দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সরকার ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করে। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিদায়ের পর ২০২৪ সালের ৯ আগস্ট তিন পার্বত্য জেলা বাদে সব জেলা পরিষদে ও ১১ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়। বিভাগীয় ও জেলা পর্যায়ের শীর্ষ পদাধিকারী সরকারি আমলাদের ওপর এ দায়িত্ব অর্পণ করা হয়। মূল দায়িত্বের পাশাপাশি জেলা পরিষদ ও সিটি করপোরেশনে আমলাদের দায়িত্ব ছিল অতিরিক্ত ও সাময়িক। এ জন্য অনেক সময় তাদের মূল দায়িত্ব পালনে ব্যাঘাত সৃষ্টি হতো, কখনো অতিরিক্ত দায়িত্বও ঠিকমতো পালন করা সম্ভব হতো না।
এমতাবস্থায়, নতুন সরকার ক্ষমতায় এসে তাদের অতিরিক্ত দায়িত্বভার থেকে মুক্তি দিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। সরকারের এ সিদ্ধান্ত ও পদক্ষেপ অত্যন্ত যৌক্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট। আমরা সরকারের এ সিদ্ধান্ত ও পদক্ষেপকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। সরকারের লক্ষ্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, উন্নয়ন কর্মকা- দ্রুতায়িত করা এবং বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো। এ জন্য জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে পূর্ণকালীন দায়িত্বে নিয়োজিত প্রশাসকের আবশ্যকতা অনস্বীকার্য। যতদিন জেলা পরিষদসহ স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে ও নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্বে নিয়োজিত না হচ্ছে ততদিন এ ব্যবস্থার উত্তম বিকল্প আর হতে পারে না।
স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশের বৃহত্তম দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসীন হয়েছে। জনকল্যাণে তার বিভিন্ন কর্মসূচি আছে, প্রতিশ্রুতি আছে- সেগুলো বাস্তবায়ন করতে হলে শুরু থেকে তাকে কাজে নিয়োজিত হতে হবে। এ কাজ আমলা-প্রশাসকদের দিয়ে করার চেয়ে দলীয় প্রশাসকদের দিয়ে করালে তুলনামূলকভাবে অধিক সুফল লাভ করা সম্ভব হতে হবে। এই বিবেচনা থেকে আগে সিটি করপোরেশন ও পরে জেলা প্রশাসক হিসাবে যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। এখানে বিশেষভাবে উল্লেখ করা দরকার, বৃহত্তম দল হিসাবে বিএনপির নেতাকর্মীর অভাব নেই। গত সংসদ নির্বাচনে দেখা গেছে, একটি আসনে একাধিক, এমনকি ৫/১০ জন পর্যন্ত প্রার্থিতা দাবি ও প্রত্যাশা করেছে, প্রতিযোগিতায় শামিল হয়েছে। কিন্তু প্রতি আসনে দলীয় প্রার্থী হবে একজনই। তাই-ই করা হয়েছে। অন্যরা বঞ্চিত হয়েছে। দলের তরফে তখন বলা হয়েছিল, যারা বঞ্চিত হয়েছে, তাদের উপযুক্ত সময়ে মূল্যায়ন করা হবে। দেখা গেছে, যারা প্রশাসক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারা প্রায় সবাই সেই বঞ্চিত নেতাদের অন্তর্ভুক্ত অথবা জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থী। দলের জন্য তদের অপরিসীম ত্যাগ আছে। সেই ত্যাগের মূল্য দেয়া হয়েছে। সরকার একই সঙ্গে দুটি কাজ করেছে। প্রথমতঃ জেলা পরিষদ ও সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করে পরিষদ ও করপোরেশনের কাজে দায়িত্বশীলতা ও জবাবদিহির মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা করেছে। দ্বিতীয়তঃ দলীয় নেতাদের যথাযথ মূল্যায়ন করেছে।
