বাংলাদেশের মানুষ কর্মসংস্থান, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, ভ্রমণ ইত্যাদি উপলক্ষে বিদেশে যায়। তাদের বিদেশে যাওয়া সাম্প্রতিক কালে অনেক কঠিন হয়ে পড়েছে বা পড়ছে। বিভিন্ন দেশ নতুন ভিসানীতি করেছে, যা অত্যন্ত কঠোর ও নিয়ন্ত্রণমুখী। ফলে উল্লিখিত প্রতিটি ক্ষেত্রে মারাত্মক সংকট দেখা দিয়েছে। ভিসা কঠোর করাতে কর্মসংস্থান যেমন কমছে, তেমনি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া কমছে। ব্যবসায়ী, রোগী ও ভ্রমণপিপাসু মানুষের বিদেশে যাওয়াও বাধাগ্রস্ত হচ্ছে। বলার অপেক্ষা রাখে না, বিদেশে কর্মসংস্থান আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। প্রতিবছর লাখ লাখ কর্মপ্রত্যাশী মানুষ বিশ্বের শ্রম বাজারসমূহে প্রবেশ করছে এবং রেমিট্যান্স পাঠাচ্ছে।
প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিকে ক্রমাগত শক্তিশালী করছে। বিভিন্ন দেশের কঠোর ও নিয়ন্ত্রণমুখী ভিসানীতি কর্মসংস্থানে ব্যাপক বিরূপ প্রভাব ফেলছে, যার অর্থ হচ্ছে, রেমিট্যান্স প্রবাহ হ্রাস পাওয়া। এটা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। উল্লেখ করা যেতে পারে, রেমিট্যান্সের পাশাপাশি রফতানি আয় বৈদেশিক মুদ্রার আরেকটি বড় উৎস। সাম্প্রতিক মাসগুলোতে রফতানিপ্রবৃদ্ধি শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। অর্থনীতির অন্যান্য সূচকও নেতিবাচক। সব মিলিয়ে দেশের সার্বিক অর্থনীতি গভীর সংকটাপন্ন। ভিসার কঠোরতা ও নিয়ন্ত্রণের কারণে সবচেয়ে বিপাকে পড়েছে বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা। তারা উন্নত দেশগুলোর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না। এতে তাদের উচ্চশিক্ষা লাভের স্বপ্ন ব্যাহত হচ্ছে।
জানা গেছে, যুক্তরাজ্যের ভিসা স্পন্সর নীতিতে পরিবর্তন আনায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন সীমিত ও স্থগিত করছে। ভিসা প্রত্যাখানের হার বেড়ে যাওয়ায় কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে ‘হাইরিস্ক মার্কেট’ হিসেবে চিহ্নিত করেছে। ফলে আগে যেখানে সহজে ভর্তি হওয়া যেতো, এখন সেখানে আবেদনকারীদের অতিরিক্ত দলিল, আর্থিক সক্ষমতার প্রমাণ ও সাক্ষাৎকারের মতো কঠোর ধাপ পার হতে হচ্ছে। কানাডা নতুন আন্তর্জাতিক ছাত্রনীতিতে বাংলাদেশসহ কয়েকটি দেশের আবেদন কমিয়েছে। এতে অধিক সংখ্যায় বাংলাদেশি শিক্ষার্থীর সেখানে যাওয়া সঙ্গতকারণেই কমেছে। অস্ট্রেলিয়া সম্প্রতি বাংলাদেশসহ কিছু দেশের জন্য ভিসা রিস্ক রেটিং বাড়িয়েছে। ফলে ভিসা অনুমোদনের বাধা বেড়েছে। এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভাষা দক্ষতার মানদ-, আর্থিক সক্ষমতা যাচাই ও স্টুডেন্ট টেস্ট কঠোর করেছে। জাপান ও কোরিয়াও ভাষা দক্ষতা ও আর্থিক সক্ষমতা যুক্ত করেছে। মালয়েশিয়া কয়েক বছর ধরে কিছু দেশের ছাত্রদের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। এবার তা আরো কঠোর করেছে। তাই শিক্ষার জন্য মালয়েশিয়ায় যাওয়াও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের সুযোগ সংকুচিত হয়ে পড়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। উন্নত দেশগুলো তাদের অভিবাসন নীতিতে পরিবর্তন এনেছে, যার লক্ষ্য অভিবাসীর সংখ্যা কমানো। এসব দেশ শিক্ষার্থীদের ‘সম্ভাব্য অভিবাসী’ হিসেবে মনে করছে। বাস্তবেও এটা দেখা গেছে, অনেক শিক্ষার্থীই শিক্ষা শেষে দেশে না ফিরে বিদেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করে অভিবাসী হয়ে গেছে। এ ধারা অব্যাহত আছে। ইউরোপ-আমেরিকার সরকার ও জনগণের মধ্যে অভিবাসনবিরোধী মনোভাব ক্রমশ বাড়ছে। কিছু শিক্ষার্থীর ভিসার অপব্যবহারও এজন্য কম দায়ী নয়। তারা শিক্ষার্থী হিসেবে ভিসা নিয়ে চাকরিতে নিয়োজিত হয়। কিছু শিক্ষার্থীর এধরনের কাজের খেসারত এখন জেনুইন উচ্চশিক্ষা প্রত্যাশীদের গুণতে হচ্ছে।
