বিএনপির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। গত শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়। শুক্রবার রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি এ দায়িত্ব নেন। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দলের সর্বশীর্ষ পদটি শূন্য হয়। গঠনতন্ত্রে শূন্যপদ পূরণের যে বিধান আছে, তা অনুসৃত হয়েছে।
গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্ব প্রসঙ্গে বলা হয়েছে, ‘যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।’ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ওইরাতে স্থায়ী কমিটির যে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে, তাতে সভাপতিত্ব করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সভায় স্থায়ী কমিটির তরফে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের সাফল্য কামনা করে দোয়া করা হয়েছে।
স্মরণ করা যেতে পারে, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর তারেক রহমান সপরিবারে দেশে ফেরেন। ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তকাল করেন তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে গেলে গঠনতন্ত্র অনুযায়ী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। সেই থেকে গত ৯ জানুয়ারি পর্যন্ত এ দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সঙ্গে পালন করেন। আরো স্মরণ করা যেতে পারে, তারেক রহমানের আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু হয়, ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে নাম লেখানোর মাধ্যমে।
জাতীয় রাজনীতিতে তার অবস্থান ও প্রভাব দৃশ্যমান হয় ২০০১ সালের জাতীয় নির্বাচনের সময়। ওই সময় বিএনপির নির্বাচনী কৌশল ও মাঠপর্যায়ে দলকে সংগঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তৃণমূল পর্যায়ে দলের বার্তা ও সাংগঠনিক প্রতিষ্ঠা অনেকটাই নিশ্চিত হয় তখনই। তারেক রহমান ২০০২ সালে দলের জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব মনোনীত হন। এরপর ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ৭ মার্চ তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান। সেখানে অবস্থানকালেই তিনি পূর্ববর্ণিত পরিস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। তখন থেকে গত ৮ বছর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এ সময় দলের ওপর প্রচ- ঝড় ঝাপটা এসেছে। দল ভাঙার অপচেষ্টা করেছে পতিত স্বৈরাচার। কিন্তু তারেক রহমানের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত সংযোগ ও ক্যারিশমেটিক নেতৃত্ব অভঙ্গ অবস্থায় দলকে সুরক্ষা করেছে।
যে কোনো বিবেচনায় বেগম খালেদা জিয়ার স্থলাভিষিক্ত হতে পারেন তারেক রহমানই। রাজনৈতিক পরম্পরা, একক ব্যক্তি হিসেবে দলের ওপর প্রভাব, তার প্রতি দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত আনুগত্য ও ভালোবাসা এবং সর্বোপরি নেতৃত্বের যোগ্যতা ও পারঙ্গমতাÑ সবকিছুই তার অনুকূলে। বিএনপির চেয়ারম্যান হওয়া তারেক রহমানের একান্তই পাওয়া। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার শাহাদাতবরণের পর তার স্ত্রী হিসেবে নন, যোগ্যতা বলেই দলীয় চেয়ারপারসন হন বেগম খালেদা জিয়া। চার দশকেরও বেশি সময় তিনি এ দায়িত্ব পালন করেন। তাদের সন্তান হিসাবে নন, তারেক রহমানও যোগ্যতা-অভিজ্ঞতা বলেই দলের চেয়ারম্যান হয়েছেন। এটা তার অর্জন। এতদিন ধরে দলে তার যে ভূমিকা ও অবদান, সেটাই তাকে এ পদের উপযুক্ত করেছে।
