ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করিয়াছেন। পাশাপাশি তাঁহার নেতৃত্বে নূতন মন্ত্রিসভাও গঠিত হইয়াছে। আমরা নবীন প্রধানমন্ত্রী এবং তাঁহার মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানাই। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নূতন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাইয়াছেন। বাংলাদেশে গণতন্ত্রের কথা উঠিলেই যেই কাহারও মানসপটে জাতীয় সংসদের ছবি ভাসিয়া উঠে। সেই হিসাবে বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের সনাতন রীতি ছাড়িয়া সংসদ ভবনের উন্মুক্ত পরিসরে– এক অর্থে জনতার দরবারে মন্ত্রিসভার শপথ গ্রহণের মূল্য নিশ্চয় অপরিসীম। প্রসংগত, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়া ১৯৭২ সালে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র যাত্রা করিলেও বারংবার উহাতে ছেদ ঘটিয়াছে। সর্বশেষ বিগত সরকারও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ধরিয়া রাখিয়া সেই গণতন্ত্রচর্চায় ব্যাঘাত ঘটাইয়াছিল। ফলস্বরূপ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয়। উহার দেড় বৎসর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন জয় করিয়াছে। গণতন্ত্রের অভিযাত্রার এই নূতন পর্বকে তাৎর্যপূর্ণ ও স্মরণীয় করিয়া রাখিবার লক্ষ্যেই সম্ভবত বিএনপি সরকারের শপথের স্থান হিসাবে সংসদ ভবন চত্বরকে বাছিয়া লইয়াছে।

দল ও জোটের প্রবীণ ও নবীন সদস্যদের সমন্বয়ে তারেক রহমান নূতন মন্ত্রিসভা গঠন করিয়াছেন, তাহা স্পষ্ট। প্রবীণের অভিজ্ঞতা ও ধৈর্য এবং নবীনের নূতন চিন্তা ও গতি মিলাইয়া এই মন্ত্রিসভা অগ্রসর হইবে– এমন প্রত্যাশা করাই যায়। বস্তুত দেশকে গড়িয়া তুলিতে বিএনপির সম্মুখে বৃহৎ সুযোগ আসিয়াছে বলিয়া আমরা মনে করি। শুধু রাজনৈতিক ক্ষেত্রই নহে; অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক তথা সকল ক্ষেত্রেই এই সুযোগ আসিয়াছে, বলা যায়। অনস্বীকার্য, নব্বইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়া এই দেশে গণতন্ত্রের অভিযাত্রা দ্বিতীয় দফায় শুরু হইলেও অচিরেই উহা হোঁচট খাইয়াছিল। মূলত সেই সময়ই দেশে আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দোষারোপ ও পাল্টাপাল্টির রাজনীতির সূচনা হয়। দুর্ভাগ্যবশত, উক্ত রাজনীতির কারণে ২০০৭ সালে দেশে ছদ্মবেশী সামরিক শাসন কায়েম হইলেও কোনো পক্ষই প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করে নাই। এই কারণে ২০০৯ সালে সূচিত গণতান্ত্রিক ব্যবস্থাও টেকসই হয় নাই। পরবর্তীকালে ছলে-বলে-কৌশলে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের পুরাতন অপসংস্কৃতির চরম মাত্রার সর্বাধিক ভুক্তভোগী বিএনপি। ফলে দলটি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাইয়াছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠিয়াছে– উক্ত তিক্ত অভিজ্ঞতা হইতে কি শিক্ষা গ্রহণ করিবে?

আমরা জানি, দেশের অর্থনীতি যে বর্তমানে ভঙ্গুর; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়াছে; সর্বোপরি ন্যায়-নীতি-মূল্যবোধ, তৎসহিত সামাজিক বুনন প্রায় ছিন্নভিন্ন হইতে বসিয়াছে, তাহা উক্ত প্রতিহিংসার রাজনীতিরই ফসল। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার এই ক্ষেত্রে উন্নতি ঘটাইবে– জনপরিসরে এমন বিপুল প্রত্যাশা থাকিলেও তাহা প্রায় সর্বাংশে মার খাইয়াছে। বস্তুত এই কারণেই দেশের জনগণ একটা অবাধ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্ধারণের দাবিতে সোচ্চার হইয়াছিল। প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক সমস্যারই অরাজনৈতিক সমাধান হয় না। চেষ্টা করিলেও তাহা টেকসই হয় না। তাই সাম্প্রতিক নির্বাচনে আওয়ামী লীগ না থাকিলেও নির্বাচনের ফলকে প্রায় সকলেই স্বাগত জানাইয়াছে। এই প্রেক্ষাপটে ইতোমধ্যে তারেক রহমান তাঁহার একাধিক বক্তব্যে সকল বিভেদ ঘুচাইয়া ‘জাতীয় ঐক্য প্রতিষ্ঠা’, বিশেষত রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার যে বিশেষ বার্তা দিয়াছেন, তাহা আলোর মুখ দেখিবে বলিয়া আমরা বিশ্বাস করি। বিএনপির সংসদ সদস্যগণ সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি লইবেন না– শপথ গ্রহণের পর প্রথম বৈঠকের এই সিদ্ধান্তও উৎসাহব্যঞ্জক। নবগঠিত সরকারকে স্বাগত!