বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে স্মার্টফোন এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয়; অনেকের জন্য এটি কাজের জায়গা, ব্যবসা পরিচালনার উপকরণ ও আয়ের প্রধান উৎস। শিক্ষার্থীরা অনলাইন ক্লাস, শিক্ষাসামগ্রী সংগ্রহ এবং দক্ষতা উন্নয়নে স্মার্টফোন কাজে লাগাচ্ছেন, ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ, কাজ পরিচালনা ও পারিশ্রমিক গ্রহণ করছেন। ক্ষুদ্র অনলাইন উদ্যোক্তারা পণ্যের ছবি তোলা, প্রচারণা চালানো ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগের জন্য নির্ভর করছেন স্মার্টফোনের ওপর। একইভাবে কনটেন্ট ক্রিয়েটর, ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের কাজের মানও অনেকাংশে নির্ভর করে স্মার্টফোনের ক্যামেরা, প্রসেসিং ক্ষমতা ও মেমোরির ওপর। অর্থাৎ ব্যবসার প্রাথমিক কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে বিদেশী ক্লায়েন্টের সঙ্গে ফ্রিল্যান্সারের অনলাইন যোগাযোগ বা ক্ষুদ্র ব্যবসায়ীর মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন—ডিজিটাল অর্থনীতির প্রায় প্রতিটি স্তরেই স্মার্টফোন অপরিহার্য হয়ে উঠেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশে কম্পিউটার ব্যবহারকারীর হার মাত্র ১১ দশমিক ৮ শতাংশ। ফলে বিপুলসংখ্যক মানুষের জন্য স্মার্টফোনই ইন্টারনেট ব্যবহার, নতুন দক্ষতা অর্জন ও জীবিকা নির্বাহের প্রধান ডিজিটাল উপকরণ। অথচ প্রয়োজনীয় এ ডিভাইস সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এখনো একটি বড় নীতিগত চ্যালেঞ্জ। দেশে স্মার্টফোন ব্যবহারকারীর হার যেখানে ৪৫ শতাংশ, সেখানে বাংলাদেশের তুলনায় কম মাথাপিছু আয় থাকা নাইজেরিয়া, নেপাল ও পাকিস্তানে এ হার যথাক্রমে ৭৫, ৭৩ ও ৭২ শতাংশ। আগামী জানুয়ারি থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নের প্রস্তুতির এ সময়ে তাই স্মার্টফোনের সহজলভ্যতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

কর্মসংস্থানের বর্তমান বাস্তবতায় বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ১৫-২৪ বছর বয়সীদের বেকারত্বের হার ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যমতে, বাংলাদেশের শিক্ষিত তরুণদের মধ্যে প্রায় ৩৬ শতাংশ বেকার। এমন পরিস্থিতিতে ফ্রিল্যান্সিং, ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট তৈরির মতো কাজ তরুণদের বিকল্প আয়ের পথ তৈরি করছে। এছাড়া বেকারত্ব নিরসনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ডিজিটাল দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণও দিচ্ছে। কিন্তু প্রশিক্ষণ শেষ করার পর প্রয়োজনীয় স্মার্টফোন কেনার সামর্থ্য না থাকলে অর্জিত দক্ষতা কাজে লাগানো কঠিন হয়ে পড়ে। এ কারণে দক্ষতা তৈরির উদ্যোগের পাশাপাশি সে দক্ষতা কাজে লাগানোর প্রয়োজনীয় প্রযুক্তিও মানুষের নাগালে রাখা জরুরি।

এ প্রেক্ষাপটে এনইআইআর চালুর উদ্যোগটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে প্রথম ধাপে এ ব্যবস্থা চালুর কথা রয়েছে। এর মাধ্যমে অবৈধভাবে আমদানি করা ও শুল্ক ফাঁকি দিয়ে বাজারে আসা হ্যান্ডসেট শনাক্ত করা, বৈধ ব্যবসাকে উৎসাহিত করা ও সরকারের রাজস্ব ক্ষতি কমিয়ে আনার সুযোগ তৈরি হবে। এ উদ্যোগে বর্তমানে ব্যবহৃত ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের পরিকল্পনাও রয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেনের সুরক্ষা ও বাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

