গত কয়েকদিন ধরে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় একটানা বৃষ্টিপাতে মানুষের দুর্দশা ও দুর্ভোগ চরমে পৌঁছেছে। শহরের রাস্তা-ঘাট ডুবে নদীর মতো হয়ে গেছে। কোথাও কোমর সমান, কোথাও গলা পর্যন্ত পানি। শহরগুলোর পানি নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা বলতে কিছু নেই। ড্রেনের দুষিত ও দুর্গন্ধযুক্ত পানিতে সড়ক সয়লাব হয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়েই জীবিকার তাকিদে মানুষকে চলতে হয়েছে এবং হচ্ছে। গতকাল রাজধানীতেও সকাল থেকে দুপুর পর্যন্ত অঝরে বৃষ্টি হয়ে অনেক সড়ক ডুবে গেছে। সড়কে জমে থাকা দূষিত পানির মধ্য দিয়েই মানুষকে হাঁটাচলা করতে হচ্ছে। এতে নানা ধরনের রোগবালাইয়ে আক্রান্ত হওয়াসহ স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতি নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে চলছে। এ নিয়ে পত্রপত্রিকায় বহু লেখালেখি হলেও তার বিন্দুমাত্র সুরাহা হয়নি। ড্রেনেজ সিস্টেম উন্নত করার জন্য বছরে হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও তার কোনো উন্নতি নেই। সহসা এর উন্নতি হবে, এমন কোনো আশাও দেখা যাচ্ছে না। ফলে জনগণের এই দুর্ভোগ কবে শেষ হবে, তার কোনো নিশ্চয়তা নেই।

প্রচুর বৃষ্টিপাত এবং উজানের ভারত থেকে নেমে আসা ঢলের কারণে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ইতোমধ্যে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২০ জেলায় বন্যা দেখা দিয়েছে। নদীসংলগ্ন নি¤œাঞ্চল তলিয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার ছয়টি নদ-নদীর দশটি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। যেভাবে ভারি বৃষ্টিপাত হচ্ছে এবং ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম ও মিজোরামের বন্যার পানি ধেয়ে আসছে, তাতে অচিরেই ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। বলা বাহুল্য, ভারত তার বন্যার পানি কোনো ধরনের আগাম সতর্কতা জারি না করে হুট করে বাঁধ ছেড়ে দেয়। এতে বাংলাদেশের উত্তরাঞ্চলসহ অনেক জায়গা রাতারাতি বন্যায় তলিয়ে যায়। বসতভিটা, কৃষিজমি, গবাদি পশু ইত্যাদি ভেসে যায়। এর সাথে দেখা দেয়, ভয়াবহ নদীভাঙন। ইতোমধ্যে ভাঙন শুরু হয়েছে।

বন্যা ও নদীভাঙনে বন্যার্তদের দুর্ভোগের কোনো সীমা-পরিসীমা থাকে না। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর বন্যায় দেশে গড়ে প্রায় ১০০ কোটি ডলারের মতো আর্থিক ক্ষতি হয়। এই বিপুল ক্ষতির সাথে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ে। এ বছর আবহাওয়ার যে গতিপ্রকৃতি দেখা যাচ্ছে, তাতে অতিবৃষ্টি ও বন্যা বিগত বছরগুলোর তুলনায় মারাত্মক আকার ধারণ করতে পারে। বিশেষ করে এশিয়াজুড়ে যে শক্তিশালী এলনিনো দেখা দেবে বলে বিজ্ঞানীরা আগেই আভাস দিয়েছেন, তার প্রভাব দেখা যাচ্ছে। খরা-অতিবৃষ্টি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধিসহ আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন দৃশ্যমান হয়ে উঠেছে। আবহাওয়াবিদদের মতে, দেশে যে ভারি বৃষ্টি ও বন্যার শঙ্কা দেখা দিয়েছে, তা জলবায়ু পরিবর্তনের ধারাবাহিকতার মধ্য দিয়েই হচ্ছে।

তবে বৈরি এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের তেমন শক্তিশালী প্রস্তুতি ও উদ্যোগ নেই। এ সংক্রান্ত দেশি-বিদেশি তহবিল থাকলেও তার অর্থ কোথায় ব্যয় হয়, তারও কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। দেশে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, তাতে যে ভয়াবহ বন্যা ও প্লাবন অসাছে, তা অনুমান করতে বেগ পেতে হয় না। প্রতিবছরই এ ধরনের প্রাকৃতিক দুযোর্গ আসার শঙ্কা রয়েছে। যদিও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। যেখানে আবহাওয়াবিদরা বলছেন, বড় ধরনের বন্যার শঙ্কা রয়েছে এবং তার আলামত দেখা যাচ্ছে, সেখানে মন্ত্রীর এ ধরনের মন্তব্য করে জনগণের বিরক্তি উৎপাদন সমীচীন হয়নি। বরং বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে তা থেকে মানুষকে কীভাবে রক্ষা করা যায়, সেই ব্যবস্থার দিকে বেশি মনোযোগ দেয়া উচিৎ। বলা বাহুল্য, দেশে বন্যা ও পানিশূন্যতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা সমাধানের অন্যতম প্রধান ব্যবস্থা যে, তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মাব্যারেজ প্রকল্প বাস্তবায়ন, তা ইতোমধ্যে বিশেষজ্ঞরা বলেছেন। ফলে এ দুটি প্রকল্প বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।

সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের এখন উচিৎ, অতিবৃষ্টিতে দুর্ভোগে পড়া মানুষকে কীভাবে সহায়তা দেয়া যায়, সে ব্যবস্থা করা। ড্রেনেজ সিস্টেম কত দ্রুত উন্নত করা যায়, সে উদ্যোগ নেয়া। নদীভাঙন রোধ ও বন্যার্তদের পাশে কত দ্রুত দাঁড়ানো যায়, সেদিকে মনোযোগ দেয়া। আমরা দেখেছি, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ইতোমধ্যে দুর্ভোগে পড়া মানুষের পাশে ছুটে গিয়েছেন। তাদের সহযোগিতা করেছেন। অথচ দুর্ভোগ ও দুর্দশায় পড়া মানুষের কাছে সবার আগে সরকার প্রধানসহ মন্ত্রী-এমপিদের ছুটে যাওয়ার কথা। দুদর্শগ্রস্তদের পাশে তাৎক্ষণিক সহায়তা নিয়ে দাঁড়ানো জনসম্পৃক্ত রাজনীতির অংশ। সামনে স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনে জনগণ সেসব দল সমর্থিত প্রার্থীকেই বিজয়ী করবে, যারা তাদের দুঃসময়ে সবার আগে সহায়তা নিয়ে ছুটে গেছে। আমরা আশা করব, সরকারের মন্ত্রী-এমপি ও দলের নেতাকর্মীরা অবিলম্বে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন। সহায্য-সহায়তা দেবেন। একইসঙ্গে সামনে যে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে, তা মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় পর্যায়ের কর্তৃপক্ষকে এখনই যথাযথ প্রস্তুতি নিতে হবে।