নিঃসন্দেহে বিএনপিই জয় পেত, তবুও বিরোধী প্রার্থীদের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে এই বিশাল জয় বিস্ময় জাগায়। ভোটারদের বিপুল উপস্থিতি দীর্ঘ স্বৈরাচারী শাসনের পর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতি জনগণের আস্থার ইঙ্গিত দেয়। এবার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা ছিল।

বাংলাদেশিরা এমন একটি জাতীয়তাবাদী এবং ধর্মনিরপেক্ষ দলকে ভোট দিয়েছে, যারা অতীতে বেশ কয়েকবার দেশ শাসন করেছে এবং শেখ হাসিনা সরকার তাদের ওপর নির্যাতন চালিয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পরাজয়কে রক্ষণশীল, ধর্মভিত্তিক রাজনীতির প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে। ভোটাররা সাংবিধানিক সংস্কারকেও সমর্থন দিয়েছে, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সময়সীমা দুই মেয়াদে বেঁধে দেওয়া, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা এবং নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের এক বিশেষ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন; তিনি এখন ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। অন্যদিকে বিএনপিকে নেতৃত্ব দানকারী এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের ডিসেম্বরে কারামুক্তির পর মারা যান। তাঁর দলের নেতৃত্ব দিচ্ছেন তাঁরই ছেলে তারেক রহমান।

২০২৪ সালে শেখ হাসিনার সরকার উৎখাতের পর সম্প্রতি ইংল্যান্ডে স্বনির্বাসন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান, যিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ২০০৮ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতির অভিযোগের পর তিনি দেশ ছাড়তে বাধ্য হন। এর আগে কখনও তিনি সরকারি পদে ছিলেন না, তবে এবার তিনি জাতীয়তাবাদী ও সংস্কারমূলক এজেন্ডা তুলে ধরে নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়েছেন।

তিনি এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন যখন বাংলাদেশ এখনও রাজনৈতিক অস্থিরতা থেকে বের হতে পারেনি। জেন-জি আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে দিয়েছে। নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো শাসনব্যবস্থা উন্নত এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা। গণভোটের রায়ে বিপুলভাবে অনুমোদিত সাংবিধানিক সংস্কার এসব সমস্যার কিছুটা সমাধান দিতে পারে।

দীর্ঘদিন ধরে কর্তৃত্ববাদী শাসন এবং রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে ভালো করেছে। বাস্কেট কেস বা তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এ অঞ্চলের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। সামাজিক সূচকেও এটি দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশের চেয়ে এগিয়ে।

কিন্তু গত কয়েক বছর ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং উচ্চ মুদ্রাস্ফীতি জনগণের জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশের রপ্তানি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তৈরি পোশাক খাত সংকটের মুখোমুখি। অর্থনীতির ধীরগতির ফলে বেকারত্বও বেড়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। নতুন সরকারের সামনে অর্থনৈতিক পুনরুজ্জীবন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী অর্থনীতির বৈচিত্র্য আনা এবং উচ্চ মুদ্রাস্ফীতির প্রভাব কমাতে সমাজকল্যাণমূলক কর্মসূচিতে মনোনিবেশ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশাল যুবসমাজের উপস্থিতির সঙ্গে সঙ্গে বেকারত্ব সমস্যা সরকারের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।

তা ছাড়া যদিও নতুন সরকার সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে; রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে তাদের অনেক চেষ্টা চালাতে হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া সত্ত্বেও ইতিহাসের একটি বড় অংশ ধরে দেশ শাসন করেছে আওয়ামী লীগ। দলটি এখনও রাজনীতিতে প্রধান একটি শক্তি, যা সরকারের জন্য সমস্যা তৈরি করতে পারে। এদিকে নরেন্দ্র মোদি সরকার কেবল শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে অস্বীকৃতিই জানায়নি; তার রাজনৈতিক কর্মকাণ্ডেও বাধা দেয়নি। গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের বড় ধরনের অবনতি ঘটেছে নতুন করে এবং ঢাকা নয়াদিল্লির বিরুদ্ধে হত্যার সঙ্গে জড়িত পলাতক আসামিদের সুরক্ষা দেওয়ার অভিযোগ করেছে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কে নাটকীয় উন্নতি ঘটে। দুই দেশ কেবল অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্কই প্রতিষ্ঠা করেনি; প্রতিরক্ষা ক্ষেত্রেও সহযোগিতা বেড়েছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও পুনরায় চালু করেছে। নির্বাচনের পর তারেক রহমান তাঁর প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে আঞ্চলিক সহযোগিতা এবং সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে কার্যত বিলুপ্ত হয়ে যাওয়া সার্ককে পুনরুজ্জীবিত করার কথাও বলেছেন। গণতান্ত্রিক সরকারের অধীনে রাজনৈতিকভাবে স্থিতিশীল বাংলাদেশ আঞ্চলিক শান্তির জন্য একটি শুভ লক্ষণ। জাহিদ হোসেন: লেখক ও সাংবাদিক; ডন থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম