রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখিতে বুধবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই অংশীজনদের লইয়া যেই মতবিনিময় সভার আয়োজন করিয়াছিল, উহা সময়োচিত, সন্দেহ নাই। রোজার মৌসুম সূচিত হইবার যদিও এখনও প্রায় তিন মাস বাকি; সময় থাকিতেই এক ফোঁড় দিবার বিকল্প নাই। বিশেষত জনপ্রিয় কিছু ইফতারসামগ্রী যেহেতু বহুলাংশে আমদানির্ভর, ঐগুলির বাজার স্থিতিশীল রাখিতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ লইতে হইবে বৈ কি। বস্তুত, আলোচনা সভা হইতে অন্তর্বর্তী সরকারের প্রতি যেই সকল দাবি উঠিয়াছে, সেইখানে আমদানি শুল্ক হ্রাসের প্রশ্নটিও প্রধান। হস্তে যথেষ্ট সময় লইয়া সুস্থির ও সুষ্ঠু আমদানি প্রক্রিয়ার কথা ভাবিতে হইবে এই কারণেও যে, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক কারণে পণ্যের গতানুগতিক গন্তব্যগুলিও গত দেড় বৎসরে যথেষ্ট পরিবর্তন হইয়াছে।

রমজানে নিত্যপণ্যের উৎপাদন, আমদানি, মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনামূলক ঐ সভায় পণ্যের সরবরাহ বৃদ্ধি লইয়া পাইকারি ব্যবসায়ীগণের অপর দাবিটি যদিও আমদানির সহিত সম্পর্কিত, কেবল শুল্ক হ্রাসেই সমাধান মিলিবে না। আমদানিকে উৎসাহিত করিয়া সরবরাহ ঠিক রাখিতে শুল্ক হ্রাসের পদক্ষেপও কীভাবে মজুতদারির কারণে কাঙ্ক্ষিত সুফল আনিতে পারে নাই, অতীতে আমরা অনেকবারই দেখিয়াছি। এই বৎসর উহার পুনরাবৃত্তি কাম্য নহে। সামান্য অংশ আমদানিজনিত অস্থিতিশীলতার কারণে কোনো পণ্যের সামগ্রিক সরবরাহ ব্যবস্থাই অস্থিতিশীল করিয়া তুলিবার নজিরও রহিয়াছে। আলোচ্য সভায় কারওয়ান বাজারের আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি উদাহরণ দিয়াছেন, কীভাবে পেঁয়াজের চাহিদার প্রায় ৯০ শতাংশ দেশে উৎপাদিত হইলেও অবশিষ্ট ১০ শতাংশের আমদানিজনিত জটিলতার অজুহাতে দরবৃদ্ধি ঘটিয়া থাকে। তাঁহার এই বক্তব্যও অভিজ্ঞতাজাত, পণ্যটির দাম ‘সেঞ্চুরি’ পার করিবার পরই কেবল সরকার আমদানির প্রয়োজন অনুভব করিতেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যবাজারে বৃহৎ পুঁজির ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি সময়মতো পণ্য সরবরাহ না করিয়া দরবৃদ্ধিতে ইচ্ছাকৃত ভূমিকা রাখে বলিয়া পাইকারি ব্যবসায়ীরা যেই অভিযোগ করিয়াছেন, উহা প্রণিধানযোগ্য। সভায় উপস্থিত আমদানিকারক প্রতিষ্ঠানগুলির পক্ষে সমুদ্র ও স্থলবন্দরে পণ্য খালাসের অবকাঠামোগত ঘাটতি ও অব্যবস্থাপনার যেই কারণ তুলিয়া ধরা হইয়াছে, উহা উপেক্ষার অবকাশ নাই। বন্দরে পণ্যজট সৃষ্টি হইলে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়া স্বাভাবিক।

অবশ্য ভুলিয়া যাওয়া চলিবে না, রমজান মাস সম্মুখে রাখিয়া ব্যবসায়ীগণের মূল দাবি অবশ্য ছিল চাঁদাবাজি নিয়ন্ত্রণ। পণ্য সরবরাহ সংকট লইয়া আমদানিকারক বা পাইকারি ব্যবসায়ীগণের মধ্যে দ্বিমত থাকিলেও এই ক্ষেত্রে সকলে একমত। আমরাও অত্র স্তম্ভে প্রায়ই তাগিদ দিয়া থাকি, বাজার স্থিতিশীল রাখিতে হইলে প্রত্যক্ষ ও পরোক্ষ সকল প্রকার চাঁদাবাজি বন্ধের বিকল্প নাই। বিশেষত ইহা বুঝিবার জন্য বিশেষজ্ঞ হইতে হয় না যে, পণ্য আমদানি, খালাস, পরিবহন, পাইকারি কিংবা খুচরা বাজারে অবতরণসহ বিভিন্ন পর্যায়ে যেই চাঁদাবাজি ঘটিয়া থাকে, উহার চূড়ান্ত ভুক্তভোগী ভোক্তাসাধারণ। আবার এত আলোচনা, আয়োজন, প্রতিবেদন ও অভিযান সত্ত্বেও চাঁদাবাজি বৎসরের পর বৎসর টিকিয়া থাকে, যাহা ‘ওপেন সিক্রেট’। আমরা প্রত্যাশা করিয়াছিলাম, পণ্য সরবরাহ ও বিপণন ব্যবস্থায় চাঁদাবাজি অন্তত অ-রাজনৈতিক সরকারের সময় নিয়ন্ত্রণে আসিবে। কিন্তু মতবিনিময় সভায় ব্যবসায়ীগণ ‘চাঁদাবাজির প্রলয়’ সূচিত হইবার যেই অভিযোগ করিয়াছেন, উহা হতাশাজনক।

আমরা দেখিতে চাহিব, এফবিসিসিআই আয়োজিত সভায় অংশীজনের মতামত ও অভিযোগগুলি বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে লইবে। আইনশৃঙ্খলা বাহিনীও ব্যবসায়ীগণের অভিযোগমতো তাহাদের ‘নিশানা করিয়া’ অভিযানের পরিবর্তে চাঁদাবাজি বন্ধে অভিযান চালাইবে। চাঁদাবাজদিগের সহিত ‘পুলিশের দহরম-মহরম সম্পর্ক’ লইয়া ব্যবসায়ীদের গুরুতর অভিযোগ খতাইয়া দেখা জরুরি। কেবল পুলিশ নহে; অন্যান্য সরিষার অভ্যন্তরে ভূত রাখিয়া যদ্রূপ চাঁদাবাজি কমিবে না, তদ্রূপ বাজারও স্থিতিশীল হইবে না।