চলমান ডিজেল সংকটে উপকূলের জেলেসহ বিভিন্ন প্রকার পেশাজীবীর কর্মহীনতা উদ্বেগজনক। বুধবার প্রকাশিত সমকালের শীর্ষ প্রতিবেদনে বলা হইয়াছে, ডিজেলের অভাবে জেলেরা মৎস্য ধরিতে যাইতে পারিতেছেন না। নদনদীতে মৎস্য আহরণ ব্যাপকভাবে কমিয়া যাইবার ফলে উপকূলীয় মৎস্যবন্দর ও মোকামসমূহে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়িয়াছে। উহার ফলে কেবল জেলে নহে; আড়তদার, পাইকার, শ্রমিক, বরফকল মালিক, পরিবহনকর্মীসহ পুরো মৎস্যভিত্তিক অর্থনীতি চাপে পড়িয়াছে। মোটরসাইকেলে যাত্রী বহন করিয়া যাহারা জীবিকা নির্বাহ করিয়া থাকেন, তৈল সংকটে তাহাদের ভোগান্তিও অবর্ণনীয়। তৈল লইতে গিয়া ফিলিং স্টেশনে তাহাদের দুর্ভোগ ও সময়ের অপচয় লক্ষণীয়। কেবল রাজধানীতেই নহে, সারাদেশের অবস্থা তথৈবচ। জয়পুরহাটে একটি ফিলিং স্টেশনে তৈল লইতে গিয়া মোটরসাইকেলের দীর্ঘ সারির খবর ছবিসমেত সমকালে বুধবারই প্রকাশ হইয়াছে, যথায় সাড়ে চার ঘণ্টা অপেক্ষার পর দুইশ টাকার তৈল সংগ্রহের বিষয়টা সংকটের ভয়াবহতা অনুধাবনের জন্য যথেষ্ট। ডিজেলনির্ভর অন্যান্য পেশাজীবীও কম ক্ষতিগ্রস্ত নহেন। সেচপাম্পনির্ভর কৃষক, জেনারেটরভিত্তিক ক্ষুদ্র শিল্প, ইটভাটা, নির্মাণযন্ত্রচালক, এমনকি দূরপাল্লার বাস ও ট্রাকচালকের উপরও ইহার প্রভাব পড়িয়াছে। এই পরিস্থিতিতে আরও উদ্বেগজনক হইল, সংকটের পশ্চাতে কেবল বৈশ্বিক সরবরাহ সমস্যা নহে, মজুতদারি ও কৃত্রিম সংকটও বড় ভূমিকা রাখিতেছে বলিয়া সরকারের দায়িত্বশীলদের বক্তব্যেই উঠিয়া আসিয়াছে। জ্বালানি মন্ত্রণালয় বলিয়াছে, দেশে মজুত রহিয়াছে, কিন্তু আতঙ্কে অতিরিক্ত ক্রয় ও অবৈধ মজুত পরিস্থিতিকে গুরুতর করিয়াছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই পর্যন্ত জ্বালানির কোনো ঘাটতি নাই এবং ইহার মূল্যও বৃদ্ধি করা হয় নাই। অথচ উপকূলের কৃষক সমকালের প্রতিবেদকের নিকট বলিয়াছেন, সেইখানে ডিজেল পাইতে হইলে অতিরিক্ত মূল্য পরিশোধ করিতে হয়। সেই মূল্যে ক্রয় করা ডিজেল ব্যবহার করিয়া মৎস্য আহরণ করিলে লাভ তো দূরের কথা বরং লোকসানের বোঝা টানিতে হইবে। মন্ত্রী যদিও বলিতেছেন, প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয়ের প্রবণতায় কৃত্রিম সংকট তৈয়ার হইয়াছে, বাস্তবতা ভিন্ন–চাহিদার তৈলই পাওয়া যাইতেছে না। সরকার কি তবে পরিস্থিতি অনুধাবনে ব্যর্থ হইয়াছে? আর অধিকাংশ ফিলিং স্টেশনই-বা বন্ধ কেন? কাহারও মজুতদারির কারণে যদি এই তৈল সংকট সৃষ্টি হইয়া থাকে, সেই ক্ষেত্রেও পদক্ষেপ কিন্তু সরকারকেই লইতে হইবে। ভোক্তাদের দোষারোপ করিয়া সংকটের সমাধান মিলিবে না।
ডিজেলের জন্য আমরা যেহেতু সম্পূর্ণ আমদানিনির্ভর, বিদ্যমান যুদ্ধ পরিস্থিতিতে উহার সংকট হইতেই পারে। ইহাও ঠিক যে, সরকার ডিজেল আমদানির সর্বোচ্চ চেষ্টা করিতেছে। কিন্তু এই সম্পূর্ণ চিত্রটা জনগণের সম্মুখে পরিষ্কার করিতে হইবে। তখন মানুষও নিজে নিজেই জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হইবে। এমতাবস্থায় আমরা মনে করি, তিনটি পদক্ষেপ জরুরি। প্রথমত, জেলে, কৃষক ও পণ্য পরিবহনকে অগ্রাধিকার দিয়া ডিজেল সরবরাহ নিশ্চিত করিতে হইবে। দ্বিতীয়ত, মজুতদারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযান চালাইতে হইবে। এবং তৃতীয়ত, বন্দর, নদীপথ ও মৎস্য খাতে বিশেষ জ্বালানি বরাদ্দ চালু করিতে হইবে, যাহাতে সরবরাহ শৃঙ্খল ভাঙ্গিয়া না পড়ে। পাশাপাশি মোটরসাইকেল ও জ্বালানি তৈলনির্ভর অন্য পেশাজীবীদের প্রয়োজনও পূরণ করিতে হইবে।
বলিবার অপেক্ষা রাখে না যে জেলে নদীতে যাইতে না পারিলে কেবল সংশ্লিষ্ট পরিবারগুলিই কষ্টে পড়িবে না, মৎস্যপ্রিয় মানুষদেরও উদ্বেগের কারণ ঘটিবে। আর পরিবহন থামিয়া গেলে বাজার, শিল্প, কৃষি তথা সকল কিছুতেই উহার অভিঘাত পড়ে। তাই ডিজেল ও জ্বালানি তৈল সংকটকে কেবল পাম্পের লাইনের সমস্যা হিসাবে দেখিলে চলিবে না; ইহা এখন জীবিকা, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির সংকট। সেই জন্য এই ক্ষেত্রে দ্রুত সমন্বিত এবং স্বচ্ছ ব্যবস্থাপনা জরুরি হইযা পড়িয়াছে।
