বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব বিবেচনায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বরাবরই নীতিনির্ধারকদের অগ্রাধিকারে রয়েছে। প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছেন। কিন্তু এ কর্মসংস্থান কতটা নিরাপদ, নিয়োগপ্রক্রিয়ায় শ্রমিকের অধিকার কতটা সুরক্ষিত এবং প্রতারণার শিকার হলে প্রতিকার পাওয়ার সুযোগ কতটা কার্যকর, সেদিকে যথেষ্ট মনোযোগ রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিদেশ যাওয়ার আগে ৯১ শতাংশ অভিবাসী কর্মীর লিখিত কর্মসংস্থান চুক্তিপত্র না পাওয়ার তথ্য এ খাতের ব্যবস্থাপনাগত দুর্বলতারই প্রতিফলন। যে ব্যবস্থায় বিদেশযাত্রার আগে কর্মীর কাজ, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার নিশ্চয়তা থাকার কথা, সেখানে অধিকাংশ কর্মীই চুক্তিপত্র ছাড়াই দেশ ছাড়ছেন।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) গবেষণায় বিএমইটিতে অভিযোগ করা বিদেশফেরত ৮৫ কর্মীর তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, তাদের ৯১ শতাংশ বিদেশযাত্রার আগে লিখিত চুক্তিপত্র পাননি। গন্তব্য দেশে পৌঁছেও ৭২ শতাংশ পুরুষ ও ৮৩ শতাংশ নারী কর্মী চুক্তিপত্র থেকে বঞ্চিত ছিলেন। চুক্তিপত্র পাওয়া কর্মীদের ৭৫ শতাংশই তা হাতে পেয়েছেন ফ্লাইট ছাড়ার কয়েক ঘণ্টা আগে। আবার অধিকাংশ চুক্তিপত্র ছিল আরবি ও ইংরেজিতে, যা অনেক কর্মীর পক্ষে বোঝা সম্ভব হয়নি।

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ২২ ধারায় বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে লিখিত কর্মসংস্থান চুক্তি সম্পাদন বাধ্যতামূলক করা হয়েছে। চুক্তিতে বেতন, আবাসন, কাজের মেয়াদ, মৃত্যু বা জখমজনিত ক্ষতিপূরণ এবং যাতায়াত ব্যয়ের মতো বিষয় উল্লেখ থাকার কথা। বহির্গমন ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রেও চুক্তিপত্র থাকা আবশ্যক। অর্থাৎ কর্মী বিদেশে যাওয়ার আগেই তার অধিকার ও নিয়োগকর্তার দায়িত্ব নির্ধারণের আইনি ব্যবস্থা রয়েছে। তার পরও বিপুলসংখ্যক কর্মী চুক্তিপত্র ছাড়াই বিদেশ যাচ্ছেন কীভাবে, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএমইটির ডেটাবেজে চুক্তিপত্র সংরক্ষিত থাকার কথা থাকলেও প্রতারিত হয়ে দেশে ফেরার পর অনেক কর্মী প্রয়োজনীয় নথি পান না বলে অভিযোগ রয়েছে। ছাড়পত্র প্রদানের সময় চুক্তিপত্র যাচাইয়ের প্রক্রিয়ায় ঘাটতি থাকলে শুধু আইনের বিধান দিয়ে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।

চুক্তিপত্রের অনুপস্থিতি বিদেশে কর্মীদের শোষণ ও প্রতারণার ঝুঁকি বাড়িয়ে দেয়। গবেষণায় ৭৮ শতাংশ কর্মী কাজ ও ৬৮ শতাংশ বেতন নিয়ে প্রতারণার শিকার হওয়ার কথা জানিয়েছেন। প্রতিশ্রুত পেশার পরিবর্তে ভিন্ন কাজে নিয়োগ, নির্ধারিত বেতন না পাওয়া কিংবা কাজের শর্ত পরিবর্তনের বিরুদ্ধে অভিযোগ জানানোর ক্ষেত্রে লিখিত চুক্তি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। বিশেষত নারী গৃহকর্মীদের পরিস্থিতি উদ্বেগজনক। গবেষণায় অংশ নেয়া এ কর্মীদের সবাই মজুরি শোষণের শিকার হয়েছেন। ৯৭ শতাংশ মানসিক নির্যাতন, ৭৭ শতাংশ শারীরিক নির্যাতন ও ৮৯ শতাংশ স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আটকে রাখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

