দেশে গ্যাস ও বিদ্যুত সংকটকে ভয়াবহ বললেও কম বলা হবে। মানুষের প্রাত্যাহিক জীবন থেকে শুরু করে যোগাযোগ, শিল্পোৎপাদনসহ সব খাত এই দুই উপকরণের উপর নির্ভরশীল। এ দুটির সংকট হলে প্রায় সবকিছু অচল হয়ে পড়ে। প্রায় দেড়-দুই মাস হতে চলল এই সংকট কাটা দূরে থাক, দিন দিন শোচনীয় পর্যায়ে চলে যাচ্ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বস্তরের মানুষ চরম ভোগান্তি ও দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। অথচ এই সংকট মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিশেষ কোনো উদ্যোগ মানুষের কাছে দৃশ্যমান নয়। মানুষ কেবল দেখছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পরিবর্তন। অথচ এই পরিবর্তন গভীর সংকটের মধ্যে থাকা সাধারণ মানুষের কাছে তেমন কোনো আগ্রহ তৈরি করছে না। তাদের একটাই প্রত্যাশা, সরকার তাদেরকে গ্যাস সংকট ও অসহনীয় লোডশেডিং থেকে দ্রুত মুক্তি দিক।
গ্যাস ও বিদ্যুতের সংকট কতটা তীব্র হলে গার্মেন্টসহ অন্যান্য অসংখ্য শিল্পকারখানা বন্ধ হয়ে যায়, হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ে, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসে, তা বুঝতে অসুবিধা হয় না। সরকারের ভাগ্যই বলতে হবে যে, ভয়াবহ সংকটে থাকা সাধারণ মানুষ এখনো গ্যাস-বিদ্যুতের জন্য ক্ষুব্ধ হয়ে সেভাবে মাঠে নামেনি। তারা ধৈর্য্যরে পরিচয় দিচ্ছে, এই আশায়, শিঘ্রই তারা এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে। তবে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে তারা যে আন্দোলনে নামবে না, এ গ্যারান্টি দেয়া যায় না। গতকাল ইনকিলাবসহ বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় গ্যাস-বিদ্যুতের অভাবে বিপর্যস্ত জনজীবন ও কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়াসহ বেকারত্ব বৃদ্ধি সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে। এই সংবাদ নতুন নয়। ধারাবাহিকভাবে তা প্রকাশিত হচ্ছে।
তবে সংবাদ প্রকাশিত হলেও গ্যাস-বিদ্যুতের সংকট মোচনের কোনো সুখবর পাওয়া যাচ্ছে না। বরং দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। গ্যাসের পাম্পগুলোতে যানবাহনের লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। একজন সিএনজি চালককে যদি পাঁচ-ছয় ঘন্টা গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে সে কখন আয়-রোজগার করবে? মালিককেই বা কীভাবে টাকা দেবে? অন্যদিকে, বাসাবাড়িতে চুলা জ¦লছে না। রান্নাবান্না করতে গিয়ে গৃহিনীদের ভোগান্তির শেষ নেই। ভাদ্রের ভ্যাপসা গরমের মধ্যে লোডশেডিংয়ে মানুষের হাঁসফাস অবস্থা। শিল্পকারখানাগুলোর উৎপাদন কমে গেছে। অনেক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকালের সংবাদ থেকে জানা যায়, গত ১০ আগস্ট থেকে গ্যাস-বিদ্যুতের সংকটে একটি বৃহৎ শিল্পগোষ্ঠীর ৫৭টি কারখানা বন্ধ রয়েছে।
এসব কারখানায় চিনি, ভোজ্য তেল, আটা, ময়দা, সুজি, সিমেন্ট, কাগজসহ বিভিন্ন পণ্য উৎপাদিত হয়। আরেকটি বৃহৎ গ্রুপের প্রায় ২০টি কারখানা বন্ধ রয়েছে। বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস-বিদ্যুৎ সংকটে কারখানা বন্ধসহ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, হবিগঞ্জে ১৭১টি কারখানা কয়েকদিন ধরে পুরোপুরি বন্ধ রয়েছে। নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে দুইশ’র বেশি কারখানা বন্ধ। গ্যাস সংকটে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে গার্মেন্ট খাতে। দেশের