ঈদের দীর্ঘ ছুটির পর কর্মস্থলে প্রত্যাবর্তনের পথেও দুর্ভোগ পোহাইতেছেন যাত্রীরা– সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এইরূপ সংবাদ যথেষ্ট উদ্বেগজনক। অনেক যাত্রাপথে নির্ধারিত ভাড়ার দুই-তিন গুণ আদায় করা হইতেছে। এমনকি প্রতিবাদ করিলে যাত্রীদের লাঞ্ছনা করিবার অভিযোগ উঠিয়াছে। উপরন্তু কোথাও দীর্ঘ যানজটের ভোগান্তি এবং ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলিতে ব্যাপক ভিড়ে অনেক যাত্রী উঠিতেই পারিতেছেন না। অতীতে ঈদযাত্রায় ঢাকার বাহিরে গমনকালে অতিরিক্ত ভাড়ার সহিত নানা প্রকার দুর্ভোগ পোহাইতে হইলেও প্রত্যাবর্তনের পথে দুর্ভোগ থাকিত না। দুর্ভাগ্যবশত এইবার উভয় পথেই উভয় প্রকার দুর্ভোগের সম্মুখীন যাত্রী সকল।

পরিহাসের বিষয়, এইবার নিরাপদ ও আরামদায়ক ঈদযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার একদিকে ছুটির দিন বৃদ্ধি করিয়াছিল, যাহাতে ঘরমুখী সকলকে অতীতের ন্যায় হুড়াহুড়ি করিয়া যাইতে ও ফিরিতে না হয়। সড়কেও যানজট সৃষ্টি না হয়। যাহা হতাশাজনক, এই ব্যবস্থাও কাঙ্ক্ষিত মসৃণ ঈদযাত্রা বা প্রত্যাবর্তনের ব্যবস্থা নিশ্চিত করিতে পারিল না। বলা হইতে পারে, সাত দিনের ঈদের ছুটির পর সরকারি অফিস-আদালত খুলিয়াছে গত মঙ্গলবার। তবে স্বাধীনতা দিবস এবং সাপ্তাহিক ছুটির কারণে বিপুলসংখ্যক মানুষ শেষ সময়ে কর্মস্থলমুখী হইয়াছেন। তজ্জন্যই এহেন অব্যবস্থাপনা ও দুর্গতি। কিন্তু যাত্রীদের এই প্রবণতা নূতন নহে। অতএব, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলির পক্ষ হইতে অতিরিক্ত সতর্কতা প্রত্যাশিত ছিল। কিন্তু তাহা সর্বত্র পরিলক্ষিত হয় নাই। গত বুধবার রাজবাড়ীর দৌলতদিয়ায় যেই ভয়ংকর প্রাণবিনাশী বাস দুর্ঘটনাটি ঘটিল, উহার জন্য প্রধানত দায়ী ছিল টার্মিনাল ও ফেরিগুলিতে নিয়মনীতি কার্যকরে সংশ্লিষ্টদের উদাসীনতা। একই উদাসীনতা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের ক্ষেত্রেও পরিলক্ষিত হইতেছে। বস্তুত খোদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ মহল যখন তাহার পূর্বসূরিদের ন্যায় সমস্যা স্বীকার না করিয়া আড়াল করিতে ব্যস্ত, তখন এই সকল সমস্যা ঘুরিয়া-ফিরিয়া আসিবে– ইহাই স্বাভাবিক।

স্মরণ করা যাইতে পারে, এইবারের ঈদযাত্রার প্রারম্ভিক দিনগুলিতে বেসরকারি সংস্থা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ হইতে বলা হইয়াছিল, ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে গত ২০ বৎসরের রেকর্ড ভাঙিতে যাইতেছে। তখন সড়ক পরিবহনমন্ত্রী সতর্ক তো হইলেনই না, বরং উক্ত সংস্থার প্রধান সম্পর্কে নানা সমালোচনায় লিপ্ত হইলেন। বিভিন্ন যাত্রাপথের বাসযাত্রীগণ অতিরিক্ত ভাড়া আদায়ের পুনঃপুন অভিযোগ করিলেও তিনি বাস মালিকদের পক্ষ লইয়া বলিতে থাকেন, কোথাও কোথাও যাত্রীরাই নাকি খুশি হইয়া এক-দুইশত টাকা বাড়াইয়া দিতেছেন! পরিবহন সিন্ডিকেটের জন্য মন্ত্রীর এহেন দৃষ্টিভঙ্গিকে ‘প্রণোদনা’ আখ্যা দিলে অত্যুক্তি হইবে কি? আমরা জানি, বাস মালিকের বিনিয়োগের সুরক্ষা নিশ্চিতকরণ, তৎসহিত সর্বদাই কিছু আসন শূন্য থাকিবে– এমনটা হিসাবে রাখিয়াই যাত্রীবাহী বাসের ভাড়া সরকার নির্ধারণ করে। তদুপরি দেশের বহু রুটে বহু পরিবহন প্রায়শ যাত্রীবোঝাই হইয়া চলাচল করে। অতএব, ঈদের সময় যাত্রীদের জিম্মি করিয়া মালিকদের পকেট ভর্তি করিবার মানসিকতা কোনোরূপেই সমর্থনযোগ্য নহে। আমাদের আশঙ্কা, যাত্রীস্বার্থ সুরক্ষার প্রতি মনোযোগ কম থাকিবার কারণেই এইবার নিরাপদ ঈদযাত্রায় সরকার ঘোষিত পদক্ষেপগুলি বহুলাংশে আলোর মুখ দেখে নাই। এই কারণেই ঈদের পূর্বে পটুয়াখালীমুখী লঞ্চে ট্রলারযোগে উঠিতে গিয়া

দুই লঞ্চের মধ্যখানে পড়িয়া দুইজনের বেদনাদায়ক মৃত্যু ঘটে। সড়কেও, রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব মতে, শুধু গত ১০ দিনে ২৭৪ জনের মৃত্যু ঘটে। আমাদের প্রত্যাশা, সরকারের শীর্ষ মহল এই বিষয়গুলি বিবেচনায় লইবে এবং উপযুক্ত তদন্তের মাধ্যমে সরকারি নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করিবে।