গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া ভাষণে একই দিনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেন। সে মোতাবেক মন্ত্রিপরিষদ বিভাগ নির্বাচন কমিশনকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য চিঠি দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন চিঠির বিষয় স্বীকার করে বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত শনিবার রাজধানীর গুলশানে ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন’-এর আয়োজনে নির্বাচন-বিষয়ক এক কর্মশালায় সিইসি বলেছেন, একই দিনে নির্বাচন ও গণভোট করার জন্য এমন মুখোমুখি পরিস্থিতিতে পূর্ববর্তী নির্বাচন কমিশনকে কখনো পড়তে হয়নি। তিনি জানিয়েছেন, এখনো গণভোট-সংক্রান্ত কোনো আইন হয়নি।
গণভোট বিষয়ে এখনো কোনো আইনি ক্ষমতা নির্বাচন কমিশন পায়নি। সামনের সপ্তাহে আইন হয়ে যাবে। আইনি ক্ষমতা পেলে নির্বাচন কমিশন গণভোট আয়োজনের প্রস্তুতি শুরু করবে। বলা নিষ্প্র্রয়োজন, সরকারের নির্দেশনা অনুযায়ী গণভোটের আয়োজন করা ছাড়া নির্বাচন কমিশনের উপায় নেই। কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করা যে নির্বাচন কমিশনের পক্ষে সত্যিই একটি কঠিন চ্যালেঞ্জ, তাতে সন্দেহ নেই। সিইসি সে কথা অকপটে বলেছেন। তিনি উল্লেখ করেছেন, গণভোটের ব্যালটের ধরন কেমন হবে, তা নিশ্চিত নয়। আইন হলেই সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে। স্মরণ করা যেতে পারে, গণভোট জাতীয় নির্বাচনের আগে, না একই দিনে হবেÑ এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছিল। বিএনপি ও সমমনা দলগুলো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি জানিয়েছিল। পক্ষান্তরে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছিল। দু’পক্ষের পরস্পরবিরোধী দাবির প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই নিতে হয়েছে। বলতে হয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে। এতে বিএনপিপক্ষ খুশি হলেও জামায়াতে ইসলামীপক্ষ নাখোশ। জামায়াতে ইসলামী পক্ষ তার পাঁচ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে।
প্রধান উপদেষ্টা তার ১৩ নভেম্বরে দেয়া ভাষণে গণভোটের ব্যালট উপস্থাপনীয় চারটি প্রশ্ন বা প্রস্তাবনা উল্লেখ করেন। যথা : ক. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রতিক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ. আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ.
সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারের বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। পর্যবেক্ষকদের মতে, এই প্রস্তাবগুলো সাধারণ মানুষ তো দূরের কথা, শিক্ষিত মানুষের কাছেও দুর্বোধ্য। দেশের বিপুল সংখ্যক মানুষ লেখাপড়া জানে না। তারা কীভাবে এসব প্রস্তাব পড়ে ও বুঝে ‘হ্যাঁ-‘না’ ভোট দেবে? শিক্ষিত মানুষেরই বা কত শতাংশ প্রস্তাবগুলো পুরো পড়ে বা বুঝে তাদের সিদ্ধান্ত দেবে, সে বিষয়েও সংশয় রয়েছে। গণভোট সাধারণত হয় একটি বিষয়কে কেন্দ্র করে। প্রেসিডেন্ট জিয়ার দেয়া গণভোটের কথা এ প্রসঙ্গে স্মরণ করা যায়। প্রস্তাবিত গণভোটে প্রস্তাব সংখ্যা চারটি। এই চারটি প্রস্তাবেই ভোটারকে ‘হ্যাঁ বা না’ বলতে হবে। কোনো ভোটারের হয়তো কোনো প্রস্তাবে সম্মতি আছে, কোনো প্রস্তাব নেই। কিন্তু তার পক্ষে এটি নির্ধারণ করার কোনো সুযোগ নেই। গণভোট নিয়ে এ ধরনের নানা প্রশ্ন রয়েছে। এসব প্রশ্নের মীমাংসা হওয়া দরকার। গণভোট সহজ ও সহজবোধ্য হওয়া দরকার।
প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্বের কথা উল্লেখ করেন। বলেন, গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন ও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। উল্লেখ্য, গণহত্যার বিচার ও সংস্কার সময়সাপেক্ষ ব্যাপার যা চলমান থাকবে, এটিই স্বাভাবিক। অবশিষ্ট দায়িত্ব থাকে গ্রহণযোগ্য নির্বাচন ও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। যেকোনো বিবেচনায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের অভিযাত্রায় নির্বাচন অপরিহার্য পদক্ষেপ। ফ্যাসিস্ট শাসনের সাড়ে ১৫ বছরে কার্যত কোনো নির্বাচনই হয়নি। মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। জুলাই গণঅভ্যুত্থানের পর সেই সুযোগ এসেছে, যখন সবাই নির্বাধে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে।
বস্তুত, দেশের মানুষ এখন ভোট দেয়ার জন্য উন্মুুখ হয়ে আছে। গণআকাক্সক্ষার নিরিখে এবং গণতন্ত্রে উত্তরণের প্রয়োজনে এয়োদশ জাতীয় নির্বাচনের অনিবার্যতা প্রশ্নের অতীত। এহেন তাৎপর্যবাহী নির্বাচন কোনো কারণে প্রশ্নের মুখে পড়–ক, তা কারোই কাম্য হতে পারে না। নির্বাচন সবসময় আমাদের দেশে উৎসবের মতো। প্রধান উপদেষ্টা আগেই বলেছেন, আগামী নির্বাচন হবে ঈদের উৎসবের মতো সেটি হোক, এটিই প্রত্যাশ্যা সবার। কিন্তু এই নির্বাচনের একই দিনে গণভোট অনুষ্ঠান উৎসবের আয়োজন ব্যাহত করবে কিনা সেটিই প্রশ্ন। ভোটাররা চাপে পড়বে, এমন ধারণা পর্যবেক্ষকদের। কেউ হয়তো গণভোটের ভোট দেবে, সংসদ নির্বাচনের ভোট দেবে না। আবার উল্টোটিও হতে পারে। অর্ধশিক্ষিত, অশিক্ষিত, বৃদ্ধ-বৃদ্ধা ইত্যাদি ভোটারদের বিভ্রান্তি ও অসুবিধায় পড়তে হতে পারে। এতে উভয় ভোটই প্রশ্নবিদ্ধ হতে পারে। এমতাবস্থায় সরকারকে জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট অনুষ্ঠানের বিষয় নতুন করে ভাবনাচিন্তা করে দেখতে হবে। সহজ প্রশ্নে ও প্রস্তাবে গণভোট হলে জাতীয় নির্বাচনের দিনই হতে পারে। অন্যথায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যায় কিনা ভাবতে হবে। জাতীয় নির্বাচন ব্যাহত হোক, প্রশ্নবিদ্ধ হোক- কোনো মতেই তা হতে দেয়া যাবে না।
