মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটির শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে। এতে কর্মসংস্থানের প্রত্যাশায় থাকা লাখ লাখ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সরকারের উদ্যোগে কিছু কর্মী বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পেয়েছেন। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ এবং বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনুসরণযোগ্য দৃষ্টান্ত। পত্রিকান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন। গত বৃহস্পতিবার ১১২ জনকে বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এর আওতায় পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। কিন্তু এ উদ্যোগের পাশাপাশি শ্রমিক পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও অব্যাহত রয়েছে। অপর এক খবরে বলা হয়েছে, সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে অতিরিক্ত টাকা আদায় করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। কিন্তু সে হুঁশিয়ারির পরও মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের কাছ থেকে সাড়ে ৭ লাখ থেকে ৮ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত এক লাখ ৫৪ হাজার টাকার তুলনায় এ অর্থ প্রায় পাঁচ গুণ।
ফলে মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কর্মীদের ভোগান্তি ও অনিশ্চয়তা কাটেনি। এ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি লাখ লাখ পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে। কিন্তু বিদেশে কর্মসংস্থানের সুযোগকে কেন্দ্র করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট, দালালদের দৌরাত্ম্য এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ নতুন নয়। অতীতে এ বাজার ঘিরে অনিয়মের কারণে হাজার হাজার কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ অবস্থায় সরকারের উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর বিষয়টি প্রশংসার দাবিদার। এতে প্রমাণিত হয়েছে, সুষ্ঠু পরিকল্পনা, দ্বিপক্ষীয় সমঝোতা এবং সরকারি তদারকি থাকলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছাড়াও বিদেশে কর্মী পাঠানো সম্ভব। সাধারণত বিদেশে যেতে একজন কর্মীকে জমিজমা বিক্রি করতে হয়, ঋণ নিতে হয় কিংবা আত্মীয়স্বজনের কাছে হাত পাততে হয়। সেখানে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ তাঁদের জন্য বড় স্বস্তির বিষয়।
তবে বাস্তবতা হচ্ছে, সরকারি উদ্যোগের বাইরে বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে সে বিষয়ে শুধু হুঁশিয়ারি দিয়ে অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। প্রয়োজন কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোন রিক্রুটিং এজেন্সি কতজন কর্মী পাঠাচ্ছে, তাঁদের কাছ থেকে কত টাকা নেওয়া হচ্ছে এবং নিয়োগকর্তার সঙ্গে কী ধরনের চুক্তি হচ্ছে, তা নিয়মিত যাচাই করতে হবে। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করা জরুরি। কর্মী নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ করতে দু’দেশের মধ্যে কার্যকর সমঝোতা থাকা প্রয়োজন। কোনো কর্মী যাতে প্রতারণার শিকার হয়ে বিদেশে গিয়ে কর্মহীন অবস্থায় না পড়েন, সে বিষয়ে দু’দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে।
আমাদের মনে রাখতে হবে, বিদেশে কর্মসংস্থান শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের বিষয় নয়; এটি লাখ লাখ মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। তাই শ্রমবাজার উন্মুক্ত করাই সরকারের একমাত্র সাফল্য হতে পারে না। কর্মীরা যেন নিরাপদে, স্বল্প ব্যয়ে এবং প্রতিশ্রুত কর্মসংস্থানের নিশ্চয়তা নিয়ে বিদেশে যেতে পারেন, সেটিই হওয়া উচিত মূল লক্ষ্য। আমরা মনে করি, সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে বা স্বল্প খরচে কর্মী পাঠানোর সুযোগ বাড়ানোর পাশাপাশি বেসরকারি পর্যায়ে নির্ধারিত অভিবাসন ব্যয় কঠোরভাবে কার্যকর করতে হবে। প্রবাসে কর্মসংস্থানের স্বপ্ন যেন দালাল ও প্রতারক চক্রের মুনাফা অর্জনের হাতিয়ারে পরিণত না হয়। এ ক্ষেত্রে সরকারের কথার চেয়ে কার্যকর পদক্ষেপই এখন বেশি জরুরি।
