে। কিন্তু এই সকল কার্যক্রম ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় মাত্র ২৫টি স্থানে পরিচালিত হইবে। ফলে বাজারে উহার প্রভাব লইয়া প্রশ্ন সংগত। আমরা মনে করি, পরিস্থিতি সামাল দিতে এই সকল কার্যক্রমের আরও বিস্তৃতি প্রয়োজন। তৎসহিত দ্রুতই জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি সক্রিয় করিতে হইবে।
