সরকারি ব্যয়ে লাগাম টানিয়া অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরানো ছিল যেই সরকারের অন্যতম লক্ষ্য, সেই সরকার যখন পরিচালন খাতে একাদিক্রমে ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে তখন উক্ত লক্ষ্য অর্জনে আন্তরিকতা লইয়াই প্রশ্ন উঠে। বস্তুত অন্তর্বর্তী সরকার গৃহীত সাম্প্রতিক কতিপয় পদক্ষেপের ফলস্বরূপ ইহাই ঘটিয়াছে। আমরা জানি, সম্প্রতি সরকারি চাকরিজীবীদের জন্য নূতন বেতন কাঠামো দ্বিগুণেরও অধিক করিবার প্রস্তাব করিয়াছে সরকার গঠিত পে কমিশন। উপরন্তু ঢাকার মন্ত্রী পাড়ায় ৭২টি বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণে ৭৮৬ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হইয়াছে এবং ইহার পূর্বে মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি ক্রয়ের প্রস্তাব তীব্র সমালোচনার মুখে বাতিল হইলেও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য ২২০টি গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত বহাল রহিয়াছে।

স্মরণ করা যাইতে পারে, ২০২৪ সালের শেষ দিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা দিবার উদ্যোগ গ্রহণ করে সরকার। তীব্র সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত বাতিল হইলেও ২০২৫ সালের জুলাই হইতে গ্রেডভেদে ১০ হইতে ১৫ শতাংশ পর্যন্ত বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হয়। সরকারি কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি এবং বিশেষ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত যুক্ত করিলে সরকারের পরিচালন ব্যয়ে অধিকতর চাপ পড়িবার কথা। অধিকতর উদ্বেগের বিষয়, ইতোপূর্বে গৃহীত পরিচালন ব্যয় বৃদ্ধি সংক্রান্ত পদক্ষেপগুলির কারণে গত সাড়ে চার দশকে এই প্রথম সরকারের মোট রাজস্ব ব্যয় রাজস্ব আয় অপেক্ষা অধিক হইলেও শ্বেতহস্তীসম প্রকল্প হইতে সরিয়া আসিবার লক্ষণ নাই।

ইহার ফলে আসন্ন নির্বাচনের মধ্য দিয়া যেই সরকার গঠিত হইবে, উহার উপর অনাকাঙ্ক্ষিত আর্থিক চাপ সৃষ্টির আশঙ্কা অমূলক নহে। সোমবার প্রকাশিত সমকালের প্রতিবেদনমতে, চলমান অর্থবৎসরের প্রথম ছয় মাসে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়াইয়াছে প্রায় ৪৬ সহস্র কোটি টাকা। আমরা জানি, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, তৎসহিত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক খাতে দুর্নীতির প্রভাব সমগ্র অর্থনীতিতে বিস্তৃত হইয়াছিল। সেই প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর অর্থনীতির ক্ষত নিরাময় এবং সরকারি ব্যয়ে লাগাম টানিতে অর্থ মন্ত্রণালয় যখন একাধিক প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করে তখন অর্থনীতিবিদসহ প্রায় সর্বমহলেই উহা প্রশংসিত হইয়াছিল। কিন্তু আলোচ্য প্রকল্প ও পদক্ষেপগুলি প্রমাণ করে, অন্তর্বর্তী সরকার কার্যত পূর্বসূরিকেই অনুসরণ করিয়া চলিয়াছে। কেবল উহাই নহে, ক্ষেত্রবিশেষ বর্তমান সরকার বরং উন্নয়ন এবং জনসাধারণের জীবিকার্জনের পন্থা সহজীকরণের বিপরীতে হাঁটিতে চাহিতেছে। ইতোমধ্যে বর্তমান অর্থবৎসরের সংশোধিত বাজেটে উন্নয়ন ব্যয় হ্রাস করিয়া পরিচালন ব্যয় বৃদ্ধি করা হইয়াছে, যথায় প্রয়োজন ছিল পরিচালন ব্যয় হ্রাস করিয়া উন্নয়ন ব্যয় বৃদ্ধি। উন্নয়নকাণ্ডে ব্যয় বৃদ্ধি না করিলে জিডিপির প্রবৃদ্ধি যদ্রূপ ঘটে না, তদ্রূপ কর্মসংস্থানেরও বিস্তৃতি সম্ভব হয় না। অবশ্য নানা কারণে অজনপ্রিয় হইয়া পড়া সরকার বেতন-ভাতা বৃদ্ধি করিয়া জনপ্রশাসনকে খুশি রাখিতে চাহিতে পারে। কিন্তু উহার নেতিবাচক প্রভাবে ইতোমধ্যে সংকোচনের শিকার বেসরকারি খাতের সংকট জটিল রূপ ধারণ করিতে পারে। স্মরণে রাখিতে হইবে, বেসরকারি খাতই দেশের সর্বাধিক কর্মসংস্থানের জোগানদার। উহাকে সংকটে রাখিয়া সংস্কারমূলক কোনো উদ্যোগই সফল হওয়া কঠিন।

স্বীকার্য, ব্যয়সাশ্রয়ী নীতির কথা বলিয়া ব্যয়বাহুল্যের নজির অতীতে কম নাই। কিন্তু নির্দলীয় অন্তর্বর্তী সরকারও যে গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের পূর্বে কার্যত দলীয় সরকারের ন্যায় আচরণ করিবার নজির অতীতে দেখা যায় নাই। আমাদের প্রত্যাশা, সরকার দ্রুত বিষয়টি উপলব্ধি করিবে এবং অন্তত নূতন সরকারের জন্য সংকটমূলক যেই কোনো পদক্ষেপ গ্রহণে বিরত থাকিবে। বাগাড়ম্বরে আর যাহাই হউক, অর্থনীতি বদলাইবে না।