আজ বিজয়া দশমী। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিন। যথাযথ পূজা-অর্চনার মধ্য দিয়া আজিকে সমাপ্ত হইবে এই উৎসব। শুক্রবার দুর্গাষষ্ঠীর মধ্য দিয়া সূচিত হইয়াছিল দেবীর মূল প্রতিমায় পূজা। আজিকে ঢাকঢোল ও কাঁসরের বাদ্যের মধ্য দিয়া বিসর্জন হইবে দেবীর। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, যে কৈলাসের স্বামীগৃহ হইতে পিত্রালয়ে আসিয়াছিলেন দেবী দুর্গা; আরাধ্য কর্ম সম্পাদন করিয়া তিনি আজিকে ফিরিয়া যাইবেন সেই কৈলাসের পতিগৃহে। গত বৎসর যদিও আশ্বিনের মধ্যভাগে দুর্গোৎসব সম্পন্ন হইয়াছিল, এইবার তাহা কার্তিকের প্রথম সপ্তাহে গড়াইল। গত বৎসর ষষ্ঠী হইতেই দিবস-রাত্রিব্যাপী মেঘে আকাশ ছাইয়াছিল; ঝরিয়াছিল বৃষ্টি। তবে এইবার পূজার সময়ে আকাশ ছিল ঝকঝকে, আলো ঝলমল। ফলে দুর্গাপূজার চিরাচরিত আবহ শুরু হইতে শেষ পর্যন্ত ছিল। ভক্ত ও দর্শনার্থীদের আনন্দে মাতোয়ারা হইতে কোনো সমস্যা হয় নাই। সর্বোপরি সম্পূর্ণ ভয়ভীতিহীন ও নিরাপদ পরিবেশেই উৎসবটি সমাপ্ত হইয়াছে। দুর্গোৎসব উপলক্ষে সমকালের পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমাদের আন্তরিক প্রীতি ও শুভ কামনা।

দুর্গাপূজা বাঙালি হিন্দুর প্রধান ধর্মীয় অনুষ্ঠান হইলেও উহার উৎসব বরাবরই সার্বজনীন ছিল। এইবারও ইহাতে কোনো ব্যতিক্রম ঘটে নাই। প্রতিবারের ন্যায় এইবারও মণ্ডপগুলিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে অজস্র জনস্রোত দেখা গিয়াছে।

দেবী দুর্গাকে শুভ ও অশুভের মধ্যে লড়াইয়ের প্রতীকরূপেই দেখা হয়। শুভ দুর্গা যদ্রূপ অশুভ অসুরকে পরাজিত করিয়া থাকেন, তদ্রূপ অশুভের বিরুদ্ধে সকল শুভপক্ষের লড়াই চিরন্তন। দুর্গোৎসবেও উহার ব্যতিক্রম ঘটে না। আমাদের বিশ্বাস, বিজয়া দশমীতে দেবী দুর্গা ভক্তদের পুষ্পাঞ্জলি-অর্ঘ্যে সিক্ত হইয়া কৈলাসে ফিরিয়া যাইতে যাইতে সকলের জন্য মঙ্গলালোক ছড়াইয়া দিবেন। অশুভ শক্তির বিনাশের মাধ্যমে শুভ শক্তির যে জয়রথ ঘোষিত হইয়াছে, তাহা সমগ্র বৎসর অব্যাহত থাকিবে। এই ক্ষেত্রে যদ্রূপ দেবী দুর্গার ভক্তগণের দায়িত্ব রহিয়াছে, তদ্রূপ অন্য ধর্মীয় মানুষ এবং বিশেষত রাষ্ট্রেরও দায়িত্ব বিশাল। এই কথা বলিলে অতিরঞ্জন হইবে না, অসাম্প্রদায়িকতা বাংলাদেশের সমাজের চিরায়ত রূপ হইলেও অন্ধকারের বাসিন্দারা সাম্প্রদায়িকতা ও সহিংসতার প্রসারে কার্পণ্য করে না। যেই কারণে দুর্গোৎসব ঘিরিয়া সাম্প্রদায়িক উস্কানি এই দেশে নূতন নহে। প্রশাসনের পক্ষ হইতে নিরাপত্তার কঠোরতা ও নজরদারি সত্ত্বেও প্রায় প্রতি বৎসর কোথাও না কোথাও প্রতিমা ভাঙচুর, এমনকি হামলা ও হতাহতের অঘটনও বিরল নহে। তবে এইবার উৎসব শুরুর পূর্বের কয়েক দিনে কিছু ক্ষেত্রে তেমন অনাকাঙ্ক্ষিত ঘটান ঘটিলেও মূল উৎসবের সময়টি ছিল বহুলাংশেই উদ্বেগ-উৎকণ্ঠাহীন। স্মরণে রহিয়াছে, ২০২১ সালে শারদীয় দুর্গোৎসবকালে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক তাণ্ডব ঘটিয়াছিল। অনেকের উপাসনালয়, বাসগৃহ, বাণিজ্যিক স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ তো ঘটিয়াছিলই; রক্তপাতও রোধ করা যায় নাই। উহার ফলে সামাজিক সম্প্রীতিতে যে ফাটল ধরিয়াছিল– উহা অস্বীকার করা যাইবে না। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পূর্ণ আস্থা ফিরাইয়া আনিতে হইলে কেবল উৎসবের দিনগুলির স্বস্তি যথেষ্ট নহে।

সরকারের পক্ষ হইতে সহযোগিতা, তৎসহিত নিরাপত্তার যথেষ্ট আশ্বাস ছিল বলিয়াই সম্ভবত এইবারও পূজামণ্ডপের সংখ্যা বাড়িয়াছে। পূজা উদযাপন পরিষদের হিসাবমতে, গত বৎসর অপেক্ষা এই বৎসর বাংলাদেশে অন্তত ১৫০০ অধিক মণ্ডপ ও মন্দিরে দেবী দুর্গার আরাধনা হইয়াছে। তবে ইহাতে আত্মতুষ্টিতে ভুগিবার অবকাশ নাই। আমরা মনে করি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখিবার স্বার্থেই কেবল নহে; নাগরিক অধিকার ও নিরাপত্তার প্রশ্নেও সকল ধর্মের আনুষ্ঠানিকতা ও উৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করিতে হইবে। এই ক্ষেত্রে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলিকেও অগ্রগামী হইতে হইবে। কারণ অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির ঐক্যের বিকল্প নাই।