গত ১৪ অক্টোবর সউদী আরবে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে সউদী আরবের সমালোচনা ও বিষোদগারের ঝড় বইয়ে দেয়া হচ্ছে। অনেকে এই মৃত্যুদণ্ডকে ঠুনকো অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন। এ শাস্তির কথা সউদী আরবে বাংলাদেশের দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের না জানা কিংবা আইনি সহায়তা না পাওয়ার বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করেছেন। মৃত্যুদণ্ড কার্যকর করার পর তা প্রকাশিত হলে সরকারের পক্ষ থেকে বাংলাদেশস্থ সউদী রাষ্ট্রদূতের কাছে বিষয়টি জানতে চায়। অন্যদিকে, মৃত্যুদণ্ড কার্যকর করার পর সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আদালত তাদের দোষী সাব্যস্ত করেছিল। আদালত ‘তাজির’ বা ইসলামি আইনশাস্ত্রের একটি ধারার অধীনে এই মৃত্যুদণ্ড প্রদান করে, যা নির্দিষ্ট কিছু অপরাধের ক্ষেত্রে বিচারককে শাস্তি নির্ধারণের ক্ষেত্রে নিজস্ব বিবেচনাবোধ প্রয়োগের সুযোগ দেয়। উচ্চতর কর্তৃপক্ষ এই রায় বহাল রাখে এবং রাজকীয় আদেশের মাধ্যমে তা কার্যকর করা হয়। তবে, সরকারি ঘোষণায় ঠিক কী ধরনের ‘অনৈতিক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল, সে বিষয়ে ¯পষ্ট কিছু বলা হয়নি; এমনকি বিচারিক প্রক্রিয়ার বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি। এদিকে বিভিন্ন মাধ্যমে উক্ত ছেলে-মেয়ের ঘটনার বিবরণ প্রকাশিত হয়েছে। এই ঘটনা ২০২৩ সালের। ছেলেটি মসজিদে হারামের পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতো। মেয়েটির সাথে যিনায় লিপ্ত হবার আগে আরেক সহকর্মীকে পাহারায় রেখেছিল। সেই সহকর্মী তা ভিডিও করে রাখে। পরবর্তীতে নিজেদের মধ্যকার দর-কষাকষি বা টানাপোড়েনে সেই ভিডিও ছড়িয়ে দেয়া হয়। এক পর্যায়ে তা কর্তৃপক্ষের হাতে চলে যায়। ভিডিও ধারণকারী ব্যক্তিও এখন জেলে রয়েছে।
সউদী আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনাটি ইসলামি আইন, পবিত্র স্থানগুলোর মর্যাদা, বিচারিক জবাবদিহিতা এবং গণমাধ্যমের দায়িত্ব নিয়ে জনপরিসরে নতুন আলোচনার জন্ম দিলেও সংশ্লিষ্ট দেশের কাছে তা সিদ্ধ। এটা মনে রাখা দরকার, প্রত্যেক দেশের নিজস্ব আইন-কানুন রয়েছে। তারা সেটাই মেনে চলে। কোনো দেশে কেউ জীবিকা নির্বাহ বা বেড়াতে গেলে, সেই দেশের নিয়মকানুন জেনে ও মেনে চলতে হয়। আগে থেকেই তা জানা জরুরি। বাংলাদেশী দুই তরুণ-তরুণী হয়ত সউদী নিয়ম-কানুন পুরোপুরি জানতে বা বুঝতে পারেনি। ফলে তাদের এ পরিণতি হয়েছে, যা দুঃখজনক। তাদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা অনেকের মধ্যে প্রশ্ন ও আবেগের জন্ম দিয়েছে। অনেককে শোকার্ত ও ক্ষুব্ধ করেছে। তাদের ক্ষুব্ধতা কিংবা আবেগ প্রকাশের অধিকার রয়েছে।
