অনলাইনের ক্ষতিকর ভূমিকা নিয়ে বিতর্ক সাধারণত আপত্তিকর ও বিদ্বেষপূর্ণ বিষয়বস্তুর ওপরেই বেশি কেন্দ্রীভূত থাকে। কিন্তু যে মাধ্যমে বিষয়বস্তু তুলে ধরা হয়, তাও কম গুরুত্বপূর্ণ নয়। এ সপ্তাহে বহুল ব্যবহৃত মেটা তথা ফেসবুক ও ইউটিউবের ক্ষেত্রে দুজন বিচারক অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন, যেখানে বিষয়টি ছিল বিতর্কের কেন্দ্রবিন্দু। বিশ্বের মনোযোগের একটি বড় অংশের দখল নিয়েছে বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলো। এ পরিস্থিতি শিথিল করে আনতে হলে এই মামলাগুলোর চেয়েও বেশি কিছু দরকার।
কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা হলো, ক্যালিফোর্নিয়ায় এ দুটি কোম্পানিকে স্বেচ্ছায় আসক্তি সৃষ্টিকারী পণ্য তৈরি করার কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে, যা এক শিশুর ক্ষতি করেছে। কোর্টের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট অ্যাক্টিভিস্টদের জন্য একটি বিশাল বিজয়, যারা মার্কিন আদালতকে ব্যবহার করে মেটা কিংবা ইউটিউবের মতো অন্য মাধ্যমগুলোকে তাদের পণ্যে পরিবর্তন আনতে বাধ্য করার লক্ষ্যে কাজ করেছেন। নিউ মেক্সিকোতে মেটার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছিল, যেখানে শিশু যৌন পাচারের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের দায়ে সংস্থাটিকে দোষী সাব্যস্ত করা হয়। বিচারক সংস্থাটিকে দেওয়ানি দায় হিসেবে ৩৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করার আদেশ দেন। অন্যদিকে রাজ্যের অ্যাটর্নি জেনারেল প্ল্যাটফর্মে পরিবর্তন এবং আর্থিক জরিমানা আরোপের দাবি জানিয়েছেন।
হয়তো উভয় রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। কিন্তু এই ব্যবসাগুলো দ্বারা সৃষ্ট ক্ষতি-সংক্রান্ত প্রমাণ বিচারকদের মনোভাবে পরিবর্তন ঘটিয়েছে। এসব প্রমাণের বেশির ভাগই অভ্যন্তরীণ নথি থেকে প্রাপ্ত। তরুণদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট সরকারি নির্বাহীদের বিস্ময়কর উদাসীন মনোভাব নথিপত্রের মধ্য দিয়ে জনসমক্ষে উদোম হয়ে পড়ছে। ভবিষ্যতে তাদের এই দায় নিয়ে উদাসীনতা তুলে ধরতে এসব নথি কাজে দেবে। মেটার একজন কর্মীর একটি ইমেইলে বলা হয়েছে, ‘১১ বছর বয়সীদের লক্ষ্যবস্তু করাটা কয়েক দশক আগের তামাক কোম্পানিগুলোর ক্ষতিকর কৌশলী পদক্ষেপগুলোই সামনে আনছে বলে মনে হচ্ছে।’
বর্তমান এই ঝোঁককে ১৯৯০-এর দশকে বড় তামাক কোম্পানিগুলোর সঙ্গে পুরোপুরি তুলনা করার সময় এখনও আসেনি। আমাদের জীবনের ওপর প্রযুক্তি সংস্থাগুলোর বিপুল প্রভাবের বিরুদ্ধে সরকার এবং নাগরিক সমাজের পক্ষ থেকে যদি কোনো অর্থপূর্ণ প্রতিরোধ গড়ে ওঠে, তবে তা এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে।
যা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে তা হলো, শিশুদের প্রতি একটি সতর্কতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত ছিল। কচি মন এবং তাদের ওপর মনোযোগকেন্দ্রিক অর্থনীতির আক্রমণ ছিল ক্ষমার অযোগ্য ও নির্মম। সৌভাগ্যবশত, সরকার ও আদালতও এখন যেমনটা তৎপর, তাতে মনে হচ্ছে আমাদের খুব দেরি হয়ে যায়নি। সামাজিক মাধ্যম সংস্থাগুলোকে জনস্বাস্থ্যের ওপর, বিশেষ করে মানসিক সুস্থতা ও সম্পর্কের ওপর তাদের প্রভাবের জন্য দায় নিতে বাধ্য করা যেতে পারে। অস্ট্রেলিয়ায় তাদের শিশুদের একা ছেড়ে দিতে বলা হয়েছে। যুক্তরাজ্যে, সরকার দেরিতে হলেও স্ক্রিন টাইম নিয়ে নির্দেশনা জারি করেছে এবং শিশুদের ব্যবহার সীমিত করার বিষয়টি বিবেচনা করছে।
সীমাহীন স্ক্রল এবং গেমিং-ধাঁচের পুরস্কারের মতো ডিজাইনগুলো বিরক্তিকর ও ক্ষতিকর বিষয়বস্তুর তুলনায় কম মনোযোগ আকর্ষণ করেছে। কিন্তু এগুলোর জন্যই আমাদের অনেকে ডিভাইস নামিয়ে রাখতে পারি না। তা ছাড়া এ কারণেই সংবেদনশীল তরুণ-তরুণীরা বিষাক্ত চক্রে আটকা পড়ছে। সামাজিক মাধ্যম মানুষের মনোযোগ আকর্ষণের প্রতিযোগিতায় প্রথম ব্যবসা প্রতিষ্ঠান নয়। কোটি কোটি মানুষের কাছে এর বিভিন্ন সুযোগ-সুবিধা মূল্যবান অপরিহার্য বস্তুতে পরিণত হয়েছে। কিন্তু কোরি ডক্টরও তাঁর সাম্প্রতিক একটি বইয়ে যেমনটা যুক্তি দিয়েছেন, সবচেয়ে বড় প্ল্যাটফর্মগুলোর নিয়ন্ত্রণের মাত্রা নজিরবিহীন। এগুলোর ওপর আমাদের নির্ভরতা কমাতে এবং প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের জন্য কী ধরনের সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন তা নির্ধারণ করতে সামাজিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। গত সপ্তাহের ঘটনাগুলো সেই প্রয়োজনীয়তা আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে।
সম্পাদকীয়, দ্য গার্ডিয়ান; ভাষান্তর ইফতেখারুল ইসলাম
