বিশ্ব পর্যটন দিবসে দেশের পর্যটননগরী কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটকের সমাবেশ হয়েছে। সমুদ্র সৈকতসহ গোটা পর্যটননগরী এ উপলক্ষে নতুন সাজে সজ্জিত হয়েছে। সর্বত্র ভ্রমণপিয়াসী মানুষের ভীড় লক্ষণীয়, যাদের মধ্যে শিশু-কিশোর-তরুণ-তরুণী, নারী-পুরুষ, এমনকি বৃদ্ধ-বৃদ্ধাও রয়েছে। কক্সবাজার জিলা প্রশাসন সৈকতের লাবনী পয়েন্টে আয়োজন করেছে পর্যটনমেলা। মেলায় লোকের সমাগম প্রচুর। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এখানে স্টল দিয়েছে। আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও। উল্লেখ্য, বিশ্ব পর্যটন দিবসে দেশের ও বিশ্বের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে এ ধরনের লোক সমাবেশ, উৎসবমুখর পরিবেশ, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে।
পর্যটকদের অভিমত, এবার পর্যটন মওসুমে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের সংখ্যা বিপুল হতে পারে, পর্যটন দিবস উপলক্ষে পর্যটকদের ভীড় সেটারই বার্তা দেয়। কিন্তু তাদের উদ্বেগ, শঙ্কা ও দুঃখের বিষয় হলো, সৈকতের বিভিন্ন পয়েন্টে অস্বাভাবিক ও অস্বস্তিকর দৃশ্যের অবতারণা। যত্রতত্র গরু-ঘোড়ার উপস্থিতি, টোকাই ও ভিক্ষুকের ভীড় পর্যটকদের বিরক্তি উৎপাদনের কারণ হচ্ছে। তারা অস্বস্তি বোধ করছে এবং উপযুক্ত নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হতে পারছে না। বিশেষ করে, নারী-মেয়েরা নিঃশংকোচ হতে পারছে না। পর্যটন কেন্দ্র, পর্যটন স্থান ও পর্যটননগরী মূলত পর্যটকদের পর্যটনের জন্য ও তাদের ভ্রমণের জন্য। তারা যাতে নিরাপদে, স্বস্তিতে, সহজে ও নির্ভয়ে ভ্রমণ করতে পারে, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের অপরিহার্য কর্তব্য। কিন্তু বরাবরই লক্ষ করা গেছে, কর্তৃপক্ষ ও প্রশাসন কক্সবাজারকে পর্যটকদের অভয়ারণ্যে পরিণত করতে ব্যর্থ হয়েছে। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ এখানে হরহামেশা ঘটতে দেখা যায়। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু দুর্বৃত্ত শ্রেণীর লোকজন এবং রোহিঙ্গাদের একাংশ এসব অপরাধের সঙ্গে জড়িত। প্রশ্ন উঠতে পারে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাহলে কী করে? দুর্বৃত্তদের আইনের আওতায় আনা এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ রহিত করা কি অসম্ভব? পৃথিবীর কোনো পর্যটককেন্দ্র, পর্যটন এলাকা কিংবা পর্যটননগরীতে এরকম হকার-ভিক্ষুকদের উপদ্রব নেই। নেই গরু-ঘোড়ার স্থান-অবস্থান, টোকাইদের দৌরাত্ম্য। চোর, ডাকাত, রাহাজানের ভয়ও নেই। পর্যটকের কাম্য পরিবেশ প্রতিষ্ঠা কি আমাদের দেশে অসম্ভব?