তবে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যুকে কেন্দ্র করে ‘মায়া কান্না’ দেখিয়ে একটি গোষ্ঠী সউদী আরবের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে বিদ্বেষপূর্ণ মন্তব্য করছে, তা বুঝতে অসুবিধা হয় না। তারা এই ঘটনা নিয়ে দুই দেশের মধ্যকার সুসম্পর্কে ফাটল ধরাতে চায়। তাদের মনে রাখা উচিৎ, উক্ত তরুণ-তরুণী মসজিদে হারামে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতো। তাদের উভয়ের মধ্যে স¤পর্ক তৈরি হয় এবং এক পর্যায়ে মসজিদে হারামের ভেতর কিং ফাহাদ গেইট এর কাছাকাছি কোন এক নির্জন জায়গায় তারা ব্যভিচারে লিপ্ত হয়। এটা শুধু একে অন্যকে চুমু দেয়ার ঘটনা ছিল না। ফলে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য প্রচার মাধ্যমে প্রপাগাণ্ডা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য ভালো নয়।
তাদের উদ্দেশ্য, তিলকে তাল বানিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে ভ্রাতৃ-প্রতীম দুই দেশের সুস¤পর্কের অবনতি ঘটাতে চায়। বালা বাহুল্য, বর্তমান প্রযুক্তির যুগে কোনো কিছুই গোপন থাকে না। ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীকে শনাক্ত ও গ্রেফতার করা এখন সহজ হয়ে গেছে। ভিডিও ফুটেজ ফরেনসিকের মাধ্যমে সত্যতা যাচাই করে বিচার কার্যক্রমও পরিচালিত হচ্ছে। ভিডিও ফুটেজই সাক্ষী হয়ে যায়। প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কলের মাধ্যমে আজকাল বিয়ে-শাদীও হচ্ছে। তার অর্থ এই নয়, বিয়ে-শাদী মিথ্যে হয়ে যাচ্ছে। কাজেই, উক্ত তরুণ-তরুণীর ভিডিও অসত্য, তা বলা যুক্তিসঙ্গত নয়। সউদী আরবে তাদের বিচার কার্যক্রম নিয়ে গত ১৯ অক্টোবর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ আদালতের রায়ের অনুলিপি পাওয়ার চেষ্টা করছে।
তিনি জনসাধারণকে ফেসবুক পোস্টের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর সরকার বিষয়টি পর্যালোচনা করবে। ইতোমধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই তরুণ-তরুণীর বিরুদ্ধে মামলার বিস্তারিত বিবরণ, বিচারিক প্রক্রিয়ার বিবরণ জানতে চেয়ে সউদী কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে। তবে সরকারের যেন দেরিতে ঘুম ভেঙেছে। যখন বিষয়টি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রপাগাণ্ডায় সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব হয়ে যায়, সে সময় তৎপর, উদ্যোগ ও বক্তব্য দিলে প্রপাগাণ্ডার লাগাম টেনে ধরা যেত। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণ-তরুণীদের নিয়ে আবেগী হওয়া দোষের কিছু নয়। তবে যারা এই আবেগ প্রকাশ করছেন, তাদেরও বাস্তবতার নিরিখে দেশের বৃহৎ স্বার্থের বিষয়টি দেখা উচিৎ।
এই ইস্যু নিয়ে সউদী আরবের সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হলে, দেশের জন্য তা ভয়াবহ ক্ষতি বয়ে আনবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সউদী আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। দেশটিতে প্রায় ৩৫ লাখের মতো প্রবাসী কর্মরত। দেশটির সাথে যদি সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, তাহলে এই বিশাল শ্রমবাজারে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এমনিতেই যুদ্ধের কারণে দেশটি অস্থিতিশীলতা বিরাজমান। অনেক বাংলাদেশী শ্রমিক দেশে ফিরে দেশটিতে যেতে সমস্যার সম্মুখীন হচ্ছে। সেখানে কর্ম হারিয়ে অনেককে দেশে ফিরতে হচ্ছে। এতে রেমিট্যান্স আয়ে ঝুঁকি তৈরি