জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি’র নোট অব ডিসেন্ট উপেক্ষা করে ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রকাশের ঘটনাকে প্রতারণার সাথে তুলনা করেছেন। আর ঐকমত্য কমিশনের চেয়ারম্যান স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ঐকমত্য কমিশনের সুপারিশ, নির্বাচন কমিশনের আরপিও সংশোধনসহ সরকারের সামগ্রিক কর্মকা-ে জামায়াতের নিয়ন্ত্রণের ছায়া অনেকটাই স্পষ্ট। আর এই নিয়ন্ত্রণ দেশের সামগ্রিক স্থিতিশীলতা, নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে অনিশ্চয়তাসহ গভীর রেখাপাত করছে। দেশের রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বিধানের ক্ষেত্রে সরকারের কাছে যে জনপ্রত্যাশা ছিল, গত ১৫ মাসে তার সিকিভাগও অর্জিত হয়নি। উপরন্তু সর্বক্ষেত্রে অবনমন ও হতাশার ছাপ পরিলক্ষিত হচ্ছে। দেশের প্রধান রফতানিমুখী অর্থনৈতিক খাত গার্মেন্ট সেক্টরের ক্রমবর্ধমান সংকট নিরসনে সরকার তেমন কিছুই করতে পারেনি। শিল্পবাণিজ্যে এককভাবে সর্বোচ্চ কর্মসংস্থানের এই খাতটির প্রধান স্টেকহোল্ডার বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান অভিযোগ করেছেন, ৪০ বিলিয়ন ডলারের রফতানি বাণিজ্যের গার্মেন্ট শিল্পের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য চারমাসেও সময় না পেলেও মাত্র ১০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসা স্পেসএক্স স্টারলিঙ্ক সিইওর সাথে বৈঠকের সময় পান। এ থেকে বোঝা যায়, প্রধান উপদেষ্টা দেশের গুরুত্বপূর্ণ আভ্যন্তরীন অর্থনৈতিক বিষয়ের চেয়ে অপেক্ষাকৃত অগুরুত্বপূর্ণ বিদেশি বিষয়কে বেশি গুরুত্ব দেন। এভাবেই দেশ নানাবিধ সংকটের গ্যাঁড়াকলে আবদ্ধ হয়ে পড়েছে।

গার্মেন্টস খাতসহ দেশের সম্ভাবনাময় খাতসমূহে বিপুল বিনিয়োগের সুযোগ বার বার হাতছাড়া হয়েছে। হাসিনা রিজিমের মাঝামাঝি সময় থেকে দেশি-বিদেশি বিনিয়োগের খরা চলছে। দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশে বিনিয়োগ সম্ভাবনা থমকে দাঁড়িয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দুর্বৃত্তায়িত রিজিমের পতন ঘটলেও গত ১৫ মাসে সংকটাপন্ন অর্থনীতি ও শিল্পখাতের উন্নয়নে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। সংকট নিরসনের সরকারি উদ্যোগের অভাব এবং ব্যাংকিং সেক্টরের দেউলিয়াত্বসহ নানাবিধ কারণে গত কয়েক বছরে শত শত গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারিয়েছে। এহেন বাস্তবতায় গার্মেন্ট সেক্টরের সমস্যা নিরসনে সরকারের বিশেষ উদ্যোগ নেয়া দরকার ছিল।

উপরন্তু বিজিএমইএ’র পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের আবেদন জানিয়ে কয়েক মাসেও সাড়া না পাওয়ার যে অভিযোগ উঠেছে তা প্রত্যাশিত নয়। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই তার প্রায়োরিটি বুঝতে হবে। দীর্ঘদিনে জমে ওঠা সমস্যা-সংকটের সবকিছু অন্তর্বর্তী সরকারের পক্ষে হয়তো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে গার্মেন্ট সেক্টর, বৈদেশিক কর্মসংস্থান, নদী ভাঙ্গনের মতো সামাজিক-অর্থনৈতিক অনুঘটক খাতগুলো বিশেষ অগ্রাধিকার ভিত্তিক উদ্যোগের দাবি রাখে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে নদীভাঙ্গনের কারণে হাজার হাজার পরিবার ঘরবাড়ি, জমি-জিরাত হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে এসব বিষয়ে সরকারকে নজর দিতে হবে।

এই ডিসেম্বর নাগাদ দেশের দেড়কোটির বেশি মানুষ খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বলে সরকারের খাদ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের তিনটি সংস্থার সমন্বিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য প্রকাশিত হয়েছে। বিশেষত দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে সম্ভাব্য এ খাদ্য সংকট মোকাবেলায় সরকারের তেমন কোনো কর্মসহায়ক প্রকল্প নেই। সরকার তার অগ্রাধিকার নির্ধারণে স্পষ্টতই ব্যর্থ হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির কার্যকর উদ্যোগ ছাড়া দারিদ্র্যপীড়িত মানুষের জীবনমান উন্নয়ন ও জরুরি খাদ্য সংকট নিরসন সম্ভব নয়। এ ক্ষেত্রে দেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও নির্বাচন নিয়ে ধোঁয়াশা এখন বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে। দেশে নির্বাচিত সরকার না আসলে বিদেশি বিনিয়োগ আসবে না।

সম্প্রতি আইএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, নির্বাচনের আগে তারা তাদের ঋণচুক্তির ৬ষ্ঠ কিস্তির টাকা ছাড় দেবে না। সংকট নিরসনে নির্বাচন যতই প্রাসঙ্গিক ও অপরিহার্য হয়ে উঠেছে, একটি চক্র ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বানচাল কিংবা পিছিয়ে দেয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। খোদ প্রধান উপদেষ্টা নির্বাচন বানচালের নতুন ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন। এর সাথে জড়িত দেশি-বিদেশি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে একটি প্রতিকূল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন ড. ইউনূস।

এহেন বাস্তবতায় দেশের সব ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেয়া জরুরি হলেও সরকারের জামায়াত নির্ভর একপেশে নীতির কারণে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রশ্নে জামায়াত ও এনসিপি’র দাবির প্রেক্ষিতে বিএনপিকে পাশ কাটানোর কোনো সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়নের গ্যারান্টি ও গণভোটের আগে জাতীয় নির্বাচন না করতে জামায়াত ও এনসিপির অনড় অবস্থান পরিস্থিতিকে জটিল করে তুলছে। জামায়াতের নায়েবে আমীর ডা. আব্দুল্লা মোহাম্মদ তাহের এবং মহাসচিব মিয়া গোলাম পারোয়ার তাদের প্রস্তাব অনুসারে নভেম্বরের মধ্যে গণভোট না হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত মতবিরোধকে কাজে লাগিয়ে পতিত ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করে পুরো নির্বাচনী প্রক্রিয়াকেই ভন্ডুল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। প্রায় ১৫ মাসের ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্জিত সমঝোতা ও জুলাই সনদ বাস্তবায়নের জাতীয় ঐক্য অনেক বড় অর্জন। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যে কোনো পক্ষপাতমূলক আচরণ তাদের প্রতি আস্থার সংকট সৃষ্টি করতে পারে। তাই ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জামায়াতের প্রভাবমুক্ত হয়ে দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।