প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সরকারের আমন্ত্রণে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান ঘুরে এলেন। তার এ জাপান সফর কোন সাধারণ দ্বিপাক্ষিক শুভেচ্ছা সফর ছিল না। বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করার জন্যই এ সফর। তারেক রহমানের জাপান সফরকালে মোট ৭টি দ্বিপক্ষীয় চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ২১টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দু’টি উন্নয়ন প্রকল্পের জন্য জাপান থেকে ২৯৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে। জাপানী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের আগামী ৫ বছরে বাংলাদেশে জাপানের এক ট্রিলিয়ন ইয়েন সমতুল্য ৭৭ হাজার ৪৭০কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে। জাপানের সম্ভাব্য এ বিনিয়োগের ফলে বাংলাদেশে ২ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। জাপান হচ্ছে একক দেশ হিসেবে বাংলাদেশকে দেয়া সর্ববৃহৎ ঋণের যোগানদার। বাংলাদেশকে দেয়া জাপানিন ঋণের বর্তমান স্থিতির পরিমাণ হচ্ছে ১ দশমিক ৫ ট্রিলিয়ন জাপানি ইয়েন সমতুল্য ৯দশমিক ৫বিলিয়ন মার্কিন ডলার। এ ঋণের সুদের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ থেকে ১ দশমিক ৮৫ শতাংশ। ১০ বছর গ্রেস পিরিয়ডসহ ৩০ থেকে ৪০ বছরে এই ঋণ পরিশোধ করতে হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ছিল মূলত অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের একটি কৌশল মাত্র। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে যে পর্যায়ে রয়েছে তাতে আগামীতে আমাদের বড় ধরনের অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা করতে হবে। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে যে অবস্থায় রয়েছে তাতে আগামীতে উচ্চ মূল্যস্ফীতি, স্বল্প বিনিয়োগ ও মন্থর জিডিপি প্রবৃদ্ধির ফাঁদে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কার্যকর ব্যবস্থা নিতে হবে। কারণ বাংলাদেশ গত ৫ বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি প্রবণতা মোকাবেলা করে চলেছে। এ পরিস্থিতি থেকে খুব সহসাই উত্তরণের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। উচ্চ মূল্যস্ফীতিকালীন সময়ে সাধারণত ব্যক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি পায়। কিন্তু বাংলাদেশে ঘটছে সম্পূর্ণ উল্টো ঘটনা। আন্তর্জাতিক সংস্থাগুলো ধারণা করছে, বাংলাদেশ অচিরেই উচ্চ মূল্যস্ফীতি, স্বল্প বিনিয়োগ ও মন্থর জিডিপি প্রবৃদ্ধির ফঁদে পড়তে যাচ্ছে। এ অবস্থার সৃষ্টি হলে মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস, বিনিয়োগ স্থবিরতার কারণে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়ে দারিদ্র্য বিমোচন কার্যক্রমকে মন্থর করে দেয়। রাজস্ব আহরণের পরিমাণ ক্রমশ করতে থাকে। সরকারের উন্নয়ন প্রকল্প এবং জনকল্যাণমূলক কার্যক্রম বিঘ্নিত হয়। অর্থাৎ সামগ্রিকভাবে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা স্থবির হয়ে পড়ে। একটি উন্নয়নশীল দেশের জন্য এমন পরিস্থিতি কোনভাবেই কাম্য হতে পারে না।
ইন্টারন্যাশনাল মানিটারিং ফান্ড (আইএমএফ) বাংলাদেশের অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে যে প্রাক্কলন প্রকাশ করেছে তাতে সঙ্কটের আশঙ্কা প্রবল বলে ইঙ্গিত দেয়া হয়েছে। সংস্থাটি বলেছে, চলতি অর্থবছরে (২০২৬-২০২৭) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৩ দশমিক ২ শতাংশে নেমে যেতে পারে। পরবর্তী দুই বছর যথাক্রমে ২ দশমিক ২ শতাংশ এবং ২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। ২০২৯-২০৩০ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৯ শতাংশ। ২০৩০-২০৩১ অর্থবছরে প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৩ শতাংশে উন্নীত হতে পারে। পরবর্তী বছরগুলোতে প্রবৃদ্ধি কিছুটা বাড়লেও তার গতি থাকবে খুবই মন্থর। গত অর্থবছরে (২০২৫-২০২৬) প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ১৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ শতাংশ। এটা অর্জিত হবার কোন সম্ভাবনা নেই। চলতি অর্থবছরের (২০২৬-২০২৭) জন্য আইএমএফ বাংলাদেশের প্রবৃদ্ধির যে প্রাক্কলন করেছে তা বিগত সাড়ে ৩ দশকের মধ্যে সর্বনিম্ন। সংস্থাটি একই সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ভুটান, মালদ্বীপের প্রবৃদ্ধির বিষয়েও তথ্য দিয়েছে। তাদের মতে, চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি অর্জিত হতে পারে ৭ শতাংশ। আর মূল্যস্ফীতির হার থাকবে ৪ দশমিক ৪ শতাংশ। পাকিস্তানের প্রবৃদ্ধি অর্জিত হতে পারে সাড়ে তিন শতাংশ। শ্রীলঙ্কার প্রবৃদ্ধি অর্জিত হবে ৩ দশমিক ৭ শতাংশ এবং মূল্যস্ফীতির হার থাকবে ৫ দশমিক ৪ শতাংশ। নেপালের প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৭ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশে সীমিত থাকবে। মালদ্বীপের প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি হতে পারে যথাক্রমে ৩ দশমিক ৮ শতাংশ ও আড়াই শতাংশ। ভুটানের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ ও মূল্যস্ফীতি থাকবে সাড়ে ৬ শতাংশ। দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশের প্রবৃদ্ধির হার মূল্যস্ফীতির কাছাকাছি থাকবে। একমাত্র বাংলাদেশেই প্রবৃদ্ধি ব্যাপকভাবে হ্রাস পাবার পাশাপাশি মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে আগামী বছরগুলোতে উচ্চ মূল্যস্ফীতি হ্রাস পাবার তেমন কোন সম্ভাবনা নেই।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যক্তি খাতে বিনিযোগ বৃদ্ধির পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করতে হবে। বাণিজ্য বৃদ্ধির জন্য ‘লুক ইস্ট’ নীতি অনুসরণ করতে হবে। পাশাপাশি বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা চালাতে হবে। অর্থনৈতিক পরিস্থিতি যদি উন্নতি ঘটানো না যায় তাহলে দেশ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে এতে কোন সন্দেহ নেই।
