অন্তর্বর্তী সরকারের দেড় বছরে সবচেয়ে ব্যর্থ ও অকার্যকর মন্ত্রণালয়ের তকমা পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মিশন, ভিশন ও কর্মসূচিহীন এ মন্ত্রণালয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ: মন্ত্রণালয়ের সর্বপর্যায়ে বেপরোয়া জামায়াতিকরণ হয়েছে। সচিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কর্মকর্তা, বিশ্ববিদ্যলয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন অধিদফতর, বোর্ড, প্রতিষ্ঠান প্রভৃতি সকল ক্ষেত্রে বসানো হয়েছে জামায়াতপন্থীদের। পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রেও একই ধারা অনুসরণ করা হয়েছে। অন্যদিকে বিএনপির যারা দায়িত্বে ছিলো বা আছে, তারা আখের গুছাতে ব্যস্ত বলে জানা যায়। তারা বিএনপির নাম ভাঙিয়ে সিন্ডিকেট করে কার্য-হাসিল করছে।

মন্ত্রণালয়সহ সর্বক্ষেত্রে জামায়াতিকরণ নিয়ে প্রায় শুরু থেকেই পত্রপত্রিকায় রিপোর্ট ও লেখা-লেখি হচ্ছে; কিন্তু শিক্ষা উপদেষ্টা ও সরকার তাতে কান দিচ্ছে না। দেখেও না দেখার ভান করছে। শিক্ষা, যে কোনো বিবেচনায়, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় আকাক্সক্ষা ও লক্ষ্য যেমন শিক্ষার মধ্যে প্রতিফলিত হয়, তেমনি তার মধ্য দিয়ে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিকশিত হয়। যখন শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দলীয় রাজনীতির অনুপ্রবেশ বা দলীয় ব্যক্তিদের প্রতিষ্ঠা ঘটে, তখন জাতীয় বিষয়গুলো চাপা পড়ে যায়, লক্ষ্য বিচ্যুৎ হয়। এখন শিক্ষা মন্ত্রণালয়ে সেই অবস্থা চলছে। অন্য দুয়েকটি মন্ত্রণালয়, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখানেও জামায়াতিকরণ হয়েছে। উচ্চপদসহ অন্যান্য ক্ষেত্রে জামায়াতপন্থীরা নিয়োগ পেয়েছে এবং তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। অবশ্য শিক্ষা মন্ত্রণালয় আর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বরাবর নয়। গুরুত্বের দিক দিয়ে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে। মন্ত্রণালয়ের উপদেষ্টা বা সরকার শুধু জামায়াতিকরণই ঠেকাতে পারেনি, আরো বিভিন্ন ক্ষেত্রে শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া ও আন্দোলন শুরু থেকেই চলছে। মন্ত্রণালয় বা সরকার অন্যায়-অন্যায্য আন্দোলন বন্ধ এবং ন্যায়সঙ্গত দাবি-দাওয়া মেনে নেয়ার ক্ষেত্রে সাফল্যের পরিচয় দিতে পারেনি। শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া ও আন্দোলনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শিক্ষা উপদেষ্টার দুর্বলতা কিংবা সমর্থনের কারণে শিক্ষকদের আন্দোলন দিনের পর দিন ধরে চলছে। এতে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়েছে।

অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল আর বেশিদিন নেই। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হয়ে গেলে এবং নতুন সরকার ক্ষমতা গ্রহণ করলে এ সরকারের ছুটি। এই অল্পকালের মধ্যে দেখা যাচ্ছে, সরকার বড় বড় প্রকল্প ও পরিকল্পনা হাতে নিতে তৎপর। ইনকিলাবে প্রকাশিত এক খবরে জানা গেছে, এই শেষ সময়ে এসে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুটি বড় উদ্যোগ নিয়েছে। একটি হলো, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ। অন্যটি হলো, দুই ধাপে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ। তথ্যমতে, ৭ জানুয়ারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নতুন করে দেড় হাজারের মত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে।