পর্যটনের কাম্য পরিবেশের মধ্যে পর্যটন কেন্দ্রের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় যেমন আছে, তেমনি আছে পর্যটকদের সঠিক নিরাপত্তার বিষয়ও। এই সঙ্গে আছে তাদের খাওয়া-দাওয়ার সুখ-সুবিধা, থাকার সুবন্দোবস্ত এবং যাতায়াতের মসৃণ ব্যবস্থা। পরিতাপের বিষয়, আজ পর্যন্ত আমরা পর্যটনের কাম্য পরিবেশ নিশ্চিত করতে পারিনি। শুধু কক্সবাজারই নয়, কুয়াকাটা, সুন্দরবন, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম কোথাও পর্যটনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। অথচ, আমাদের পর্যটনের এবং পর্যটন-অর্থনীতির অপার সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক বৈচিত্র্য, ঐতিহাসিক ও প্রত্নতাত্তিক নিদর্শন, সংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকারের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর অন্যতম সমৃদ্ধ দেশ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন দক্ষিণ উপকূলে। উপকূলের কুয়াকাটায় সূর্যাস্ত ও সূর্যোদয়ের অনুপম দৃশ্য দেখার সুযোগ রয়েছে। পর্যটন বিকাশের সম্ভাবনা এখানে যত রয়েছে, অন্য অনেক দেশে তত নেই। পর্যটন পৃথিবীর অনেক দেশেরই জাতীয় আয়ের প্রধান উৎস। ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, ভুটান— আমাদের এই উপমহাদেশীয় দেশগুলোসহ মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, প্রভৃতি দেশের পর্যটন, পর্যটন-অর্থনীতি যথেষ্ট শক্তিশালী। আমরা যদি পর্যটনের পরিবেশ নিশ্চিত করতে পারি, তবে পর্যটন-অর্থনীতি বিশাল আকারে পরিণত হতে পারে। একথা কারো অজানা নেই, চট্টগ্রাম ও কক্সবাজারকে একটি অর্থনৈতিক হাবে পরিণত করার চেষ্টায় নিয়োজিত আছে সরকার। চীনা অর্থনৈতিক অঞ্চল, কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, গভীর সমুদ্র বন্দর, বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর নির্মাণ ইত্যাদি কার্যক্রম ও আয়োজন চলমান রয়েছে। এইসব উদ্যোগ ও আয়োজন সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে একটি অপ্রতিরোধ্য জোয়ারের সৃষ্টি হবে, যা দেশকে এগিয়ে নেবে এবং দেশের মানুষের জীবনমানের উন্নতি বিধান করবে।
পর্যটননগরী হিসাবে কক্সবাজারকে গড়ে তোলার জন্য বিভিন্নমুখী প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং এখনো হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজার যখন অর্থনৈতিক হাবে পরিণত হবে, তখন কক্সবাজারের পর্যটনকেন্দ্রিক গুরুত্ব আরো বেড়ে যাবে। ব্যবসায়ী ও বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন উপলক্ষে এ অঞ্চলে সফর ও অবস্থান করবে। তখন তারা তাদের বিনোদন ও অবকাশ যাপনের জন্য চট্টগ্রাম ও কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো ব্যবহার করতে চাইবে স্বাভাবিক কারণেই। কক্সবাজারে আগেই বিমান চলাচল চালু হয়েছে। ট্রেন চলাচলেরও সূচনা হয়েছে। সড়ক যোগাযোগ দ্রুতায়িত করার চেষ্টা হচ্ছে। দৃষ্টিনন্দন আন্তর্জাতিক বিমান বন্দর তৈরি হয়েছে। অত্যাধুনিক রেলস্টেশন নির্মিত হয়েছে। পর্যটনশিল্পকে ঘিরে কক্সবাজারে পাঁচ শতাধিক হোটেল, মোটেল, রেস্তোরাঁ গড়ে উঠেছে। পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে। বলা বাহুল্য, এসব যথেষ্ট বলে বিবেচিত হতে পারে না, যদি কক্সবাজারের বিদ্যমান পরিবেশ অক্ষুণ্ন থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের যাবতীয় উৎপাত-উপদ্রব, শংকা, ভীতি, অস্বস্তি দূর করতে হবে।
