আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের মুক্তিকামী জনতা এবং দেশপ্রেমিক সেনাবাহিনী একটি পরিবর্তনের প্রত্যাশায় রাস্তায় নেমে এসে ভারতীয় আধিপত্যবাদের অনুগত প্রতিবিপ্লবী সেনাপ্রধান খালেদ মোশাররফের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে আমাদের জাতীয় ইতিহাসের এক নতুন গতিপথ নির্ধারণ করেছিল, যা ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের লক্ষ্য ও আকাঙ্খার পরিপুরক। একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ১৯৭২ সালে প্রণীত সংবিধানে গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির গ্যারান্টি দেয়া হয়েছিল। আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও দলীয় ক্যাডারদের দুর্নীতি-লুটপাটের কারণে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। লাখ লাখ মানুষ অনাহারে মৃত্যুবরণ করে।
এহেন বাস্তবতায় জনপ্রিয়তার তলানিতে নেমে যাওয়া প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করে একদলীয় বাকশাল গঠন করার পাশাপাশি কয়েকটি সংবাদপত্র রেখে দেশের সব গণমাধ্যম বন্ধ করে দেন। বিরোধীদল জাসদের হাজার হাজার নেতাকর্মীকে গুম-হত্যা করে পরিস্থিতিকে একটি অনিবার্য গণবিস্ফোরণের দিকে নিয়ে যায়। তারই প্রেক্ষাপটে সেনা কর্মকর্তাদের একাংশ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমদকে ক্ষমতায় বসায়। ১৫ আগস্ট হত্যাকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি ভারতীয় আধিপত্যের নাগপাশ ছিন্ন করে এক গতিপথে যাত্রা শুরু করলেও তা নিয়ে বহুমুখী চক্রান্ত- ষড়যন্ত্র সক্রিয় ছিল। মাত্র আড়াই মাসের মাথায় ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে একটি প্রতিবিপ্লব সংঘটিত হয়। ১৫ আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র, সুশাসন ও জনপ্রত্যাশা পুরণের যে সুযোগ তৈরী হয়েছিল প্রতিবিপ্লবের লক্ষ্য ছিল তা নস্যাৎ করা। তারই প্রতিক্রিয়ায় জাসদ সমর্থিত বিপ্লবী সৈনিক সংস্থার অতি উৎসাহী সেনা সদস্যরা খালেদ মোশাররফকে হত্যা ও খোন্দকার মোশতাককে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলের চেষ্টা করলেও দেশের জনগণ এবং সেনাবাহিনীর সমর্থন জেনারেল জিয়াউর রহমানের পক্ষে থাকায় তিনি বন্দিদশা থেকে মুক্ত হন এবং দেশের নেতৃত্ব তার উপর অর্পিত হয়।
৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্র নস্যাৎ করে গণতান্ত্রিক অভিযাত্রায় ঘুরে দাড়ানোর প্রত্যয় ঘোষণা করে বাংলাদেশ। একটি বিশৃঙ্খল, অরাজক ও দুর্ভিক্ষ পীড়িত দেশকে সাম্য, সম্প্রীতি ও বহুদলীয় গণতন্ত্রের পথে এগিয়ে নিতে একাত্তরের বীর সেনানী জিয়াউর রহমান ধ্রুব তারকার মত আবির্ভুত হন। তবে ভারতীয় আধিপত্যবাদের বশংবদ ও পোষ্যদের ষড়যন্ত্র একদিনের জন্যও থেমে থাকেনি। জাতির কঠিন সময়ে শক্তহাতে রাষ্ট্রের হাল ধরে জাতীয় ঐক্য ও সমঝোতার ভিত্তিতে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি এক নতুন বাংলাদেশের স্বপ্ন প্রোজ্জ্বল করে তুলতে সক্ষম হন। তিনি দেশকে একদলীয় বাকশালের আবর্ত থেকে বহুদলীয় গণতন্ত্রে উন্নীত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
ক্ষুধা, অতি দারিদ্র্য, দর্ভিক্ষের হাত থেকে দেশকে একটি নিশ্চিত সমৃদ্ধির পথে নিয়ে যেতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেন।খাল খণন কর্মসূচিসহ কৃষিতে বিপ্লব সৃষ্টির উদ্যোগের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে বৈদেশিক কর্মসংস্থান এবং রফতানিমুখী গার্মেন্ট শিল্পখাতের বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশে ভারতীয় আধিপত্যবাদের প্রথম পরাজয় ঘটে। তারই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয়। কিন্তু ভারতীয় আধিপত্যবাদের দোসররা একদিনের জন্যও থেমে থাকেনি।