তারেক রহমান দলের চেয়ারম্যান হওয়ায় বিএনপির নেতাকর্মী-সমর্থকরা আনন্দ-উল্লাস প্রকাশ করেছে। তাদের কাছে এটাই ছিল প্রত্যাশিত। বিএনপির সর্বশীর্ষ পদে বরিত হওয়ায় আমরাও তারেক রহমানকে আন্তরিকভাবে শুভ কামনা ও অভিনন্দন জানাই। বলা নিষ্প্রয়োজন, তার নেতৃত্বে বিএনপির নব অধ্যায় সূচিত হলো। একদা বলা হতো, জিয়াউর রহমানের বিএনপি। তারপর বলা হতো বেগম খালেদা জিয়ার বিএনপি। এখন থেকে বলা হবে তারেক রহমানের বিএনপি। অতি অল্প সময়ে বিএনপিকে অত্যন্ত জনপ্রিয় দলে পরিণত করেছিলেন জিয়াউর রহমান। তিনি যতদিন জীবিত ছিলেন, দল ছিল ক্ষমতায়। বেগম খালেদা জিয়া তারই পথ ও পন্থা অনুসরণ করেন। তিনি তিন তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হন এবং তার জীবিতকালে তাকেই জাতির অভিভাবক হিসেবে গণ্য ও মান্য করা হতো। জিয়াউর রহমানের মতোই বেগম খালেদা ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরোধী, স্বাধীন-সার্বভৌম, গণতান্ত্রিক, মর্যাদাশীল বাংলাদেশ প্রতিষ্ঠার আপসহীন অগ্রসেনানী এবং ইসলামী মূল্যবোধে একনিষ্ঠ বিশ্বাসী। নেতৃত্বের এই পরম্পরা সামনে এগিয়ে নেয়া অত্যন্ত চ্যালেঞ্জিং। প্রশ্ন উঠতে পারে, তারেক রহমান কি এই চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে পারবেন? অভিজ্ঞজন ও পর্যবেক্ষকরা মনে করেন, পারবেন। দল ও জাতির নেতৃত্ব দেয়ার সব রকম সক্ষমতাই তার আছে। তার এখন দরকার, দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা।
তারেক রহমান ১৭ বছর নির্বাসনে কাটিয়ে দেশে ফিরেছেন। এর মধ্যেই মায়ের মৃত্যুর মতো গভীর শোকাবহ অধ্যায় তাকে অতিক্রম করতে হচ্ছে। সামনে বহুল আকাক্সিক্ষত নির্বাচন। এই নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বহুদলীয় রাজনীতিতে উত্তরণ, গণতন্ত্রায়ন, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার, বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান সংস্কার ও পুনর্গঠন ইত্যাদি এই নির্বাচনের ওপর নির্ভর করছে। সবচেয়ে বড় ও জনপ্রিয় দল হিসাবে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার কথা বিএনপিরই। দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন, বিএনপিই নির্বাচনে বিজয়ী হয়ে পরবর্তী সরকার গঠন করবে এবং দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তাই এ মুহূর্তে অনেক কাজ তারেক রহমানের।
অনেক কাজের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো, দলকে নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা। এ জন্য দলের প্রশাসনিক ও সাংগঠনিক কাজ দ্রুত শেষ করা। তার দেশে ফেরার ফলে ইতোমধ্যে দলের নেতাকর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা ও জাগরণের সৃষ্টি হয়েছে। নির্বাচনের আছে আর মাত্র এক মাস। মনোনয়নপত্র জমা দেয়ার কাজ শেষ হয়েছে। বাছাই শেষ হয়েছে। প্রার্থিতা গ্রহণ ও বাতিলের ওপর আপিল শুনানি হচ্ছে এখন। বিএনপির একটা বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে, বেশকিছু বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাওয়ায়। এ সমস্যার এখনই সমাধান না হলে ভোটে বিরূপ প্রভাব পড়তে পারে। তারেক রহমানের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব হলো, দলের একক প্রার্থী নিশ্চিত করা। যারা বিদ্রোহী হয়েছে তাদের বোঝানো, না হয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া।
এইসঙ্গে দলকে সম্পূর্ণ নির্বাচনমুখী করে তোলাও আবশ্যক। জোট ও সমমনা দলগুলোর মধ্যে আসন বণ্টনের যে সমস্যা ছিল তা আগেই শেষ হয়েছে। এ ব্যাপারে তারেক রহমানের ভূমিকা প্রশংসিত হয়েছে। এখন তাকে কীভাবে নির্বাচনে বিজয় অর্জন করা যাবে, তার কৌশল চূড়ান্ত করতে হবে। জনসম্পৃক্ততা বাড়াতে হবে। দলের ওপর জনগণের আস্থার মাত্রা বাড়াতে হবে। একটি জনবান্ধব ও দেশমুখী নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে হবে। জানা গেছে, ইশতেহার তৈরির কাজ এগিয়ে চলেছে। এও জানা গেছে, জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ৩১ দফার আলোকে ইশতেহার তৈরি করা হচ্ছে। আশা করা যায়, নির্বাচনী ইশতেহার জনগণের বিপুল সমর্থন লাভ করবে। তারেক রহমানের বিএনপি কেমন হবে, তা নিয়ে জল্পনা-কল্পনা, গুজব, অপপ্রচার কম নেই। এ ব্যাপারে পর্যবেক্ষকদের সুচিন্তিত অভিমত, নীতি, আদর্শ ও দর্শনে কোনো পরিবর্তন হবে না বিএনপির। বেগম খালেদা জিয়া বিএনপিকে একটি মধ্যপন্থী দল হিসাবে সংজ্ঞায়িত করেছেন। তারেক রহমানও তার ব্যতিক্রম করবেন না। সেটা বোঝা যায়, যখন তিনি বলেন, তার মা যেখানে শেষ করেছেন, সেখান থেকেই তিনি শুরু করবেন।
