বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এ শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাখ লাখ শ্রমিকের জীবিকা এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। অথচ শ্রমিক অসন্তোষ, মজুরি নিয়ে বিরোধ, কারখানা বন্ধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেশের পোশাকশিল্প আবারও গভীর সংকটের মুখে পড়েছে। দেশের তিনটি প্রধান শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে ৬৭০টি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং প্রায় ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিকের কাজ না করেই বাড়ি ফিরে যেতে বাধ্য হওয়ার ঘটনা নিঃসন্দেহে উদ্বেগজনক। এটি শুধু একটি শিল্প খাতের সংকট নয়, দেশের অর্থনীতি ও শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার জন্যও বড় ধরনের সতর্কবার্তা।
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা কিংবা তাদের ঠকিয়ে পার পাওয়ার সুযোগ আগের মতো থাকার কথা নয়। শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যাশা এখন আরও জোরালো। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার যে আকাক্সক্ষা নিয়ে মানুষ পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছিল, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা তারই অবিচ্ছেদ্য অংশ। দেশের উৎপাদন ও অর্থনীতির চাকা সচল রাখা এ বিপুল জনগোষ্ঠীকে উপেক্ষা করে নতুন বাংলাদেশের আকাক্সক্ষা পূরণ হতে পারে না।
দুঃখজনক বাস্তবতা হচ্ছে, দেশের পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের একটি বড় অংশ এখনো ন্যূনতম জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি থেকে শুরু করে বাসাভাড়া, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা ও সন্তানের শিক্ষার ব্যয় প্রতিনিয়ত বাড়ছে। অথচ সে অনুপাতে শ্রমিকদের মজুরি বাড়ছে না। মাস শেষে যে অর্থ হাতে আসে, তা দিয়ে একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়েছে। একজন শ্রমিককে শুধু নিজের খাবার ও বাসস্থানের খরচই বহন করতে হয় না; তাঁর ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনও মেটাতে হয়। ফলে বর্তমান বাজারদরে প্রচলিত মজুরি কাঠামো শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নতুন করে পর্যালোচনা করা জরুরি।
এ বাস্তবতায় ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি কাঠামো পুনর্নির্ধারণের দাবি অযৌক্তিক নয়। বরং এটি শ্রমিকদের ন্যায়সংগত দাবি। মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু উৎপাদন ব্যয় কিংবা মালিকদের ব্যবসায়িক সক্ষমতা বিবেচনা করলেই চলবে না। শ্রমিকদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত এবং পরিবারের অন্যান্য মৌলিক ব্যয়ের বাস্তব হিসাবও বিবেচনায় নিতে হবে। একজন শ্রমিকের শ্রমে যখন একটি প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে এবং দেশের রপ্তানি আয় বৃদ্ধি পায়, তখন সেই শ্রমিকের নিজের ও পরিবারের ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা হবে না কেন? শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়; এটি তাঁর শ্রমের ন্যায্য পাওনা।
একই সঙ্গে শ্রমিকদের আন্দোলনের ধরন ও শিল্পকারখানার নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কোনো মালিক কিংবা শ্রমিকেরই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করার অধিকার নেই। ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা উৎপাদনব্যবস্থা ধ্বংস করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা যায় না। বরং এতে শ্রমিকের নিজের কর্মসংস্থানই বিপন্ন হয়। একটি কারখানা বন্ধ হয়ে গেলে শুধু মালিকের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয় না, সেখানে কর্মরত হাজার হাজার শ্রমিকের জীবিকাও অনিশ্চিত হয়ে পড়ে। তাঁদের পরিবারের সদস্যরাও অর্থনৈতিক সংকটে পড়েন। এ ছাড়া উৎপাদন ও রপ্তানি ব্যাহত হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ক্রেতাদের আস্থা নষ্ট হলে প্রতিযোগী দেশগুলো সে সুযোগ কাজে লাগাতে পারে। বাংলাদেশের পোশাকশিল্পের বাজার ও ক্রয়াদেশ অন্য দেশের হাতে চলে গেলে তার ক্ষতি দীর্ঘমেয়াদি হতে পারে।
তবে শ্রমিকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে কিংবা তাঁদের ওপর দায় চাপিয়ে এ সংকটের সমাধান খোঁজার সুযোগ নেই। শ্রমিক অসন্তোষের পেছনে যে কারণগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত না করে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন কিংবা কারখানা বন্ধের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সংকট আরও গভীর হতে পারে। শ্রমিকেরা কেন কর্মস্থল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তাঁদের কী কী দাবি রয়েছে, মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে কোথায় অসংগতি রয়েছে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনার কোন পর্যায়ে অচলাবস্থা তৈরি হচ্ছে, তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করতে হবে। শ্রমিকদের বক্তব্য শোনার পাশাপাশি তাঁদের দাবির যৌক্তিকতা যাচাই করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা দরকার। কোনো শ্রমিক অন্যায়, নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হতে পারে। কিন্তু শ্রমিকদের বৈধ দাবি উত্থাপন, সংগঠিত হওয়া কিংবা আন্দোলনে অংশগ্রহণের কারণে তাঁদের চাকরির সুযোগ বন্ধ করে দেওয়া বা ভবিষ্যৎ কর্মসংস্থান বাধাগ্রস্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে কালো তালিকাভুক্ত করা হলে তা শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ বাড়াবে। শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