ভারতীয় পৃষ্ঠপোষকতায় অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে শেখ হাসিনার ফ্যাসিবাদী রেজিম বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে অত্যাচার-নিপীড়নের স্টিমরোলার চালিয়েও দলটির অর্ন্তগত ঐক্য জনসমর্থনে চিড় ধরাতে পারেনি। রাষ্ট্রশক্তির অন্যায্য ব্যবহারের মধ্য দিয়ে জনসমর্থনপুষ্ট কোনো রাজনৈতিক আদর্শকে নির্মূল করা যায় না। একইভাবে জাতির প্রত্যাশা ও সংহতির মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসকে ইতিহাস থেকে মুছে ফেলার অপপ্রয়াস ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যর্থ করে দেয়া হয়েছে। শেখ হাসিনা ৭ নভেম্বরের জাতীয় তাৎপর্যকে অগ্রাহ্য করে এ দিনের সরকারি ছুটি বাতিল করে নিজের পরিবারের সদস্যদের জন্মমৃত্যু দিবসগুলোকে জাতীয়ভাবে পালনের প্রজ্ঞাপন জারি করেছিলেন। কিন্তু আমাদের নতুন প্রজন্মের সিপাহী-জনতাকে ৭ নভেম্বরের চেতনা থেকে বিচ্যুত করতে পারেনি। যুগে যুগে শুধু রক্ত দিয়েই স্বাধীনতার চেতনাকে রক্ষা করতে হবে কেন? স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহী-জনতার বিপ্লবের ইতিহাসের ধারাবাহিকতায় ৭ নভেম্বর এবং ৫ আগস্ট একই সুত্রে গাঁথা। আমাদের ইতিহাস এবং পাঠ্য পুস্তকে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবকে যথাযথভাবে তুলে ধরতে হবে।
আমাদের নতুন প্রজন্ম ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের চেতনাকে ধারণ করেই ভারতীয় আধিপত্যবাদী শক্তির দু:শাসন থেকে দেশের মানুষকে মুক্ত করতে জুলাই অভ্যুত্থানে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল। স্বাধীনতা ও বিপ্লবকে ব্যর্থ করে দিতে ভারতীয় আধিপত্যবাদী শক্তি ৫ দশক আগে যেমন সক্রিয় ছিল, এখনো তেমনই আছে। শেখ মুজিব হত্যাকান্ডের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে ভবিষ্যত রাজনীতির পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সেই সাথে মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর মত অতি উৎসাহী নেতাদেরও ভারতে আশ্রয় দিয়ে সীমান্তে বাংলাদেশ বিরোধী সশস্ত্র তৎপরতা চালানোর সুযোগ দিয়েছিল ভারত। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বিরতিহীনভাবে ভারত সমর্থিত অভ্যুত্থান বিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা চলছেই। দেশ আজ আরেকটি ক্রান্তিকাল অতিক্রম করছে।
অর্ন্তবর্তী সরকারকে ব্যর্থ করে দিয়ে গুম-খুন-দু:শাসনের হোতাদের রাজনীতিতে পুর্নবাসনের চক্রান্ত চলছে। তারা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের চেতনা অনুপ্রেরণার অনির্বাণ দ্বীপশিখা হিসেবে বিদ্যমান। ৭ নভেম্বর বিএনপির রাজনৈতিক কর্মসূচির মধ্যে আবদ্ধ থাকা সমীচিন নয়, এটা জাতির ইতিহাসে এমন এক গৌরবময় ঘটনা, যা জাতীয়ভাবে স্মরণ ও উদযাপনের দাবি রাখে। গণতন্ত্রকামী প্রতিটি মানুষ ও সেনাবাহিনীকে ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। এখনো পতিত স্বৈরাচারের দোসররা প্রশাসনে এবং বিভিন্ন সেক্টরে সক্রিয় রয়েছে। ভারতে পালিয়ে গিয়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে। স্বাধীনতাত্তোর বাংলাদেশের বাস্তবতা এবং ১৯৭৫ সালের আগস্ট ও নভেম্বরের বিপ্লব-প্রতিবিপ্লবের ঐতিহাসিক ঘটনা প্রবাহ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিপ্লবের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ রেখে জনগণের স্বপ্ন বাস্তবায়নই হোক এবারের ৭ নভেম্বরের মূল লক্ষ্য।