প্রশ্ন উঠেছে, এত বড় কর্মকা- দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে কীভাবে শেষ করা যাবে? নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। এতে প্রতিষ্ঠানের নিবন্ধন, জমির দলিল, শিক্ষক-কর্মচারীদের সকল সনদের কপি, দায়বদ্ধতার অঙ্গীকারপত্র, টিভিসি রিপোর্ট জমা দিতে হবে, যা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। শিক্ষামন্ত্রণালয় নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করতে চায়। প্রশ্ন হলো, এতদিন বাদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার এত গরজ পড়ল কেন মন্ত্রণালয়ের? এমপিওভুক্ত করার সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের একটা বিষয় জড়িত আছে। এটিই কি তবে কারণ? মন্ত্রণালয়ের তরফে এমপিওভুক্ত করার জন্য কারো সঙ্গে যোগাযোগ ও আর্থিক লেনদেন না করার যে অনুরোধ জানানো হয়েছে, তা কি সবাই মানবে? পর্যবেক্ষকদের মতে, এই উদ্যেগে ব্যাপক লেনদেনের বা লুটপাটের সুযোগ রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগের উদ্যোগের পেছনেও অবৈধ আর্থিক লেনদেনের বিষয়টি মূল ভূমিকায় রয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। গত ৯ জানুয়ারি এই পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ব্যাপক জালিয়াতি ও অনিয়মের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, আর্থিক লেনদেন ও জালিয়াত চক্রের মাধ্যমে ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিয়েছে বহু পরীক্ষার্থী। ধরাও পড়েছে শতাধিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগও পাওয়া গেছে। সরকারের শেষ সময়ে তাড়াহুড়া করে এত বিপুল সংখ্যক সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে অনেকরই ধারণা, এতে প্রধানত দুটি লাভ হবে সংশ্লিষ্টদের। প্রথমত, অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে বড় অংকের প্রাপ্তি ঘটবে। দ্বিতীয়ত, আরো অধিক সংখ্যক জামায়াতপন্থীর নিয়োগ প্রদান সম্ভব হবে।

নিয়োগ, বদলি ও পদায়নে অনিয়ম-দুর্নীতি ওপেন সিক্রেট। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও এর বাইরে নেই। ইতোপূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি প্রভৃতি ক্ষেত্রে যেসব নিয়োগ হয়েছে তা নিয়মমাফিক হয়নি বলে অভিযোগ আছে। গত ১৯ ডিসেম্বর শিক্ষাসংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানের ৫২৫ জন ক্যাডার কর্মকর্তার বদলি ও পদায়ন হয়েছে। একই দিনে আরো দু’হাজার ৭০৬ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। এই সব বদলি ও পদায়নে বিশাল অংকের অর্থ লেনদেনের অভিযোগ আছে। পর্যবেক্ষকরা সঙ্গতকারণেই মনে করেন, শিক্ষার গোটা ক্ষেত্রে যে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ হয়েছে, অবিলম্বে তার অনুপুংখ তদন্তের ব্যবস্থা করতে হবে। এজন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশেষ করে দলীয়করণ সম্পূর্ণ রহিত করতে হবে। শিক্ষান্ত্রণালয়ের এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সবশেষ উদ্যোগ-আয়োজন, যা প্রশ্নবিদ্ধ হয়েছে, স্থগিত বা বাতিল করতে হবে। এমপিওভুক্তি ও সহকারী শিক্ষক নিয়োগের মতো বিরাট উদ্যোগ বাস্তবায়নের মতো সময় ও সুযোগ অন্তর্বর্তী সরকারের হাতে নেই। পরবর্তী নির্বাচিত সরকারই এসব উদ্যোগ বাস্তবায়নে উপযুক্ত সরকার। ওই সরকারের হাতে সময় থাকবে এবং প্রয়োজনীয় সময় নিয়ে ব্যবস্থাপনাদক্ষতা প্রদর্শন করে তার পক্ষে সততা-স্বচ্ছতার সঙ্গে উদ্যোগ দুটি বাস্তবায়ন করা সম্ভব হবে। এ বিষয়ে আমরা প্রধান উপদেষ্টার যথাযথ হস্তক্ষেপ প্রত্যাশা করি।