কোনো প্রকার উস্কানি ব্যতিরেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালাইয়া যেইভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করিয়াছে, উহা জায়নবাদী রাষ্ট্র ও পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের আগ্রাসী চরিত্রই পুনরায় স্পষ্ট করিয়াছে।
সমকালসহ দেশীয়-বৈদেশিক সংবাদমাধ্যম জানাইয়াছে, শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আন্তর্জাতিক সকল আইন ও রীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ঐ হামলা শুরু করে। ইহাতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান এবং অন্য কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। শনিবারের হামলায় ইরানের একটি বিদ্যালয়ের শতাধিক শিশুও প্রাণ হারায়, যাহা মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবাজ সরকারগুলির বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ দৃঢ় করে। আমরা ইরানের উপর চাপাইয়া দেওয়া এই অন্যায় যুদ্ধে আয়াতুল্লাহ আলি খামেনিসহ হতাহতের ঘটনায় গভীর শোক ও সহানুভূতি জ্ঞাপন করিতেছি। বিশ্বের অন্য সকল শান্তিপ্রিয় ও যুদ্ধবিরোধী রাষ্ট্র, জাতি ও জনগণের ন্যায় আমরাও এই মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাই।
আমরা জানি, গত বৎসরের জুন মাসেও মার্কিন মদদে ইসরায়েল ইরানে অনুরূপ হামলা চালাইয়াছিল। তখন ইরানও ঐ হামলার জুতসই জবাব দিয়াছিল, যাহার ফলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ইরানের সহিত দ্রুত যুদ্ধবিরতিতে সম্মত হয়। এইবারও ইরান শুধু ইসরায়েল নহে, মধ্যপ্রাচ্যব্যাপী মার্কিন ঘাঁটিগুলিতেও পাল্টা হামলা চালাইতেছে। ইহার ফলে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ কিছু দেশে সাধারণ মানুষ হতাহত হইয়াছে। আমরা মনে করি, এই সকল হতাহতের দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধোন্মত্ত সরকারদ্বয়কেই বহন করিতে হইবে।
প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি লইয়া তাহার আপত্তির অংশ হিসাবে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন ধরিয়া ইরানকে হয় আলোচনায় বসিতে, না হয় যুদ্ধের জন্য প্রস্তুত থাকিতে ক্রমবর্ধমান হুমকি দিতেছিলেন। ইরান বরাবরই বিষয়টি লইয়া আলোচনার পক্ষপাতী ছিল। ওমানের মধ্যস্থতায় এইবারও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশটি যুক্তরাষ্ট্রের সহিত আলোচনায় বসে। প্রথম দফার আলোচনা শেষে উভয় পক্ষ গত ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা আলোচনার জন্য সুইজারল্যান্ডের জেনেভায় যায়। আলোচনা ইতিবাচক পথে আগাইতেছে– এমন সংবাদও আসিতেছিল। কিন্তু উহা সমাপ্ত হইবার পূর্বেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ইরানে সমন্বিত হামলা চালায়। ইহাতে স্পষ্ট হয়, আলোচনা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির জন্য ইরানকে ব্যস্ত রাখিবার বাহানা মাত্র।
বস্তুত বিগত কয়েক দশক ধরিয়া যুক্তরাষ্ট্র এবং তাহার মিত্রদের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম গুঁড়াইয়া দিয়া মধ্যপ্রাচ্যব্যাপী ইসরায়েলি আধিপত্য নিশ্চিতকরণের যেই অপচেষ্টা চলিতেছে, ইরানের উপর চলমান হামলা উহারই ধারাবাহিকতা। উক্ত আধিপত্য নির্বিঘ্নকরণের লক্ষ্যে বিশ্ব জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করিয়া ইসরায়েল লেবানন ও সিরিয়ায়ও সাম্প্রতিক সময়ে হত্যা ও ধ্বংসযজ্ঞ পরিচালনা করিয়াছে। তবে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার মধ্য দিয়া যুক্তরাষ্ট্র দেশটির উপর উহার নিরঙ্কুশ প্রভাব সৃষ্টির চেষ্টা করিলেও এই উদ্দেশ্য অর্জন সহজ নহে। ইরানে এখনও আগের সরকারই বহাল, যাহারা সর্বশক্তি দিয়া বিভিন্ন মার্কিন-ইসরায়েলি স্থাপনায় হামলার ঘোষণা দিয়াছে। অন্যদিকে কোনো কারণে সেখানে সরকার পরিবর্তন হইলেও পশ্চিম এশিয়া তথা বিশ্বের অন্যদেরও জন্য তাহা সুখকর হইবে না। কারণ সেই ক্ষেত্রে দেশটি লিবিয়া ও সিরিয়ার ন্যায় ছিন্নভিন্ন হইতে পারে, যাহার প্রভাব হইবে বহুবিধ। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে ইরানের অগ্রগণ্য ভূমিকা সর্বজনবিদিত। বৈশ্বিক বাণিজ্যে ইরানের প্রভাবাধীন হরমুজ প্রণালির ভূমিকা কাহারও অজ্ঞাত নহে।
আমরা মনে করি, বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ, তৎসহিত বিশেষত রাশিয়া ও চীনের ন্যায় বৃহৎ শক্তিগুলিকে আগাইয়া আসিতে হইবে। বিশ্বব্যাপী যুদ্ধবিরোধী মানুষদেরও সোচ্চার হইতে হইবে। অন্তত মার্কিন প্রেসিডেন্টকে বোঝাইতে হইবে– যে যুদ্ধবিরোধী প্রতিশ্রুতি দিয়া তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসিয়াছেন, তাহা রক্ষিত না হইলে শুধু তিনিই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াইবেন না; তাঁহার দলেরও ভরাডুবি ঘটিতে পারে। বাংলাদেশ সরকারেরও উচিত হইবে বৈশ্বিক বিবেক জাগ্রত করিয়া তুলিবার উদ্যোগে শামিল হওয়া।
