রাজধানীসহ সারাদেশে পরিবেশদূষণের মাত্রা বৃদ্ধি পাওয়া নতুন কিছু নয়। বছরের পর বছর ধরেই চলছে। পরিবেশদূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় থেকে শুরু করে বহু এনজিও থাকলেও তাতে দূষণ কমেছে, এমন নজির নেই। বরং নতুন নতুন দূষণের উৎস তৈরি হচ্ছে। বায়ুদূষণ, পানিদূষণ, শব্দদূষণ ইত্যাদির পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে ব্যাটারিচালিত রিকশার পরিত্যক্ত ব্যাটারির তেজস্ক্রিয়তার দূষণ। গতকাল দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ব্যাটারিচালিত রিকশার পরিত্যক্ত ব্যাটারি রিসাইকেল না করে যত্রতত্র ফেলে রাখার কারণে সিসাদূষণ ঘটছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। হিসাব অনুযায়ী, শুধু রাজধানীতে এখন ব্যাটারিচালিত রিকশা চলছে কমপক্ষে ২০ লাখ। প্রতি রিকশায় চারটি ব্যাটারি থাকে। ২০ লাখ রিকশায় থাকে ৮০ লাখ ব্যাটারি। প্রতি রিকশার ব্যাটারি বছরে দুইবার বদলাতে হয়। এ হিসেবে বছরে ৩ কোটি ২০ লাখ ব্যাটারি পরিত্যক্ত হয়। প্রতিটি ব্যাটারিতে প্রায় ১০ থেকে ১৫ কেজি সিসা থাকে। ফলে পরিত্যক্ত ব্যাটারি থেকে শত শত টন সিসা পরিবেশের সাথে মিশে যাচ্ছে। এসব বিষাক্ত সিসা পানি ও বাতাসে মিশে বিষক্রিয়ার সৃষ্টি করছে। খাদ্য ও নিঃশ্বাসের সাথে মানবদেহে প্রবেশ করছে। এতে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশুরা এর মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। বহু শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে। বিকলাঙ্গ ও প্রতিবন্ধী হচ্ছে। বয়স্করা হৃদরোগ, কিডনি-লিভার রোগ, ডায়বেটিসসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ব্যাটারিচালিত রিকশা শুধু পরিবেশ ও জনস্বাস্থ্যেরই ভয়াবহ ক্ষতি করছে না, এগুলো চুরি করা লাইন দিয়ে চার্জ দিতে গিয়ে প্রচুর বিদ্যুত খরচ করছে। এতে বিদ্যুতের যেমন সংকট সৃষ্টি হচ্ছে, তেমনি সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে।

রাজধানী বহু আগেই বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হয়েছে। যুক্তরাজ্যের বিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনোমিস্টের সহযোগী প্রতিষ্ঠান ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-এর জরিপে বহু বছর আগেই ঢাকাকে বিশ্বে বসবাসের অযোগ্য ও অসভ্য নগরী হিসেবে উল্লেখ করেছে। অপ্রতুল নাগরিক সুযোগ-সুবিধা, যানজট, পরিবেশদূষণ, বায়ূদুষণ, পানিদূষণ, শব্দদূষণ ইত্যাদির কারণে ঢাকা বিশ্বের নিকৃষ্টতম শহরের একটিতে পরিণত হয়েছে। আমরা প্রায় প্রতিদিন রাজধানীর বায়ুদূষণের খবর পাই। এই দূষণের মানদ- হিসেবে রাজধানী তালিকার শীর্ষ পাঁচের মধ্যে থাকে। এর মধ্যে নতুন দূষণ হিসেবে যুক্ত হয়েছে ব্যাটারিচালিত রিকশার পরিত্যক্ত ব্যাটারি থেকে নির্গত সিসাদূষণ। কোনো ধরনের রিসাইকেল বা পরিশোধন ছাড়াই এসব ব্যাটারি যত্রতত্র ফেলা হচ্ছে।