তবে এনইআইআরের কার্যকারিতা নির্ভর করবে বাজারের বাস্তবতার সঙ্গে এর বাস্তবায়ন কতটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে তার ওপর। বৈধ বাজারে স্মার্টফোনের দাম ক্রেতাদের নাগালের বাইরে থাকলে অনানুষ্ঠানিক বাজারের প্রতি তাদের নির্ভরতা কমানো সম্ভব হবে না। ২০২৫ সালে দেশে আনুষ্ঠানিক বাজারে প্রায় ৯৫ লাখ স্মার্টফোন বিক্রি হলেও অনানুষ্ঠানিক বাজারে বিক্রি হয়েছিল প্রায় ১৬ লাখ। ২০২৬ সালে আনুষ্ঠানিক বাজারে বিক্রি কমে প্রায় ৭৯ লাখে দাঁড়িয়েছে। অন্যদিকে অনানুষ্ঠানিক বাজারে বিক্রি বেড়ে ২০ লাখে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেবল অবৈধ ফোন শনাক্তের ব্যবস্থা চালু করলেই বৈধ বাজারের প্রসার নিশ্চিত হবে না; পাশাপাশি ক্রেতাদের জন্য বৈধ পথে ফোন কেনাও সাশ্রয়ী করতে হবে।

বর্তমান কর কাঠামোও এখানে বড় বিবেচ্য বিষয়। আমদানি করা স্মার্টফোনের ওপর মোট করভার নির্ধারণ করা হয়েছে ৬৪ দশমিক ২৫ শতাংশ, যা চূড়ান্ত বিক্রিমূল্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। গত জানুয়ারিতে সরকার আমদানি করা ফোনের কাস্টমস ডিউটি ২৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছিল। তবে এ সুবিধা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর ছিল।

স্মার্টফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে কাস্টমস ডিউটি ২৫ থেকে ৫ শতাংশে নামানো ও রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অন্যান্য কর অপরিবর্তিত রাখলেও প্রস্তাবিত কাঠামোয় মোট করভার ৬৪ দশমিক ২৫ থেকে প্রায় ৩৩ দশমিক ৬২ শতাংশে নামিয়ে আনা সম্ভব। এতে বৈধভাবে আমদানি করা স্মার্টফোনের দাম কমার সুযোগ তৈরি হবে এবং আনুষ্ঠানিক বাজার আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত স্মার্টফোনের যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান কর সুবিধা বজায় রাখলে দেশীয় উৎপাদকদের প্রতিযোগিতামূলক অবস্থানও সুরক্ষিত থাকবে। ফলে ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে বৈধ বাজার থেকে ফোন কেনার সুযোগ বাড়ার পাশাপাশি স্থানীয় শিল্পের স্বার্থও অক্ষুণ্ন থাকবে।

এ লক্ষ্য অর্জনে এনইআইআর বাস্তবায়নের আগে শুল্ক ও কর কাঠামোর পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়াও স্পষ্ট করা জরুরি। পুরনো ফোনের স্বয়ংক্রিয় নিবন্ধন, নতুন হ্যান্ডসেটের আইএমইআই যাচাই ও ক্রেতাদের জন্য সহজ নিবন্ধন পদ্ধতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় উৎপাদক, আমদানিকারক, ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে আলোচনা করে একটি স্থিতিশীল এবং পূর্বানুমানযোগ্য নীতিকাঠামো গড়ে তোলা প্রয়োজন। এতে ব্যবসায়িক অনিশ্চয়তা কমবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়বে ও বৈধ বাজার বিকাশের অনুকূল পরিবেশ তৈরি হবে।

বাংলাদেশের তরুণদের দক্ষ করে তোলার পাশাপাশি তাদের কাজের উপকরণটিও সাশ্রয়ী করা প্রয়োজন। প্রশিক্ষণপ্রাপ্ত একজন তরুণের হাতে কাজ করার উপযোগী প্রযুক্তি না থাকলে তার দক্ষতাকে আয়ে রূপান্তরের সম্ভাবনা সীমিত হয়ে যায়। কারো জন্য স্মার্টফোন প্রথম আয়ের মাধ্যম, কারো জন্য ক্ষুদ্র ব্যবসা পরিচালনার প্রধান উৎস, আবার কারো জন্য প্রচলিত চাকরির বাইরে স্বাবলম্বী হওয়ার সুযোগ। তাই এনইআইআরের লক্ষ্য কেবল অবৈধ ফোনের প্রবেশ নিয়ন্ত্রণে সীমাবদ্ধ থাকলে চলবে না; আরো বেশি মানুষকে বৈধ ডিজিটাল অর্থনীতির আওতায় আনার বিষয়টিতেও সমানভাবে গুরুত্ব দিতে হবে।

মাহবুবুল হক ভূঁইয়া : পিইএইচডি গবেষক

ইউনিভার্সিটি অব মিনেসোটা