সমস্যার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দেশে ফিরে প্রতিকার পাওয়ার সীমাবদ্ধতা। ওকাপের গবেষণায় বিএমইটিতে পর্যালোচনা করা ৮৫ অভিযোগের মধ্যে ৫২টি নিষ্পত্তির অপেক্ষায় ছিল, ২৮টি মীমাংসা হয়েছে এবং পাঁচটির কার্যক্রম থেমে ছিল। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শুনানি হওয়ার কথা থাকলেও ৪৪ শতাংশ অভিযোগের ক্ষেত্রে ১২ সপ্তাহ পর্যন্ত লেগেছে। আবার ২৯ শতাংশ অভিযোগকারীকে শুনানির জন্য ডাকা হয়নি। মীমাংসিত অভিযোগের ক্ষেত্রে পুরুষ কর্মীরা গড়ে অভিবাসন ব্যয়ের ১৫ শতাংশ ও নারী কর্মীরা ১২ শতাংশ ক্ষতিপূরণ পেয়েছেন। অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য বিপুল অর্থ ব্যয় করে প্রতারণার শিকার হওয়ার পর দেশে ফিরেও অনেক কর্মী যথাযথ প্রতিকার পাচ্ছেন না। এ পরিস্থিতিতে অভিযোগ নিষ্পত্তির বিদ্যমান কাঠামোর কার্যকারিতা ও নিরপেক্ষতা পর্যালোচনা করা জরুরি।

বিদেশে কর্মী পাঠানোর ব্যয়ও এ সংকটকে জটিল করে তুলছে। আইএলওর বিভিন্ন গবেষণায় বাংলাদেশ থেকে অভিবাসনের উচ্চ ব্যয়কে কর্মীদের ঋণগ্রস্ততা ও শোষণের ঝুঁকির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিদেশ যাওয়ার জন্য জমি বিক্রি কিংবা ঋণ নেয়ার পর প্রতিশ্রুত কাজ ও বেতন না পেলে কর্মীর পক্ষে ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়ে। নিয়োগকর্তার ওপর নিয়োগ ব্যয়ের দায় বর্তানো এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ন্ত্রিত কার্যক্রম বন্ধ করা তাই গুরুত্বপূর্ণ। রিক্রুটিং এজেন্সির পাশাপাশি তাদের মাধ্যমে কর্মী সংগ্রহকারী সাব-এজেন্টদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। অনিয়ম প্রমাণিত হলে লাইসেন্স বাতিলসহ কার্যকর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

এক্ষেত্রে বিএমইটির ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সংস্থাটি একদিকে বহির্গমন ছাড়পত্র প্রদান করছে, অন্যদিকে বিদেশফেরত কর্মীদের অভিযোগ নিষ্পত্তির দায়িত্বও পালন করছে। ফলে অভিযোগ তদন্ত ও নিষ্পত্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা নিশ্চিত করা প্রয়োজন। কর্মসংস্থান চুক্তির ডিজিটাল সংরক্ষণ, কর্মীর বোধগম্য ভাষায় চুক্তির শর্ত ব্যাখ্যা, ছাড়পত্রের আগে নিয়োগ-সংক্রান্ত তথ্য যাচাই এবং অভিযোগ নিষ্পত্তিতে স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলা জরুরি। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে কর্মীদের আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিবাসী কর্মীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের অধিকার সুরক্ষায় রাষ্ট্রের ভূমিকা আশাব্যঞ্জক নয়। বিদেশে কর্মী পাঠানোর সংখ্যা বাড়ানোই অভিবাসন ব্যবস্থাপনার সাফল্যের একমাত্র মাপকাঠি হতে পারে না, বরং কর্মীরা নিরাপদে বিদেশ যেতে পারছেন কিনা, ন্যায্য মজুরি ও কাজ পাচ্ছেন কিনা এবং প্রতারণার শিকার হলে যথাযথ প্রতিকার পাচ্ছেন কিনা, সেটিই হওয়া উচিত সাফল্য পরিমাপের প্রধান বিবেচনা।