শীর্ষ রপ্তানি বাণিজ্যের এ খাতে নীরব হাহাকার চলছে। বায়ারদের অর্ডার কমে গেছে, যেসব অর্ডার রয়েছে, তা সময়মতো সরবরাহ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ শিল্পে সুতা উৎপাদন থেকে ডাইং ও ফিনিশিং পর্যন্ত প্রতিটি ধাপ পরস্পরের সাথে সম্পৃক্ত। একটি ধাপ বন্ধ হলে পরবর্তী ধাপের উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে সময়মতো পণ্য উৎপাদন হয় না, রপ্তানিও ব্যাহত হয়। এ খাতের সাথে ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে প্যাকেজিং, লেভেলিং, পলিব্যাগ, চেইন, বুতামসহ বিভিন্ন কারখানা যুক্ত। গ্যাস-বিদ্যুত সংকটে একটি গার্মেন্ট বন্ধ বা উৎপাদন কমে গেলে এর প্রতিক্রিয়া এসব ব্যাকওয়ার্ড লিংকেজ কারখানার উপর পড়ে। শুধু তাই নয়, একটি গার্মেন্ট কারখানা বা শিল্পাঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনেক দোকানপাট গড়ে উঠে। এগুলোরও বিক্রি-বাট্টা বন্ধ হয়ে যায়। গার্মেন্টের শ্রমিক-কর্মচারি তো বেকার হয়ই। ইতোমধ্যে হাজার হাজার কর্মজীবী বেকার হয়ে গেছে।
এতে কত পরিবার অচল হয়েছে এবং দেশের অর্থনীতিতে কতটা চাপ সৃষ্টি হয়েছে, তা অনুমান করতে কষ্ট হয় না। গ্যাস-বিদ্যুতের এই যে, শোচনীয় পরিস্থিতি, এর কারণ কি? অর্থনীতিবিদ ও জ¦ালানি বিশেষজ্ঞরা বলেছেন, এর জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অদক্ষতা, অদূরদর্শিতা ও সময়মতো উদ্যোগ না নেয়াই দায়ী। গ্যাসের মজুদ কতটা রয়েছে, কতদিন পর্যন্ত স্বাভাবিক সরবরাহ করা যাবে ইত্যাদির যথাযথ হিসাব করে যদি সময়মতো পদক্ষেপ নিত, তাহলে এই সংকট এতটা তীব্র হতো না। যুদ্ধ পরিস্থিতির বাস্তবতা মেনে নিয়েই কীভাবে সময় মতো গ্যাস সংগ্রহ করা যায়, সেই ব্যবস্থা নেয়া উচিৎ ছিল। এ কাজটি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পুরোপুরি ব্যর্থ হয়েছে। সরকারকে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়া জরুরি গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত নিরসন।
কারণ, মানুষের মধ্যে এ নিয়ে ক্ষোভ-বিক্ষোভ ক্রমেই বাড়ছে। এ ক্ষোভ যদি অচিরেই প্রশমিত করা না যায়, তাহলে সরকারের জন্য তা অশনি সংকেত। দুঃখের বিষয়, গ্যাস-বিদ্যুৎ সংকট কীভাবে সমাধান করা যায়, এ নিয়ে সরকারের তেমন কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। দেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ভঙুর অর্থনীতিতে গ্যাস ও বিদ্যুৎ সংকট মারাত্মক অভিঘাত সৃষ্টি করেছে। সরকারের উচিৎ, এই মুহূর্তের সংকটের দ্রুত সমাধান করা। গ্যাস-বিদ্যুতের এই সংকট থেকে উত্তরণে কী করা যায়, তা নিয়ে বিরোধীদলের সাথে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা দরকার। ইতোমধ্যে এ সংকট থেকে উত্তরণে বিরোধীদল সংসদের বিশেষ অধিবেশন ডেকে আলোচনার প্রস্তাব দিয়েছে। এতে বিভিন্ন পরামর্শ ও সমাধানের পথ বের হতো। সরকার তা আমলে নেয়নি। অন্যদিকে, ব্যবসায়ী, শিল্পকারখানার মালিকদের সাথে বসেও সংকট সমাধানে সরকার ব্যাপক আলাপ-আলোচনা করতে পারত। এতেও কোনো না কোনো পথ বের হতো। এ ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না। বলার অপেক্ষা রাখে না, সংকট সমাধানের কার্যকর উদ্যোগ না নিয়ে কেবল বক্তব্য-বিবৃতি দিলে তার সমাধান হবে না। কাউকে দোষারোপ করে কিংবা কোনো উসিলা দিয়ে এখন পার পাওয়া যাবে না। এটা সাধারণ মানুষ সরকারের ব্যর্থতা হিসেবে দেখছে। তারা দেখতে চায়, সরকার চলমান গ্যাস-বিদ্যুৎ সমস্যা ও সংকট নিরসনে কী করছে। কত দ্রুত সংকটের সমাধান করছে।