কয়েক বছর ধরে এই ভয়াবহ দূষণ ঘটে চলেছে। এসব ব্যাটারিচালিত রিকশা সিটি করপোরেশন বা সরকারের কোনো সংস্থা থেকেই অনুমোদন দেয়া হয় না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, এসব রিকশার অনুমোদন তারা দেয় না। স্থানীয়ভাবে এগুলো তৈরি করে চালানো হচ্ছে। কোনো সভ্য নগরিতে অনুমোদনহীন লাখ লাখ যানবাহন অবাধে সড়কজুড়ে চলতে পারে, এটা কল্পনাও করা যায় না। অথচ ঢাকায় চলছে। এগুলো কি দেখার কেউ নেই। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারিচালিত রিকশা যানবাহনের ক্ষেত্রে ভয়াবহ উপদ্রব হয়ে উঠেছে। দুর্ঘটনা, যানজট তৈরি থেকে শুরু করে এগুলোর পরিত্যক্ত ব্যাটারি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠেছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।

নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করা দূরে থাক, উল্টো এ সরকারের দেড় বছরে রাজধানীতে ১২ লাখ রিকশা প্রবেশ করেছে। এর অর্থ হচ্ছে, সরকার এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আরও ব্যর্থ হয়েছে পরিবেশ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের উপদেষ্টা একজন পরিবেশ আইনবিদ এবং বহুবছর ধরে কাজ করছেন। অথচ সরকারের উপদেষ্টা হয়ে পরিবেশের কোনো উন্নতি করতে পারেননি। পলিথিন নিষিদ্ধ করা নিয়ে তিনি বেশ হাঁকডাক দিয়েছিলেন। দেখা গেছে, এ কাজ তিনি করতে পারেননি। অবৈধ দখলে থাকা নদী-নালা উদ্ধার ও দূষণমুক্ত করতে পারেননি। কেবল কোথায় কে সাদাপাথর তুলে নিয়ে গেছে, এ নিয়ে সরব হয়েছেন। অথচ পরিবেশ দূষণের যতগুলো উৎস ও কারণ রয়েছে, তার কোনো উন্নতি করতে পারেননি। ব্যাটারিচালিত রিকশার পরিত্যক্ত ব্যাটারি যে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে, এদিকে কোনো নজর নেই। নগরীর বর্জ্য ব্যবস্থাপনায়ও কোনো উন্নতি হয়নি। নগরীতে গৃহস্থালী বর্জ্য থেকে শুরু করে মেডিক্যাল, কেমিক্যালসহ অন্যান্য যে হাজার হাজার টন বর্জ্য উৎপাদিত হয়, সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনাও করতে পারেনি। আগের মতো যেভাবে চলার সেভাবেই চলছে। এসব ক্ষেত্রে দুই সিটি করপোরেশন তো বটেই পরিবেশ মন্ত্রণালয়ও পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। পরিবর্তন বলতে কিছুই হয়নি।

অনেক দেশ বিদ্যুৎ চালিত পরিবেশবান্ধব যানবাহন চালু করেছে। এসব যানবাহনে বিদ্যুতের চার্জকৃত ব্যাটারি ব্যবহৃত হয়। তারা মেয়াদোত্তীর্ণ ব্যাটারির বিষাক্ত সিসা থেকে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার ব্যবস্থাপনা গড়ে তুলেছে। আমাদের দেশে এর কোনো বালাই নেই। একদিকে অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশা চলছে, অন্যদিকে এগুলোর রিসাইকেলবিহীন ব্যাটারি পরিবেশের দূষণ করছে। পরিবহন বিশেষজ্ঞরা বলেছেন, রাজধানীর মূল সড়কে অনুমোদনহীন এসব রিকশা চলাচল যেমন আইনের লঙ্ঘন, তেমনি এই আইন ভাঙতে সরকার সহায়তা করছে। সরকারের উচিৎ, সড়কের নতুন উৎপাত ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করা অথবা পরিবেশ সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়া। যেহেতু যাতায়াত ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ রিকশার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না, তাই পর্যবেক্ষকদের মতে, কোটি কোটি পরিত্যক্ত ব্যাটারি রিসাইকেল করে পরিবেশদূষণ রোধ করার ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধিসহ সিটি করপোরেশন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে মনিটরিং টিম গঠন করতে হবে। পাঠ্যপুস্তকে এ ব্যাপারে সচেতনতামূলক অধ্যায় যুক্ত করা যেতে পারে। ব্যাটারিচালিত রিকশার কারণে পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যের জন্য হুমকির যে উৎস সৃষ্টি হয়েছে, তা প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।