জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠন করার পর প্রথমবারের মতো তিনি জাপান সফরে যাচ্ছেন। সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনশক্তি রপ্তানির মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি দেশটির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনার কর্মসূচি রয়েছে। পর্যবেক্ষকদের মতে, পাঁচ দশকে দুই দেশের কূটনৈতিক স¤পর্ক কেবল দাতা ও গ্রহীতার স¤পর্কে সীমাবদ্ধ থাকেনি; বরং এটি কৌশলগত অংশীদারিত্বের নতুন মডেলে রূপ নিয়েছে। শিক্ষা, অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতির সমন্বয় দুই দেশের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। এই সফর বাংলাদেশের সঙ্গে জাপানের স¤পর্কের ক্রমবর্ধমান গভীরতা এবং ভবিষ্যত সহযোগিতার বহুমাত্রিক সম্ভাবনার পথ তৈরি করবে। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, মানবস¤পদ এবং সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে জাপানের ধারাবাহিক সহযোগিতা বাংলাদেশের উন্নয়নযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের উন্নয়ন অবকাঠামোতে জাপানের ব্যাপক অবদান রয়েছে। যমুনা বহুমুখী সেতু, কর্ণফুলি ট্যানেল, ঢাকার মেট্রোরেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, যমুনা রেলওয়ে সেতু এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে জাপানের অর্থায়ন ও কারিগরি সহযোগিতা রয়েছে। এসব প্রকল্প দেশের যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন, পণ্য পরিবহনের সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্যিক কর্মকাণ্ড সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে আমরা স্বাগত জানাই। তবে এই সফরে এমন কোনো বিষয় উত্থাপন বা আলোচনা করা সমীচীন হবে না, যা ভূ-রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ সমস্যার সম্মুখীন হয়। বন্ধু রাষ্ট্র হিসেবে জাপানের সাথে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিৎ। জাপান বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তি। তার অর্থনৈতিক আকার প্রায় ৬.৩ থেকে ৬.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। জিডিপি ৪.৩৮ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২৬ সালের হিসাব অনুযায়ী, চীনের অর্থনৈতিক আকার প্রায় ২০.৮৫ লাখ কোটি মার্কিন ডলার, যা বিশ্বে দ্বিতীয়। ক্রয় সক্ষমতা অনুসারে প্রায় ৪৪.২৯ লাখ কোটি মার্কিন ডলার, যা বিশ্বে প্রথম। এ হিসাব থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীন।

অর্থনৈতিক শক্তির দিক থেকে জাপান চীনের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে। চীন ও জাপানের তুলনামূলক এ হিসাব উপস্থাপনের অর্থ হচ্ছে, প্রধানমন্ত্রীর জাপান সফরে এমন বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, যাতে চীনের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্কের গভীরতা এবং দেশটি শীর্ষ উন্নয়ন সহযোগী, তাতে যেন কোনো ধরনের টানাপোড়েন তৈরি না হয়। কারণ, জাপান ও চীনের মধ্যে বরাবরই একধরনের সূক্ষ্ম বা শীতল সম্পর্ক প্রবাহমান। এখানে দেখতে হবে, কার কাছে বাংলাদেশের স্বার্থ বেশি। অর্থনীতিবিদদের ভাষায়, চীন বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে ‘সোনার ডিম পাড়া হাঁস’ এবং তার বিকল্প নেই। গত জুনে প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক যে অনন্য উচ্চতায় উঠেছে, তা ঐতিহাসিক মাইফল ফলক হয়ে আছে।

ওই সফরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নির্মাণে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বিশ্লেষকদের মতে, এই করিডোরের মাধ্যমে বাংলাদেশের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অর্থনীতি ও যোগাযোগের বিপুল সম্ভাবনার সোনালী দ্বার খুলে যাবে। বাংলাদেশ হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। দেশের জনগণও এই করিডোর দ্রুত বাস্তবায়নের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ বিবেচনায়, বাংলাদেশের স্বার্থ কার কাছে সবচেয়ে বেশি, তা বোধকরি ব্যাখ্যা করে বলার কিছু নেই। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, জাপান সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের এ বিষয়টি স্মরণে রাখা উচিৎ। এই সফর যাতে এমন না হয়, যা চীনের সাথে টানাপোড়েনে ক্ষেত্র তৈরি করে। আমরা জানি, ২০০৪ সালে তৎকালীন বিএনপি সরকারের সময় ঢাকায় তাইওয়ান ‘তাইপেই অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র খোলায় চীন ক্ষুব্ধ হয়েছিল, যা ছিল অনাকাঙ্ক্ষিত। পরবর্তীতে চীনের চাপে তা বন্ধ করে দেয়া হয়। কূটনৈতিক সম্পর্কের সূচনালগ্ন থেকেই বাংলাদেশ ‘এক চীন নীতি’ সমর্থন দিয়ে আসছে। প্রধানমন্ত্রীর জাপান সফরে যাতে এই নীতির ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, এ ব্যাপারে সতর্ক থাকা আবশ্যক। পর্যবেক্ষকদের মতে, জাপান আমাদের বন্ধু রাষ্ট্র, তাতে সন্দেহ নেই। দেশে তার অর্থনৈতিক ও অবকাঠামোগত খাতসহ অন্যান্য খাতের সহযোগিতা অনস্বীকার্য। তার কাছ থেকে আমাদের স্বার্থ আদায় করে নিতে হবে। এই স্বার্থ আদায় করতে গিয়ে চীনের সাথে সুসম্পর্কের উপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে। খেয়াল রাখতে হবে, যার কাছে আমাদের মূল স্বার্থ তাকে নাখোশ করা যাবে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর টোকিও সফরের প্রধান অগ্রাধিকার হবে দ্বিপক্ষীয় স¤পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারিত্ব গভীর এবং বিনিয়োগ বৃদ্ধি করা। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে ভবিষ্যতের অর্থনৈতিক সম্ভাবনাকে রূপ দেয়া। আমরাও মনে করি, জাপানের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টতার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিৎ। এর বাইরে ভূ-রাজনীতিতে বিতর্ক তৈরি হতে পারে, এমন কোনো ইস্যু রাখা ঠিক হবে না। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তিসহ অন্যান্য খাতে জাপানের সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি জনশক্তি রফতানির বিষয়টি অগ্রাধিকার দেয়ার উপর জোর দিতে হবে। জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষের সংখ্যা কমে যাচ্ছে। দেশটির প্রায় ১২ কোটি ৩০ লাখ জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ নাগরিক বয়স্ক হয়ে গেছে, যা বিশ্বের বড় জনসংখ্যার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এ হিসেবে, দেশটিতে কর্মক্ষম লোকবল প্রয়োজন। কীভাবে দেশটিকে জনশক্তি রফতানির অন্যতম ক্ষেত্র করা যায়, তা প্রধানমন্ত্রীর সফরে আলোচনা করা দরকার। জাপানের বিনিয়োগের ক্ষেত্রে, যাতে আমলাতান্ত্রিক জটিলতা ও অন্যান্য প্রতিবন্ধকতা না থাকে, তা নিশ্চিত করতে হবে। জাপানের সাথে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিভিন্ন খাতে উন্নয়নমূলক সম্পর্কের বাইরে ভূ-রাজনৈতিক জটিল সমীকরণের মধ্যে জড়ানো ঠিক হবে না, যা নিয়ে বিতর্ক এবং চীনের সাথে সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সতর্ক ও সচেতন থাকা উচিৎ।