জুলাই গণঅভ্যুত্থানের পরও পূর্ববর্তী শাসনামলের ন্যায় রাষ্ট্রীয়ভাবে সাংবাদিক হেনস্তার যেই ধারা অব্যাহত, উহার সর্বশেষ উদাহরণ আনিস আলমগীরকে ডিবি তথা পুলিশের গোয়েন্দা শাখায় ডাকিয়া লইয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটকের ঘটনা। রবিবার রাত্রের এই ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য নিঃসন্দেহে উদ্বেগজনক। আমরা জানি, সাংবাদিক আনিস আলমগীর সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনায় সামাজিক ও সংবাদমাধ্যমে বিশেষত টেলিভিশন টকশোতে সরব ছিলেন। কিন্তু ভিন্নমত প্রকাশ কিংবা সমালোচনা কোনো অপরাধ হইতে পারে না; সন্ত্রাসবিরোধী আইনে মামলায় যুক্তকরণের তো প্রশ্নই আসে না। অস্বীকার করা যাইবে না, আনিস আলমগীর বিগত সরকারকে সমালোচনা, তৎসহিত কোনো কোনো বিষয়ে সমর্থনজ্ঞাপক মতামতও প্রকাশ করিয়াছিলেন। উহার সমালোচনা বর্তমান সরকারের সমর্থকরা করিতেই পারেন। তজ্জন্য সন্ত্রাসবিরোধী আইনে মামলা কোনো বিবেচনাতেই গ্রহণযোগ্য নহে। সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে প্রণীত কঠোর আইনকে সাংবাদিকতা ও মতপ্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক নীতির পরিপন্থি।
চলতি বৎসরের মে মাসে ‘মুক্ত গণমাধ্যম’ দিবসের প্রকাশিত তথ্যে আমরা গভীর উদ্বেগের সহিত লক্ষ্য করিয়াছি, অন্তর্বর্তী সরকারের সময়ে ‘হত্যা কিংবা হত্যাচেষ্টা’র অভিযোগে ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা এবং ১৩ জনকে কারাগারে প্রেরণ করা হইয়াছে। অথচ গত বৎসর ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘মন খুলিয়া সমালোচনা’ করিবার আহ্বান জানাইয়াছিলেন। তিনি আরও বলিয়াছিলেন, সংবাদমাধ্যম ও মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হইয়াছে। কিন্তু বাস্তবতা যে ভিন্ন এবং পূর্বের কর্তৃত্ববাদী সরকারের সহিত ইতরবিশেষ নহে– উহা গত দেড় বৎসরে প্রমাণিত।
আমরা স্মরণ করাইয়া দিতে চাহি, সরকার বা রাষ্ট্রীয় নীতির সমালোচনা কোনো অপরাধ নহে; বরং স্বাধীন ও সমালোচনামূলক সাংবাদিকতা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার অপরিহার্য অংশ। প্রধান উপদেষ্টার বক্তব্যও এই মতকে শক্তিশালী করে। উহার বিপরীতে যখন গ্রেপ্তার ও রিমান্ডে লওয়া হয় তাহাতে সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে ভীতি সঞ্চার ও ভিন্নমত দমনের বিপজ্জনক বার্তাই স্পষ্ট হইয়া ওঠে। বাংলাদেশের সংবিধানে স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করিতে সন্ত্রাসবিরোধী আইনের ন্যায় কঠোর আইন ব্যবহার ও হত্যা মামলা কেন?
সংগত কারণেই ইতোমধ্যে সম্পাদক পরিষদ যদ্রূপ আনিস আলমগীরের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করিয়াছে, তদ্রূপ দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসমূহও সোচ্চার হইয়াছে। ইহার ফলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তিই ক্ষুণ্ন হইতেছে। বলাবাহুল্য, সাংবাদিক গ্রেপ্তার শুধু নহে; নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হয় এইরূপ আরও উদাহরণ তৈয়ার হইয়াছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণে যথার্থই উঠিয়া আসিয়াছে, এই সরকার কেবল সন্দেহের বশবর্তী হইয়া সহস্র সহস্র মানুষকে গ্রেপ্তার করিয়াছে। পুলিশি হেফাজতে নির্যাতনের বিষয়ও বাদ যায় নাই। অর্থাৎ বিগত শাসনামলে যেইভাবে বিরোধীদের নির্যাতন, হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হইয়া গ্রেপ্তার করা হইয়াছিল, একই প্রবণতা এই সরকারের আমলেও স্পষ্ট।
আমরা মনে করি, মতপ্রকাশের জন্য এইরূপ গ্রেপ্তার বন্ধ করিতে হইবে। সাংবাদিক আনিস আলমগীরসহ যাহাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কিংবা ‘হত্যা মামলা’ দায়ের হইয়াছে, সেইগুলি প্রত্যাহার করিয়া গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হইবে। অন্তর্বর্তী সরকারপ্রধান যেই সদিচ্ছা ব্যক্ত করিয়াছিলেন, ইহার মাধ্যমে সরকারের হৃত ভাবমূর্তি উদ্ধার হইতে পারে।
তৎসহিত ইহাও বলা জরুরি, ইতোমধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করা হইয়াছে। এই সময়ে সরকারকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। গণতান্ত্রিক উত্তরণের পথে পরিবেশ যেন কোনোভাবেই বাধা হইয়া না দাঁড়ায়। ভোটাররা যেন ভীতিমুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করিতে পারেন, সেই নিশ্চয়তাও দিতে হইবে। স্বাধীন সংবাদমাধ্যম ব্যতীত ঐরূপ পরিবেশের নিশ্চয়তা মিলিবে কী প্রকারে?