প্রশাসন বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার পর্যায়ের কাঠামো ও প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও ক্ষমতায়িত করার বিকল্প নেই। সিটি করপোরেশন জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ইত্যাদি গড়ে উঠেছে প্রশাসনকে মানুষের সবচেয়ে কাছে নিয়ে যাওয়া, গণউন্নয়ন প্রত্যাশা পূরণ করা এবং সুশাসন ও সেবা নিশ্চিত করার জন্য। দুর্ভাগ্যজনকভাবে এটা সত্য যে, স্থানীয় সরকার ব্যবস্থাকে তখনই তুল্যমূল্য দেয়া হয়নি। তাকে যথার্থ ভার ক্ষমতায়িত করা হয়নি। স্থানীয় প্রশাসন ও স্থানীয় নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত করা হয়নি। জেলা প্রশাসনের সঙ্গে জেলা পরিষদের কিংবা উপজেলা প্রশাসনের সঙ্গে উপজেলা পরিষদের সম্পর্কের টানাপোড়েন অতীতে লক্ষ্য করা গেছে।
স্থানীয় এমপির সঙ্গে জেলা বা উপজেলা পরিষদের দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার কথাও কারো অজানা নেই। এই বাস্তবতায় জেলা-উপজেলা পর্যায়ের উন্নয়ন, সেবা ও অন্যান্য কর্মকা- ব্যাহত ও বিলম্বিত হওয়া স্বাভাবিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম সরকার ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। এ ব্যবস্থা তৃণমূল পর্যায়ের উন্নয়ন, উন্নয়নে স্থানীয়দের অংশগ্রহণ, আইন-শৃঙ্খলা সুরক্ষা বিচার-সালিশ সম্পাদন ইত্যাদির নিশ্চয়তা দিয়েছিল। একইসঙ্গে তৃণমূল নেতৃত্বের উন্নয়ন ও বিকাশের পথ উন্মুক্ত করেছিল। পরবর্তীততে গ্রাম সরকার ব্যবস্থাকে উপেক্ষা করা হয়েছে। বর্তমান সরকার গ্রাম সরকার ব্যবস্থাকে উন্নত, শক্তিশালী ও কার্যকর করে তুলবে, সঙ্গত কারণেই এ প্রত্যাশা দেশবাসীর। শহীদ প্রেসিডেন্ট জিয়া পানি সমস্যার সুরাহা ও সেচসুবিধা নিশ্চিত করার জন্য দেশব্যাপী খালখনন কর্মসূচী নিয়েছিলেন। এ পদক্ষেপ সেচের জন্য ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়েছিল এবং বাম্পার ফসল উৎপাদন উপহার দিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান খালখননের কর্মসূচী হাতে নিয়েছেন এবং গতকাল দিনাজপুরে এ কর্মসূচীর উদ্বোধন করেছেন। তার বেশ কিছু জনহিতকর কর্মসূচীও ইতোমধ্যে বিপুল প্রশংসা অর্জন করেছে।
শান্তি-শৃঙ্খলা, সুশাসন, আইনের শাসন ও মানবাধিকারের নিশ্চয়তা ছাড়া কোনো দেশ তার উন্নয়ন-সমৃদ্ধির লক্ষ্যে পৌঁছাতে পারেনা। নতুন সরকার এসব বিষয়ে শুরু থেকেই যথেষ্ট গুরুত্ব আরোপ করছে। জনগণকে শান্তি ও স্বস্তিতে রাখা, তাদের জানমালের-নিরাপত্তা বিধান করা, জবাবদিহি প্রতিষ্ঠা করা, জনঅধিকার ও মতামত প্রকাশের স্বাধীনতা স্বীকার করাসহ স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সরকারের বিবিধ দায়িত্বের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতির পুনরুদ্ধার ও বিকাশ একই পর্যায়ের দায়িত্বের মধ্যে পড়ে। অর্থনীতির অবস্থা মোটেই ভালো নয়। হালের ইরানযুদ্ধ ভঙ্গুর অর্থনীতির ওপর জোর আঘাত হানতে পারে বলে আশংকা করা হচ্ছে। উচ্চমূল্যস্ফীতি, দারিদ্র্যের বিস্তার, বেকারত্ব বৃদ্ধি ইত্যাদি মারাত্মক উদ্বেগজনক বলে বিবেচিত হচ্ছে। এমতাবস্থায় সরকারকে অত্যন্ত ভেবে-চিন্তে পদক্ষেপ নিতে হবে। বিদ্যমান পরিস্থিতি উত্তরণে প্রশাসনকে শক্তিশালী ও অধিকতর কার্যকর করতে হবে। সেই সঙ্গে দলকে দলের নেতকর্মীদের সুশৃংখলভাবে কাজে লাগাতে হবে। প্রশাসন ও দলের সর্ব পর্যায়ের কাজ হতে হবে জনগণের স্বার্থে ও জনগণের কল্যাণে। আমরা সঙ্গতকারণেই আশা করি, নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসনসহ অন্যান্য পর্যায়ে যারা নতুন করে দায়িত্ব লাভ করেছে, তারা আন্তরিকতার সাথে সততার সাথে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করবে।
