আমরা অপরাধমুক্ত সমাজ চাই। কারণ, অপরাধ সমাজের শান্তি বিনষ্ট করে, নিরাপত্তায় বিঘ্ন ঘটায়। অপরাধমুক্ত সমাজ নিয়ে নানা আলোচনা হয়, হয় নানা আয়োজনও। গৃহে নৈতিকতার পাঠ দিতে বলা হয়। স্কুল-কলেজে, মাদরাসায় নৈতিক মূল্যবোধের কথা বলা হয়। রাজনীতির ময়দানে বক্তৃতা-বিবৃতির প্রতিযোগিতা চলে। পুলিশও বলে যায়, আমরা দুষ্টের দমন শিষ্টের পালনে কাজ করে যাচ্ছি। সবার লক্ষ্য নাকি অপরাধমুক্ত সুন্দর সমাজ গড়ে তোলা। তারপরও বিষয়টি অধরাই রয়ে গেল। এর কারণ কী? আসলেই কি আমরা অপরাধমুক্ত সমাজ চাই, নাকি এটি শুধু কথার কথা? কোনো কিছুর বাস্তবায়ন চাইলে তো যৌক্তিক পদক্ষেপ প্রয়োজন। অপরাধ কেন হয়, অপরাধ কারা করে— এসব বিষয়ে আমাদের অনুসন্ধান ও গবেষণার চিত্রটা কেমন? যাদের অপরাধ নিয়ন্ত্রের দায়িত্ব দেওয়া হয় তারা নৈতিকতা ও যোগ্যতায় কতটা সক্ষম? শুধু ইচ্ছা, আবেগ ও রাজনৈতিক প্রোপাগান্ডায় অপরাধ দমন সম্ভব নয়। অপরাধ দমন তো গল্প-উপন্যাসের বিষয় নয়। সমাজে বাস্তবে অপরাধ দমন করতে হবে। সমাজে নানা সম্পর্ক সূত্র আছে, স্বার্থের নানা রসায়ন আছে। ফলে অপরাধ দমনের কাজটি কোনো বিচ্ছিন্ন কাজ নয়। কাজটি আসলেই বড়, তবে অসম্ভব নয়। ব্যতিক্রমী নেতৃত্ব অপরাধ দমনে উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজন হয় যোগ্যতা, নৈতিক দৃঢ়তা, মানুষের প্রতি ভালোবাসা এবং ত্যাগের মনোবৃত্তি।
সিবিএস নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানি দায়িত্ব নেওয়ার পর শহরের অপরাধ কমেছে উল্লেখযোগ্য হারে। চলতি বছরের জানুয়ারি থেকে পুরো শহরজুড়ে বড় ধরনের অপরাধের মাত্রা কমেছে। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এবার অপরাধের সংখ্যা ৬,৬৬৭টি কম, যা গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে কম। পুলিশের বরাতে বিষয়টি জানা গেছে। বাসায় চুরি, ছিনতাই, গাড়ি চুরি এবং বড় ধরনের চুরির ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে। এছাড়া বছরের প্রথম ১০ মাসে বন্দুক হামলার ঘটনা, গুলির শিকার ব্যক্তির সংখ্যা এবং হত্যাকাণ্ডের সংখ্যাও রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আর এ কারণে শহরটি আগের যে কোনো সময়ের চেয়ে নিরাপদ শহরে পরিণত হয়েছে।
নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম ১০ মাসে বন্দুক হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে, যা একটি নতুন সর্বনিম্ন রেকর্ড। বন্দুক হামলার ঘটনা তো একটি ভয়াবহ ব্যাপার, যাতে মানুষের প্রাণহানি ঘটে। এর নিম্নহার তো বড় সুখবর। নিশ্চয় জোহরান মামদানির নামের বরকতে এটা ঘটে যায় নি, এর জন্য কাজের প্রয়োজন হয়েছে। আমরা জানি, গুরুত্বপূর্ণ নেতৃত্ব তথা ব্যক্তিত্বের একটা প্রভাব পড়ে। নেতৃত্বের মান দেখে, কথা ও কাজের মিল দেখে মানুষ উৎসাহিত হয়। এতে কাজের গতি বাড়ে, সাফল্যও সুগম হয়। এ ব্যাপারে নিউইয়র্ক সিটির গোয়েন্দা বিভাগের তৎপরতার কথা উল্লেখ করা যায়। এনওয়াইপিডির মতে, অপরাধ কমার পেছনে একটি বড় কারণ হলো গোয়েন্দা বিভাগের চালানো ২৬টি বড় ধরনের গ্যাং বিরোধী কঠোর অভিযান। তারা পুরো শহরজুড়ে ৪ হাজার ৫০০টির বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করেছে। এখানে লক্ষণীয় বিষয় হলো, এ সাফল্যের জন্য শুধু ‘অভিযান’ নয়, প্রয়োজন হয়েছিল ‘কঠোর অভিযানের’। এর জন্য কাজের উপযুক্ত পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যা নিশ্চিত করতে পারে সৎ ও যোগ্য নেতৃত্ব। দীর্ঘ ১৭ বছর পর সে রেকর্ড সৃষ্টি করতে পেরেছেন জোহরান মামদানি। অপরাধ দমনে আমরা মামদানির সাফল্য কামনা করি।