এছাড়া দুর্বল আবেদন পত্র, আর্থিক সক্ষমতা বিষয়ে স্পষ্ট প্রমাণাদির অভাব, ভাষাগত অদক্ষতা ইত্যাদি কারণে ভিসা প্রত্যাখ্যাত হয়ে যাচ্ছে। এ ধরনের ভিসা প্রত্যাখানের হার এখন বাড়ছে। বিদেশে উচ্চশিক্ষা লাভের সুযোগ কমে যাওয়া দেশের জন্য একটি নেতিবাচক সংবাদ। এতে মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ ব্যাহত হতে বাধ্য। অস্বীকার করা যাবে না, আমাদের শিক্ষা ব্যবস্থা ও পরিবেশ মেধা-প্রতিভার বিকাশে যথেষ্ট অনুকূল নয়। ইউরোপ, আমেরিকা, জাপান, চীন, মালয়েশিয়া প্রভৃতি দেশে শিক্ষার মান ও পরিবেশ অনেক উন্নত। এসব দেশে উচ্চ শিক্ষার জন্য যত বেশি শিক্ষার্থী যাবে, দেশের ভবিষ্যতের জন্য ততই কল্যাণ।
দুঃখজনক হলেও বলতে হচ্ছে, বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশীদের ব্যাপারে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব ও ভূমিকা পালন করতে দেখা যায় না। বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী এখন লেখাপড়া করছে, তার কোনো হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে আছে কিনা আমাদের জানা নেই। তারা বিদেশ-বিভূইয়ে কী অবস্থায় আছে, কোথাও কোনো অসুবিধায় আছে কিনা, তার খোঁজ-খবরের কোনো ব্যবস্থা আছে কিনা, তাও আমাদের অজানা। কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভের জন্যে কোনো দেশে যেতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদনের প্রয়োজন হয়। স্টুডেন্ট ভিসার জন্য এই অনুমোদনের অপরিহার্যতা রয়েছে। পর্যবেক্ষকদের মতে, বিভিন্ন দেশে নতুন ভিসানীতি আরোপের ফলে বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বটে; কিন্তু আমাদের কূটনৈতিক ব্যর্থতাও এজন্য কম দায়ী নয়। জনশক্তি রফতানিতে বিভিন্ন প্রশ্ন, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে না পারায় সরকারের দায় সর্বাধিক। অবৈধ উপায়ে ও পথে বিদেশ যাওয়ার প্রবণতা আমরা রোধ করতে পারিনি। বিগত স্বৈরাচারের আমলে ভারত ছাড়া আর কোনো দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হয়নি। অন্তর্বর্তী সরকারও কূটনৈতিক সম্পর্ক বিস্তারের দৃশ্যগ্রাহ্য কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এখন মূলত কূটনৈতিকভাবে একলা হয়ে আছি। কূটনৈতিক সম্পর্ক গভীর ও হৃদ্যতাপূর্ণ হলে হয়তো কোনো দেশেই তার নতুন ভিসানীতির আওতায় বাংলাদেশকে ফেলতে পারতো না বা ফেলতো না। জনশক্তি রফতানিতে যে সংকট দেখা দিয়েছে তাও দেখা দিতো না।
উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে তিন মন্ত্রণালয়ের তিন উপদেষ্টা যে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন, পরিস্থিতির গভীরতা তার প্রমাণ বহন করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এবং যেসব দেশ ভিসা কঠোর ও নিয়ন্ত্রণমুখী করেছে তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ ও আলাপ-আলোচনা করা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে অবশ্যই জনশক্তি রফতানির ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি রোধ করে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সিন্ডিকেট রুখতে হবে। বিদেশে কর্মসংস্থান প্রত্যাশীদের মোটিভেশনের ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে তারা মিথ্যা ডকুমেন্টে বা অবৈধ পথে বিদেশে না যায়। শিক্ষা মন্ত্রণালয়ের কাজ হবে, উচ্চশিক্ষা প্রত্যাশীদের অনুমোদন প্রদানের পাশাপাশি তাদের এ কথাও স্মরণ করিয়ে দেয়া, যেন ভিসার অব্যবহার না করে। বলা বাহুল্য, বহির্বিশ্বে দেশের ভাবমর্যাদা খুব গ্রহণযোগ্য পর্যায়ে নেই। পাসপোর্টের মান থেকে তা উপলব্ধি করা যায়। সরকারের উচিত দেশের ভাবমর্যাদা উন্নত করার উদ্যোগ ও পদক্ষেপ নেয়া।