হয়েছে। এর মধ্যে দুই তরুণ-তরুণীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে দেশটির সাথে স্বাভাবিক সম্পর্কে ব্যাহত হলে, তা দেশের জন্য ভালো হবে না। বলার অপেক্ষা রাখে না, দেশের অর্থনীতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ইরানযুদ্ধ পুরো বিশ্বের অর্থনীতিকে বিপর্যস্ত করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় জনগণ অভাব-অনটনের মধ্যে পড়ে গেছে। ফ্রান্সে সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলন ও জ্বালাও- পোড়াও চলছে। পরিস্থিতি সামাল দিতে এলাকাভিত্তিক কারফিউ জারি করেছে। জিনিসপত্রের দাম কমাতে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত ও ডিজেল কেনার চুক্তি করেছে। উন্নত বিশ্ব যখন চরম অর্থনৈতিক মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে আমাদের দেশের পরিস্থিতি কি, তা বোধকরি ব্যাখ্যা করে বলার কিছু নেই। দেশে বেকারত্ব বৃদ্ধি, মানুষের আয় কমে যাওয়া, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া ও উৎপাদন কমে যাওয়াসহ অর্থনৈতিক প্রতিটি সূচক নিম্নগামী। এর মধ্যে সউদী আরবের মতো বৃহৎ শ্রমশক্তি রফতানির বাজারে বিরূপ প্রতিক্রিয়া পড়লে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়বে।
অনেক সময় পরিস্থিতি বিবেচনায় আবেগের চেয়ে যুক্তিকে অগ্রাধিকার দিতে হয়। আবেগকে নিয়ন্ত্রণ করে যুক্তি ও বাস্তবতাকে স্বীকার করে নিতে হয়। সউদী আরবে দুই তরুণ-তরুণীর মৃত্যুদণ্ড আবেগ প্রকাশ করা ঠিক আছে, তবে আবেগকে পুঁজি করে যখন কোনো গোষ্ঠী প্রপাগাণ্ডা করে দুই দেশের সম্পর্ক বিনষ্টে উঠেপড়ে লাগে, তখন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং উক্ত তরুণ-তরুণীর পরিবারের প্রতি সমব্যাথী হয়ে কীভাবে সহায্য-সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ানো যায়, সেই উদ্যোগ নেয়া উচিৎ। আবেগ ও মায়াকান্নাকে একসাথে মিশ্রিত করে যাতে কেউ ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে না পারে, এ ব্যাপারে সতর্ক থাকা উচিৎ। সরকারের উচিৎ, পুরো বিষয়টি নিয়ে সউদী সরকারের সাথে আলাপ-আলোচনা করে সুন্দরভাবে হ্যান্ডল করা এবং বিষয়টির গ্রহণযোগ্য ও যুক্তিযুক্ত ব্যাখ্যা দেয়া। জনগণ যাতে বিষয়টি বুঝতে পারে। আমরা দেখেছি, জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে ফ্যাসিস্ট হাসিনার পতনে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছিল। সেই বিক্ষোভ প্রদর্শন দেশটির নিয়ম-কানুনের পরিপন্থী হওয়ায় প্রায় ৫৭ জন প্রবাসীকে যাবজ্জীবন থেকে শুরু করে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে ফোনে কথা বলেন এবং তিনি সকলের সাজা ক্ষমা করে দেন। কূটনীতিবিদরা এমন অভিমত ব্যক্ত করেছেন, দুই তরুণ-তরুণীর মৃত্যুদণ্ড নিয়ে যে আলোচনা-সমালোচনা হচ্ছে এবং সউদী সরকারের কাছে বাংলাদেশ যে ব্যাখ্যা চেয়েছে, তা যাতে কোনো ধরনের সম্পর্কের টানাপোড়েন তৈরি না করে, এ ব্যাপারে সরকারকে সতর্ক ও সচেতন থাকতে হবে। দেশের স্বার্থে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টির দ্রুত সুরাহা হওয়া জরুরি।
