অবশেষে বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হইয়াছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে এই তপশিল ঘোষণা করিয়াছেন। তাঁহার ঘোষণামতে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সহিত জুলাই সনদ সম্পর্কিত গণভোটও অনুষ্ঠিত হইবে। ইতোপূর্বে বিএনপিসহ দেশের অধিকাংশ দলের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করিয়াছিলেন। তথাপি নানা ঘটনার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান বিষয়ে জনপরিসরে এক প্রকার সংশয় ও সন্দেহ সৃষ্টি হইয়াছিল। সিইসির তপশিল ঘোষণার পর ঐ সকল জল্পনা-কল্পনার অবসান হইবে, বলা যায়। সিইসি তাঁহার বক্তব্যে স্পষ্ট করিয়াছেন, আগামী ২৯ ডিসেম্বর সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহার, বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হইবে আগামী ২১ জানুয়ারি। প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাইতে পারিবেন ২২ জানুয়ারি হইতে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে প্রকাশ, বিএনপিসহ সকল রাজনৈতিক দল, যাহারা নির্বাচনের অন্যতম অংশীজন; ঘোষিত তপশিলকে স্বাগত জানাইয়াছে। ইহাও তপশিল ঘোষণার মতোই এক শুভ সংবাদ।
আমরা জানি, তৎকালীন সরকার দ্বারা নির্বাচন ব্যবস্থা বিপর্যস্ত হইবার কারণে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন শুধু বিতর্কিতই ছিল না; সেইগুলিতে জনগণের অংশগ্রহণ ছিল শূন্যের নিকটবর্তী। ফলে একটা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন জাতীয় দাবিতে পরিণত হইয়াছিল। গত বৎসরের শিক্ষার্থী-জনতার অভ্যুত্থান সেই দাবি পূরণের পথ খুলিয়া দেয়। অস্বীকার করা যাইবে না, বিগত ১৫ মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি যদ্রূপ শান্ত হয় নাই, তদ্রূপ আইনশৃঙ্খলা পরিস্থিতিরও দৃশ্যমান উন্নতি হয় নাই। বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলদারিত্ব, মব সন্ত্রাসীদের দৌরাত্ম্য অব্যাহত। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ খাতেও কোনো সুখবর নাই। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এই পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়িয়াছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও জাইকার মতো বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগীও নির্বাচিত সরকারের সহিত কাজ করিবার আকাঙ্ক্ষা ব্যক্ত করিয়াছে। এমতাবস্থায় দেশি-বিদেশি সকল পর্যবেক্ষকের অভিমত– অবাধ ও সুষ্ঠু পরিবেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের ভিত্তিতে অনুষ্ঠিত গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়া গঠিত একটা সরকারই দেশকে এই হতাশাজনক পরিস্থিতি হইতে টানিয়া তুলিতে পারে। তাই ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে ইতোপূর্বে আমরা এই স্তম্ভে একাধিকবার সরকারসহ সকলের মনোযোগ নিবদ্ধ করিবার তাগিদ দিয়াছি।
প্রশাসন ও পুলিশ বাহিনীর উপর রাজনৈতিক দলগুলির আস্থা সৃষ্টির কর্মকাণ্ডের অংশরূপে ইতোমধ্যে মাঠ প্রশাসন ও পুলিশে ব্যাপক রদবদল আনা হইয়াছে। নির্বাচন কমিশনও দেশে ভোটার তালিকা চূড়ান্তকরণ, তৎসহিত প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম দ্রুতগতিতে আগাইয়া লইতেছে। নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী ক্রয়সহ অন্যান্য প্রস্তুতি নির্বাচন কমিশন ভালোই লইয়াছে বলিয়া অনুমিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নাজুক অবস্থায়। খুনখারাবি প্রায় নিয়মিতই ঘটমান। শুক্রবারই ঢাকা-১০ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের প্রধান নেতা ওসমান হাদী গুলিবিদ্ধ হইয়াছেন। এই নৃশংস ঘটনায় প্রমাণিত হয়– নির্বাচনকালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ইসির জন্য প্রধান চ্যালেঞ্জ হইবে। তবে তপশিল ঘোষণার পর নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীসহ সব কয়টি বাহিনীর প্রায় ৯ লক্ষ সদস্য নিয়োজিত থাকিবার কথা। ইহাতে হয়তো পরিস্থিতির উন্নতি হইতে পারে। আমরা মনে করি, গণপ্রতিনিধিত্ব আইনে (আরপিও) সংশোধন আনয়নের মাধ্যমে নির্বাচন কমিশন পূর্বের তুলনায় বেশি ক্ষমতায়িত হইয়াছে, যাহার প্রতিফলনরূপে বিশেষত সকল প্রার্থীর জন্য সমান সুযোগ ও খেলার সমতল মাঠ নিশ্চিতকরণে কমিশন সর্বোচ্চ আন্তরিকতার প্রমাণ রাখিবে। রাজনৈতিক দলগুলিও প্রয়োজনীয় সকল বিষয়ে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করিবে– এই আমাদের প্রত্যাশা।
