রাজনীতিবিদরা গণতন্ত্রের কথা বলেন, সরকারও গণতন্ত্রের কথা বলে। প্রশ্ন হলো, যারা গণতন্ত্রের কথা বলেন, তারা এর চর্চা কতটা করেন? গণতন্ত্রের সার্বিক চর্চাতো একটি বড় বিষয়, একদিনের ভোটকে কেন্দ্র করে যে গণতন্ত্র-নির্দিষ্ট এই বিষয়টিতে গণতন্ত্রের কি হাল বর্তমানে? নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কশিন, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) নিয়ে এখন আলোচনা-সমালোচনার যেন শেষ নেই। এই বিষয়টি এখন লক্ষ্য করা যাচ্ছে বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতেও। ভোটার তালিকা সংশোধনসহ বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশটির সুপ্রীম কোর্টে মামলা করা হয়েছে। শুক্রবার জনস্বার্থে আদালতে মামলাটি করেন আইনজীবী শৈলেন্দ্র মানি ত্রিপাঠী। অভিযোগে বলা হয়, বাকি দুই নির্বাচন কমিশনারকে না জানিয়েই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন সিইসি। এ সিদ্ধান্তগুলোকে ‘অসাংবিধানিক ও অকার্যকর ঘোষণা করে খারিজ করার আবেদন জানানো হয়। এছাড়া মামলার আবেদনে ভোটার তালিকা সংশোধনের সময় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলাকালীন কীভাবে ভোটার তালিকা থেকে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হলো, তা তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠনের দাবি করা হয়েছে। এছাড়া জনপ্রতিনিধিত্ব আইনের অধীন দায়িত্বে অবহেলার অভিযোগে জ্ঞানেশ কুমার, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গর্গ এবং ডিরেক্টর জেনারেল (আইটি) সীমা খান্নার বিচারের দাবিও জানানো হয়েছে।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে প্রথম নির্বাচন কমিশনের অনিয়মের খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, গত ১০ মাসে ১৪ বার দুই কমিশনার বিবেক জোশী এবং সুখ বীর সিং সাঁধু লিখিতভাবে কমিশনের নামে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও জারি করা নির্দেশ নিয়ে আপত্তি জানিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন প্রকাশের পর জ্ঞানেশের পদত্যাগ, এমনকি গ্রেপ্তারেরও দাবি উঠেছে। শুক্রবার বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে ভারতজুড়ে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ করা হয়। রাজধানী দিল্লিতে বিক্ষোভকারীদের একটি দল ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিক্ষোভের জন্য আগে থেকে কোনো অনুমতি নেওয়া হয় নি।

এদিকে দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র যাদব বলেন, ‘অবিলম্বে জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাই। ভারতে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হবে আর আমরা চুপ করে বসে থাকব, তা হয় না। এর জন্য যারা দায়ী, তারা ঠিক শাস্তি পাবেন।’ এছাড়া ভারতীয় যুব কংগ্রেসের কর্মীরা দিল্লিতে জ্ঞানেশের মুখ আঁকা মুখোশ পরে এবং হাতকড়া লাগিয়ে বিক্ষোভ করেন। রায়সীনা রোড থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর পর্যন্ত ব্যানার ও পোস্টার হাতে নিয়ে হেঁটে যাওয়ার সময় অনবরত স্লোগন দেন তারা। আসামে বিক্ষোভের সময় প্রাদেশিক কংগ্রেস প্রধান গৌরব গগৈসহ বেশ কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ। বিহারের পাটনায় মুখ্য নির্বাচন কর্মকর্তার দপ্তরের উদ্দেশে অগ্রসরমান বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। উপলব্ধি করা যায়, বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজনৈতিক অঙ্গন এখন বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে কক্রোচ জনতা পার্টি (সিজেপি) সিইসির পদত্যাগ দাবি করে বলেছে, দাবি মানা না হলে ২ অক্টোবর থেকে তারা রাজপথের আন্দোলনে নামবে। প্রসঙ্গত এখানে উল্লেখ করা যায় যে, ভারতের নির্বাচন কমিশনের সমীহ করার মত একটা ঐতিহ্য ও ন্যায়পরায়নতা ছিল। তার সাথে বর্তমান চিত্রের কোনো মিল নেই। এখন তো সিইসির শুধু পদত্যাগ নয়; গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে। এটি শুধু ভারতের জনগণের জন্য নয়, প্রতিবেশি দেশের নাগরিক হিসেবে আমাদের জন্যও বেশ দুঃখজনক। প্রতিবেশি দেশের কর্মকাণ্ডের একটা প্রভাব তো আছেই। মোদি সরকারের আমলে নির্বাচন, ভোটার তালিকা, সাম্প্রদায়িক ভেদবিচার, বিদ্বেষ ও উগ্রতাকেন্দ্রিক মন্দ ঘটনা তো কম ঘটে নি। এখন আবার সিইসির বিরুদ্ধে মামলার ঘটনা ঘটলো। আদালতের রায়ের জন্য অপেক্ষা করাই এখন সঙ্গত।