প্রতিবেশী ভারতের নিকটতম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচন ও উহার ফলাফল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করিয়া এই রাজ্যে দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির বিজয়কে আমরা সতর্কতার সহিত স্বাগত জানাই। বলিবার অপেক্ষা রাখে না, একই ভাষাভাষী হিসেবে পশ্চিমবঙ্গের সহিত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান এবং বাংলাদেশ-ভারতের দীর্ঘ সীমান্তের বৃহৎ অংশই এই রাজ্যের সহিত যুক্ত। ভারতের কেন্দ্রে ও পশ্চিমবঙ্গে একই দলের সরকার হওয়ায় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরিয়া বিরাজমান বহু সমস্যারই সমাধানের সুযোগ তৈয়ার হইয়াছে। বিশেষ করিয়া সীমান্তে হত্যার বিষয়টি বাংলাদেশের তরফ হইতে বড় উদ্বেগের বিষয়। এই হত্যা শূন্যে নামাইয়া আনিতে আমরা বরাবরই তাগিদ দিয়া আসিতেছি। এই ক্ষেত্রে কেন্দ্র তো বটেই, পশ্চিমবঙ্গ সরকারও ইতিবাচক ভূমিকা পালন করিতে পারে। তৎসহিত বাণিজ্য, জ্বালানিসহ অন্যান্য বিষয়েও নিবিড় সম্পর্ক চর্চার অনুকূল পরিবেশ সৃষ্টি হইতে পারে। বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে তিস্তা চুক্তি অন্যতম অস্বস্তির বিষয় হইয়া দাঁড়াইয়াছে, যাহা ইতোপূর্বে পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা সরকারের প্রবল আপত্তিতে সম্পন্ন হয় নাই। চুক্তিটি ঝুলিয়া যাওয়ায় বাংলাদেশের বিরাট অঞ্চলব্যাপী কৃষিসহ জনজীবনে সংকট বৃদ্ধি করিয়াছে। এইবার কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি করিতে চাহিলে পশ্চিমবঙ্গ সরকার নীতিগতভাবে আপত্তি করিবার কথা নহে।

অস্বীকার করা যাইবে না, আত্মস্বীকৃত হিন্দুত্ববাদী বিজেপি ভারতে এক ধরনের ধর্মীয় অসহিষ্ণুতার বাড়বাড়ন্ত ঘটাইয়াছে, যাহা বিশেষত মুসলিমসহ ধর্মীয় সংখ্যালঘুদের জন্য গভীর উদ্বেগস্বরূপ। পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিম সম্প্রদায়ের একটি বৃহৎ অংশের মধ্যে নাগরিকত্ব সংশোধন আইন ও ভোটার তালিকা সংশোধন লইয়া উদ্বেগ রহিয়াছে। তথায় বিজেপি ক্ষমতায় আসীন হইবার পর এই সকল বিষয়ে কী প্রকারে সুরাহা করা হইবে, তাহা বাংলাদেশের জন্যও গভীর পর্যবেক্ষণের বিষয়। তবে আমরা বিশ্বাস করি, ভারতের সহিত বাংলাদেশের যেই সৌহার্দ্যপূর্ণ ও বাণিজ্যিক সম্পর্ক রহিয়াছে, উহা রক্ষা ও বিকাশের স্বার্থে দেশটি বাংলাদেশকে সংকটে ফেলিবে, এমন কোনো উদ্যোগ গ্রহণ করিবে না।

প্রতিবেশী ভারতের সহিত স্বাভাবিক সম্পর্ক প্রত্যাশিত। অন্তর্বর্তী সরকারের আমলে সেই সম্পর্কে কিছুটা ছেদ পড়িয়াছিল। বাংলাদেশ সার্বভৌম দেশরূপে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব উভয়ই জরুরি। বর্তমান বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের মাধ্যমে স্বাভাবিক সম্পর্কের বাতাবরণ স্পষ্ট। এই ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কের যেই সকল বাধা বিদ্যমান, উহা দূর করা প্রয়োজন। ইহাও উল্লেখ্য, দুই বাংলার মানুষের মধ্যে যে ভাষিক ও সাংস্কৃতিক বন্ধন রহিয়াছে, উহা বিশেষ কোনো সরকারের উপর নির্ভরশীল নহে। সেই বন্ধনকে রাজনীতির ঊর্ধ্বে রাখাই দুই পক্ষের জন্য বুদ্ধিমানের কাজ হইবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হইয়াছে এবং এই পথে ভারত মোটা দাগে অবিচল, যাহা প্রতিবেশীরূপে বাংলাদেশের জন্য স্বস্তির বিষয়। বিগত এক দশকের বেশি সময়ের ব্যত্যয় সত্ত্বেও বাংলাদেশ ইতোমধ্যে গণতন্ত্রের পথে নূতন করিয়া যাত্রা করিয়াছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে স্বীয় স্বার্থ দেখিবে– ইহাই প্রত্যাশিত। গণতান্ত্রিক ব্যবস্থায় দুই দেশের সকল সম্প্রদায় নিরাপদ ও নির্বিঘ্নে ধর্ম পালনসহ রাষ্ট্রীয় সকল সুযোগ- সুবিধা ভোগ করিবে, ইহাই স্বাভাবিক। ইতিহাসে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির শাসন তথাকার জনগণ এবং বাংলাদেশের জন্যও সুখকর হইবে বলিয়া আমরা মনে করি। প্রতিবেশী হিসেবে তো বটেই, ভাষা ও সংস্কৃতির দিক হইতে পশ্চিমবঙ্গের সহিত বাংলাদেশের যেই বন্ধন রহিয়াছে, উহা আরও দৃঢ় হউক– ইহাই আমাদের কামনা।