ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ইশতেহারের প্রতিশ্রুতি অনুসারে অষ্টম জাতীয় পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। পরিকল্পনা অনুসারে, পতিত ফ্যাসিস্টের রেখে যাওয়া ভগ্নপ্রায় ব্যাংকিং সেক্টরের সংস্কারসহ শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার পাশাপাশি আগামী ৫ বছরের মধ্যে দেশে বিনিয়োগের সম্ভাবনাসমুহ কাজে লাগিয়ে অন্তত ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করাসহ রফতানি বাণিজ্য, বৈদেশিক কর্মসংস্থান এবং অভ্যন্তরীণ উৎপাদনশীলতা বাড়িয়ে ২০৩৪ সাল নাগাদ দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

আমরা জানি, গত ১৭ বছরের লাগামহীন দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ ক্ষতি কাটিয়ে অর্থনীতিকে তার সম্ভাবনার জায়গায় প্রতিষ্ঠিত ও উন্নীত করতে হলে সরকারের সংশ্লিষ্টদের পুরনো মনোভাব-ভাবধারা পরিহার করে আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী কর্মপরিকল্পনা অনুসরণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের শুরুতেই গতানুগতিক চিন্তাধারা পরিহার করে জনবান্ধব ও উন্নয়নবান্ধব গতিশীল নেতৃত্বের জানান দিয়েছেন। দেশের সামগ্রিক উন্নয়ন ও ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের পরিকল্পনা বাস্তবায়ন শুধুমাত্র প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছার ওপর নির্ভর করেনা। মন্ত্রী পরিষদের সদস্য ও আমলাতন্ত্রের সাথে জড়িত সকলকে প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব ও সময়োপযোগী নির্দেশনাসমুহ সত্যিকার অর্থে আত্মস্থ করা ও মেনে চলার সক্ষমতা অর্জন করতে হবে। বিশেষত পুরনো ধাঁচের আমলাতান্ত্রিক দুর্নীতি ও লালফিতার দৌরাত্ম্য থেকে প্রশাসনিক কাঠামোকে মুক্ত করার কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিপুল জনশক্তি, উর্বর আবাদি ভূমি, বিশাল সমুদ্রের সম্পদ আহরণের সম্ভাবনাকে সামনে রেখে বাংলাদেশ বরাবরই বিপুল অর্থনৈতিক সম্ভাবনার দেশ। রাজনৈতিকভাবে দেশকে বিভক্ত ও অস্থিতিশীল রেখে, পরিকল্পিতভাবে দেশের আমলাতন্ত্রকে দুর্নীতিগ্রস্ত করে দেশকে রাজনৈতিক-অর্থনৈতিকভাবে পিছিয়ে রাখা হয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ তার সম্ভাবনার নতুন সোপানে পদার্পণ করেছে। এ সম্ভাবনা কাজে লাগাতে যথাযথ নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা ও সামাজিক-অর্থনৈতিক পরিকল্পনা নিশ্চিত করা প্রয়োজন। সুযোগ ও সম্ভাবনা অফুরন্ত বা অবারিত নয়। আগামি জাতীয় নির্বাচনের আগেই দেশের নমিনাল জিডিপি ট্রিলিয়ন ডলারের অংকে উন্নীত করার কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারের সমগ্র প্রশাসনকে সমন্বিতভাবে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁকে অনুসরণ করার বিকল্প নেই। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ, দেশি-বিদেশি কর্মসংস্থান ও রফতানিখাতের প্রবৃদ্ধি ও বহুমুখীকরণের সামগ্রিক উদ্যোগকে পরিকল্পিত রোডম্যাপ অনুসারে এগিয়ে নিতে হবে। একনেক বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লক্ষ কোটি টাকার বার্ষিক উন্ন কর্মসূচি অনুমোদন দেয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের নামে জনগণের সম্পদের অপচয় ও লুন্ঠনের ধারাবাহিক অতীত অভিজ্ঞতার আলোকে সরকারের প্রথম বাজেট বাস্তবায়নকে একটি নতুন দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে হবে। এডিপিসহ সরকারের উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের সর্বোচ্চ সুবিধা ও উপযোগিতা নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসুত্রিতার কারণে প্রকল্পের ব্যয়বৃদ্ধি, জনদুর্ভোগ এবং সর্বোচ্চ ব্যয় করেও অবকাঠামো উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত হয় মানুষ। দীর্ঘদিন ধরে এসব নিয়ে জনমনে ক্ষোভ ও অসন্তোষ থাকলেও অবস্থার পরিবর্তনে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। এবার নতুন সম্ভাবনা ও নতুন বাস্তবতার আলোকে প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে।

ক্ষমতা গ্রহণের দুইমাসের মধ্যেই সরকার তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজের মত মৌলিক ও সাহসী মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এসব প্রকল্প কর্মসংস্থানসহ কৃষিখাতে নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি সাংবাৎসরিক বন্যা ও নদী ভাঙ্গনের মত সামাজিক-অর্থনৈতিক দুর্ভোগ লাঘবে বড় ভূমিকা রাখবে। ট্রিলিয়ন ডলারের জিডিপি লক্ষ্যমাত্রা অর্জনে জ্বালানি নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ শর্ত। বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস আহরণের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। গতকাল একটি সহযোগী দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আগামী সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে পেট্টোবাংলা।

এ লক্ষ্যে বিদ্যমান বাংলাদেশ অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট(পিএসসি) কে বিদেশিদের জন্য আকর্ষনীয় করতে কিছু সংশোধনী আনা হয়েছে বলে জানা যায়। দেশের জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে দেশীয় কোম্পানি বাপেক্সকে অগ্রাধিকার দেয়া এবং এ খাতে কোম্পানির জনবল ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। বাপেক্সের দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্যের কথা বিবেচনার পাশাপাশি বিদেশি কয়েকটি কোম্পানির খামখেয়ালিপনার বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র গ্রহণের আগে এসব বিষয় নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করা জরুরি। অর্থনীতির প্রতিটি সম্ভাবনাময় খাতের দিকে নজর দিতে হবে। বিদেশে পাচার হওয়া বিপুল পরিমান অর্থ ফিরিয়ে এনে, অপ্রদর্শিত অর্থ, অলস ও কালো টাকা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে পারলে বিপুল কর্মসংস্থানসহ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে গতি সঞ্চারিত হতে পারে। বিনিয়োগবান্ধব পরিবেশ ও নীতিমালা গ্রহণের মধ্য দিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। দীর্ঘ বন্ধাত্ব ও অচলাবস্থা দূর হয়ে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার শ্রমবাজার ও রেমিটেন্স প্রবাহে নতুন মাত্রা যুক্ত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন, মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে কৃষিখাতের উন্নয়ন, শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও রফতানি বহুমুখীকরণের পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানের নতুন সম্ভাবনা কাজে লাগাতে পারলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি খুব বেশি দূরের পথ নয়।