সংখ্যালঘু নির্যাতন কি কোনো বীরত্বের বিষয় কিংবা রাজনীতির বিষয়? কোনো ধর্ম কি সংখ্যালঘু নির্যাতনকে সমর্থন করে? বিষয়টি যদি সমর্থনযোগ্য না হয়, তাহলে ভারতে সংখ্যালঘু নির্যাতনের মাত্রা বাড়ছে কেমন করে? পশ্চিমবঙ্গে চলতি বছর বিধানসভা নির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শুভেন্দু অধিকারী। গত ৯ মে শপথ গ্রহণ করেন তিনি। এরপর থেকেই পুরো রাজ্যজুড়ে নেমে আসে সংখ্যালঘু নির্যাতন। নির্যাতনের প্রধান শিকার মুসলমানরা হলেও, খৃস্টানদের ওপরও নির্যাতনের মাত্রা বাড়ছে। ‘ইণ্ডিয়া হেটল্যাব’ (আইএইচএল)-এর একটি প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালের ১৩মে থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে পশিচমবঙ্গে ১৩ জেলায় খৃস্টানদের লক্ষ্য করে অন্তত ৬০টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এ ধরনের ঘটনা বেড়েছে এবং কিছু হামলার ক্ষেত্রে জড়িতরা ক্ষমতার পরিবর্তনের বিষয়টি উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ৬০ ঘটনার মধ্যে ৫২টি ছিল ব্যক্তিগত প্রার্থনা সভা, বাড়িঘর, গির্জা ও খৃস্টান সমাবেশে হানা দেওয়ার ঘটনা। বিজেপি সমর্থকরা সেখানে হামলা বা তল্লাশি চালিয়েছে। এছাড়া আট ঘটনায় শারীরিক নির্যাতন, গণহামলা বা ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে খৃস্টানদের প্রার্থনা সভায় সবচেয়ে বেশি ১৩টি করে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হিন্দু জাগরণ মঞ্চ, বঙ্গীয় হিন্দু জাগরণ, বিশ্ব হিন্দুপরিষদ (ভিএইচপি), বজরং দল, হিন্দু সুরক্ষা সমিতি, হিন্দু একতা মঞ্চ ও হিন্দু সংহতির মতো সংগঠনের সদস্যদের নাম উঠে এসেছে। আইএইচএলের মতে, এসব সংগঠনের সদস্যরা প্রার্থনা সভায় ঢুকে আয়োজকদের ধর্মান্তর কার্যক্রম পরিচালনার অভিযোগ করেন এবং উপস্থিত ব্যক্তিদের ধর্মীয় পরিচয় ও আধার কার্ড দেখানোর দাাবি জানান। আইএইচএল জানিয়েছে, ঘটনাগুলোর মধ্যে ১৩ মে, ২০ মে ও ৮ জুন চন্দ্রকোনায়, ২৮ মে গোসাবায়, ৬ জুন বাসন্তীতে এবং ৯ জুন ক্যানিংয়ে প্রার্থনা সভায় হানা দেওয়ার ঘটনা ঘটেছে। ৮ জুলাই সন্দেশখালিতে ভিএইচপি এবং বিজেপির সদস্যরা খৃস্টানপ্রধান এলাকায় প্রবেশ করেছিল।
আইএইচএলের পর্যবেক্ষণে দেখা গেছে, বৈবাহিক প্রতীক নিয়েও খৃস্টান নারীদের লক্ষ্যবস্তু করেছে হিন্দু সংগঠনগুলো। ধর্মীয় পরিচয় ও বাঙালি বিবাহিত নারীদের চিরাচরিত প্রতীক ব্যবহারের কারণে খৃস্টান নারীদের হেনস্তা করার ঘটনা একটি পুনরাবৃত্তিমূলক বৈশিষ্ট্য। বিবাহিত বাঙালি খৃস্টান নারীদের শাঁখা-পলা ও সিঁদুর পরা নিয়ে ওই নারীদের জিজ্ঞাসাবাদ করা হতো। বেশ কয়েকটি ঘটনায় তাদের এগুলো খুলে ফেলার জন্য চাপও দেওয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর পূর্ব মেদেনীপুরের রামনগরে হিন্দুত্ববাদীরা খৃস্টান নারীদের শাঁখা-পলা খুলে ফেলার নির্দেশ দেয়। যিশুকে ‘স্বামী’ বলে সম্বোধন করায় তাদের উপহাস করা হয়। ৬ ও ১১ সেপ্টেম্বর কুলপিতেও একই ধরনের হেনস্তার ঘটনা নথিভুক্ত করা হয়। ১৮ জুলাই বারুইপুরে একটি হিন্দুত্ববাদী গোষ্ঠী বাইবেল বহনকারী এবং শাঁখা-পলা ও সিঁদুর পরিহিত খৃস্টান নারীদের পিছু নেয় ও হেনস্তা করে। ১৯ সেপ্টেম্বর ব্যারাকপুরে ভিএইচপি ও বজরং দলের সদস্যা কয়েকজন খৃস্টান নারীকে ধর্মান্তকরণে সহায়তা করার অভিযোগ এনে বেঁধে রেখে মারধরসহ প্রকাশ্যে লাঞ্ছিত করে। এসব আচরণ তো কোনো ধর্মানুরাগীর আচরণ হতে পারে না। হিন্দু ধর্ম কি এমন কর্মকাণ্ডের অনুমতি দেয়? এগুলো আসলে রাজনীতির দূষণ, যা মোদির আমলে বৃদ্ধি পেয়েছে।
