ভূরাজনৈতিক অস্থিরতার কারণে দেশে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে জ্বালানি নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা নিয়ে আলোচনার হিড়িক পড়ে যায়। বিভিন্ন মহল থেকে নানা পরামর্শ হাজির করা হয়। নীতিনির্ধারকরা সেগুলো শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতিও দেন। কিন্তু সমস্যা হলো, এগুলো শেষ পর্যন্ত স্রেফ আলোচনা এবং নথিভুক্ত হয়েই থেকে যায়; সমাধান হয় না। যে কারণে ২০২২-এর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দেশ জ্বালানি সংকটে পড়ে। আবার ২০২৬-এ এসেও মধ্যপ্রাচ্যে সংঘাত ঘিরে দেশে জ্বালানি সংকট তীব্রতর হয়, যার বহুমাত্রিক অভিঘাত এসে পড়ে অর্থনীতিতে। তারপর অভিঘাতের মধ্যেও আলোচনার ব্যাপ্তি বাড়ে, কিন্তু সমাধান অধরাই রয়ে যায়।

পৃথিবীর বহু দেশ বিভিন্ন সময়ে জ্বালানি সংকটের মধ্যে পড়েছে, যা অর্থনৈতিক ঝুঁকি বাড়িয়েছে। তবে সবসময় তা আন্তর্জাতিক কারণে নয়, অনেক ক্ষেত্রে স্থানীয় কারণেও ঘটেছে। কারণ পৃথিবীব্যাপী জীবাশ্ম জ্বালানির মজুদ সীমিত। চাহিদার ঘাটতি পূরণে দেশগুলো তাই জ্বালানি রূপান্তরের দিকে এগিয়েছে। এর অংশ হিসেবে নবায়নযোগ্য উৎস থেকে জ্বালানি উৎপাদনকে গুরুত্ব দিয়েছে। সে মোতাবেক নীতি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে। এমন এক সফল উদাহরণ হলো পাকিস্তানের জ্বালানি খাত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাতে জ্বালানি সংকট ও বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়ে যায়। সে চাপ সামলাতে দেশটি সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ব্যাপক নীতি সহায়তা ও করছাড় দেয়। ফলে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়েও সৌরবিদ্যুৎ স্থাপনের প্রবণতা বাড়ে। ফলে যেখানে ২০২২ সালের জুলাই পর্যন্ত দেশটিতে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব এ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল প্রায় ৬০০ মেগাওয়াট, সেটি গত বছরের জানুয়ারিতে ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। ফলে দেশটির অর্থনীতিও অনেকাংশে চাপমুক্ত হয়েছে। এদিকে জ্বালানি রূপান্তরে পিছিয়ে থাকার কারণে বাংলাদেশ বছরে প্রায় ৩ বিলিয়ন ডলার ক্ষতির মুখোমুখি হচ্ছে। অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানে স্থবিরতা, সৌরবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে না পারা, গ্যাসের সিস্টেম লস, ফার্নেস অয়েল বিদ্যুৎ কেন্দ্র এবং ডিজেলচালিত সেচ পাম্পের ওপর নির্ভরতা ইত্যাদি জ্বালানি খাতকে ব্যয়বহুল করে তুলেছে। এর বড় দায় রয়েছে পরিকল্পনাগত ত্রুটি এবং বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকারের দুর্বলতার।

জ্বালানি খাতে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত সিদ্ধান্ত, বিনিয়োগের অগ্রাধিকারে অসংগতি এবং নীতিগত ধারাবাহিকতার অভাব রয়েছে। ফলে একদিকে কমে যাচ্ছে নিজস্ব গ্যাসের উৎপাদন, অন্যদিকে বাড়ছে উচ্চমূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিনির্ভরতা এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে ১২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম বলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২০২৬ সালের সূচকে উল্লেখ করা হয়েছে। এ সূচকের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার শ্রীলংকা, ভারত ও পাকিস্তানেরও পেছনে রয়েছে বাংলাদেশের অবস্থান। প্রয়োজনীয় প্রস্তুতি, অর্থায়ন, জমি, প্রযুক্তি ও অবকাঠামোগত সহায়তার ঘাটতি এ পিছিয়ে থাকার অন্যতম কারণ। অন্যদিকে ক্রমবর্ধমান চাহিদা পূরণে জীবাশ্ম জ্বালানির আমদানি বেড়েছে। অথচ আমদানি ব্যয় মেটাতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে, যা দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেনের ওপরও চাপ তৈরি করছে। ফলে এ ব্যয় কমানোর একটি বড় সুযোগ হতে পারত নবায়নযোগ্য জ্বালানি খাতকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা।

২০১০ সালে নেয়া বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনায় বলা হয়েছিল, ১০ বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি হবে মোট বিদ্যুৎ উৎপাদনের ১০ ভাগ। এর পরও বহুবার নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ঘিরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু কার্যকর রোডম্যাপের অভাব ও সহায়ক পরিবেশ গড়ে না তোলায় লক্ষ্যমাত্রা পূরণ তো হয়নি, বরং তা আজও ৩ শতাংশের ঘরে রয়ে গেছে। উপরন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া ৩১টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের লেটার অব ইনটেন্ট বাতিল করায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রকল্পগুলোর স্বচ্ছতা ও যৌক্তিকতা যাচাই করা প্রয়োজন হলেও নির্বিচারে বাতিলের পরিবর্তে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সেগুলো বাস্তবায়নের সুযোগ রাখা উচিত ছিল।

জ্বালানি সাশ্রয়ের আরেকটি বড় ক্ষেত্র হতে পারত গ্যাসের সিস্টেম লস নিয়ন্ত্রণ। ২০২৪-২৫ অর্থবছরে মোট গ্যাস সরবরাহের ৭ দশমিক ৯ শতাংশ সিস্টেম লস হিসেবে দেখানো হয়েছে। ২ শতাংশে নামিয়ে আনা গেলে বছরে প্রায় ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস সাশ্রয় সম্ভব ছিল, যার আর্থিক মূল্য প্রায় ৫৫ কোটি ডলার। অন্যদিকে প্রায় ১০ লাখ ডিজেলচালিত সেচ পাম্পের এক-তৃতীয়াংশ সৌরচালিত পাম্পে রূপান্তর করা গেলে বছরে প্রায় ২৪ কোটি ৪০ লাখ ডলারের ডিজেল আমদানি ব্যয় সাশ্রয় হতো বলে বিশ্লেষকদের প্রাক্কলন।

বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন সমন্বিত ও বাস্তবায়নযোগ্য জ্বালানি রূপান্তর পরিকল্পনা। কোন খাতে কত বিনিয়োগ হবে, কত সময়ে কী পরিমাণ সক্ষমতা তৈরি হবে এবং আমদানিনির্ভরতা কতটা কমবে, তার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। দেশীয় গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সৌরবিদ্যুৎ স্থাপনে শুল্ক ও করনীতি যৌক্তিক করা, সহজ অর্থায়ন এবং বেসরকারি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এক্ষেত্রে সফল দেশগুলোর জ্বালানি রূপান্তরের অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে। মনে রাখা প্রয়োজন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই, কিন্তু তা মোকাবেলার প্রস্তুতি নেয়া সম্ভব।