একাদিক্রমে দুই সপ্তাহের বৃষ্টিতে সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরে যেই জলাবদ্ধতা দেখা দিয়াছে, উহা কেবল সংশ্লিষ্ট এলাকার কৃষকদেরই ক্ষতিগ্রস্ত করিতেছে না, জাতীয়ভাবে খাদ্য নিরাপত্তার জন্যও ঝুঁকি সৃষ্টি করিতে পারে। মঙ্গলবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, উক্ত বৃষ্টিপাতের কারণে একদিকে জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার অধিকাংশ হাওরের জমিতে কোমর বা বুকসমান পানি জমিয়া রহিয়াছে; অন্যদিকে হাওরের সহিত সংযুক্ত নদীর পানিও বাড়িতেছে। ইতোমধ্যে ২৯৫ হেক্টর জমির বোরো ফসল পানিতে নিমজ্জিত। আর মাত্র ১৫ দিন পরই যেই ফসল ঘরে উঠিবার কথা, সেই ফসল ইতোমধ্যে হয় পচিয়া গিয়াছে নতুবা নিছক গোখাদ্যরূপে ব্যবহারের পর্যায়ে। স্বাভাবিকভাবেই অনেক কৃষকের বজ্রাহত হইবার পরিস্থিতির উদ্ভব হইয়াছে।

হাওরাঞ্চলে সাধারণত বৎসরে একটিই ফসল হয়, বোরো। সংশ্লিষ্ট কৃষক পরিবারগুলি এই মৌসুমের জন্য অধীর অপেক্ষমাণ। ক্ষুধার পাশাপাশি সংসারের ব্য়য় নির্বাহে এই ধানই প্রধান ভরসা। অন্যদিকে অধিকাংশই প্রান্তিক বা অসচ্ছল চাষি হইবার কারণে পুঁজির অভাবে ভোগেন। মূলত ধার-কর্জ করিয়াই উক্ত চাষাবাদ করিতে হয়। আলোচ্য সমস্যার কারণে শুধু এই কৃষকদের ক্ষুন্নিবৃত্তি মিটানোই দুরূহ হইবে না; ঋণের বোঝাও টানিতে হইবে। আমরা জানি, জাতীয়ভাবে আমাদের বার্ষিক যেই পরিমাণ ধান প্রয়োজন, তাহার একটা অংশ আসে এই হাওর হইতে। যেই কারণে হাওরাঞ্চলকে রাইস বোল বা ‘ভাতের গামলা’ হিসাবেও আখ্যায়িত করা হয়। ইতোমধ্যে জলাবদ্ধতার কারণে হাওরে বোরো ধানের যতটা ক্ষতি হইয়াছে, আগামী দিনগুলিতে যদি ইহার পরিমাণ বৃদ্ধি পায়, তাহা হইলে আমাদের জাতীয় খাদ্য নিরাপত্তা যে ধাক্কা খাইবে, তাহা বুঝিতে বিশেষজ্ঞ হইতে হয় না।

প্রসঙ্গত, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলিয়াছেন, আগামী সাত দিনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকিলেও হাওরাঞ্চলে ৭ এপ্রিলের পর ভারী ও অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রহিয়াছে। তাঁহার মতে, উহা বন্যার রূপ লইবে কিনা– এখনই নিশ্চিত করিয়া বলা সম্ভব না হইলেও সেই শঙ্কা উড়াইয়া দেওয়া যায় না। এইবার ধর্মপাশা উপজেলায় ১৮ সহস্র ২৯০ হেক্টর এবং মধ্যনগর উপজেলায় ১৩ সহস্র ৬২০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হইয়াছে। আর টগার হাওরে প্রায় আড়াই সহস্র হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হইয়াছে।

প্রতিবেদনমতে, অনেক হাওরে কৃষকরা নিজ উদ্যোগে পানি নিষ্কাশনে সচেষ্ট। কিন্তু তাহাতে সুফল তেমন মিলিতেছে না। উপরন্তু বাঁধ কাটিয়া পানি নিষ্কাশন করা হইলে বাহিরের পানি নিয়ন্ত্রণ করা কঠিন হইতে পারে। তাই প্রশাসন বা কৃষকরা এমন উদ্যোগ প্রত্যাশা করিলেও লইতে পারিতেছেন না। বহু স্থানে পানি নিয়ন্ত্রণের সাময়িক ব্যবস্থা হিসাবে স্লুইসগেটও নাই যে বাহিরের পানি ভিতরে প্রবেশে বাধা দেওয়া যাইবে। মূলত ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যার কবল হইতে ফসল রক্ষার নামে হাওরগুলিতে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করা হইয়াছে, যাহা এখন কৃষকের গলার ফাঁস হইয়া দেখা দিয়াছে। যাহা দুঃখজনক, হাওর একটা প্রাকৃতিক সত্তা– ইহা জানিবার পরও আমাদের রাষ্ট্রের পরিকল্পনাবিদগণ উহার জন্য স্বতন্ত্র কোনো পরিকল্পনা অদ্যাবধি প্রণয়ন করেন নাই। নদী বা অন্য জলাশয় সম্পর্কিত তাহাদের প্রকৌশল জ্ঞানকে ধন্বন্তরী ভাবিয়া হাওরেও উহা প্রয়োগ করেন। ফলে এই সকল প্রকল্পে বরাদ্দকৃত রাষ্ট্রের কোটি কোটি টাকার শুধু অপচয়ই হয় না; হাওরের জন্য এক প্রকার ক্ষতিরও কারণ হইয়া দাঁড়ায়। ইতোমধ্যে বর্তমান সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করিয়াছে। আমাদের প্রস্তাব হইল, এই কৃষিবান্ধব কর্মসূচির অধীনে হাওরের জন্য বিশেষজ্ঞ ও স্থানীয় জ্ঞানের ভিত্তিতে স্বতন্ত্র পরিকল্পনা করা হউক, যাহা দ্রুত আলোর মুখ দেখিবে। তবে আশু প্রয়োজন হইল, উপদ্রুত এলাকা হইতে পানি সরাইবার উপায় বাহির করা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পার্শ্বে অবস্থান করা।