গত বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটসহ অন্যান্য সমস্যার কারণে জামায়েত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তাদের সাথে বাগবিতণ্ডা, বিশৃঙ্খলা, হুমকি:ধমকি ও অসৌজন্যমূলক আচরণ করেন। সরকারি কাজে বাধা দেয়া ও বিশৃঙ্খলার অভিযোগে ইতোমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। বিমানবন্দরের বেহাল ও অপ্রতুল যাত্রীসেবা নিয়ে মেজর (অব.) আখতারুজ্জামানের এই আচরণ গ্রহণযোগ্য না হলেও বিমানবন্দরে যাত্রী হয়রানি, লাগেজ হারিয়ে যাওয়া, চুরি হওয়া, যাত্রীদের দায়িত্বরতদের যথাযথ আচরণ ও সেবা না পাওয়ার অভিযোগ নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে যাত্রীদের এই অভিযোগ চলে এলেও এর কোনো প্রতিকার নেই। কোনো সরকারই এ ব্যাপারে উদ্যোগ নেয়নি। বিমানবন্দরে যাত্রীদের এমন ভোগান্তি বিশে^র আর কোনো দেশে আছে বলে মনে হয় না। অথচ একজন যাত্রী যখন বিদেশ যান, তখন তিনি আগমন এবং বর্হিগমনের সবকিছুই যথাযথভাবে সম্পন্ন করেন। সমস্যায় পড়েন বিমানবন্দরে গিয়ে। সেখানে তাকে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। দায়িত্বশীলদের উদাসীনতা, অসহযোগিতা, অসৌজন্যমূলক আচরণ, হয়রানি ও নাজেহালসহ এন্তার অব্যবস্থাপনার শিকার হতে হয়। মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরের কর্মকর্তাদের সাথে যে আচরণ করেছেন, তা সেখানের চরম অব্যবস্থাপনা ও হয়রানির প্রতিক্রিয়ারই ফল। যদি তিনি স্মুথলি বিমানবন্দরের সেবা পেতেন, তাহলে এমন অনাকাক্সিক্ষত ও অপ্রীতিকর ঘটনা হয়ত ঘটত না। তার এ ঘটনার মধ্য দিয়ে বন্দরে যাত্রীসেবার চিরায়ত সমস্যা ও সংকটের দিকটি নতুন করে উঠে এসেছে। তিনি তার বাড়াবাড়ি আচরণের ফল পেয়েছেন। তবে বিমানবন্দরের যাত্রীসেবার যে বেহাল দশা, তা উপেক্ষা করার সুযোগ নেই।

বিমানবন্দরে অত্যন্ত নিম্নমানের যাত্রীসেবা নিয়ে বহু লেখালেখি হয়েছে। যাত্রীসেবা কীভাবে উন্নত করা যায়, তার পরামর্শ বিশেষজ্ঞরা বারবার দিয়েছেন। দুঃখজনক বিষয় হচ্ছে, যাত্রীসেবার উন্নতি দূরে থাক, বিদ্যমান অভিযোগগুলোর কোনো সমাধান আজ পর্যন্ত করা হয়নি। বিমানযাত্রীদের এই চিরভোগান্তি যেন তাদের ললাট লিখন হয়ে রয়েছে। অথচ এই যাত্রীদের ট্যাক্সের পয়সায়ই বিমানবন্দর চলছে। যাদের পয়সায় বিমানবন্দর চলছে, তারাই অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশের সিভিল এভিয়েশন ট্যাক্স বা বিমান ভাড়া সংক্রান্ত ট্যাক্স এশিয়ার আঞ্চলিক গড় এবং পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক বেশি।

এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, ঢাকা থেকে টিকিট কাটলে তা মধ্যপ্রাচ্যের দেশ, সিঙ্গাপুর, কুয়ালালামপুর বা ব্যাংককে টিকিট কাটার চেয়ে অনেক বেশি ট্যাক্স ও ফি দিতে হয়। ফিরতি বিমানে ওইসব দেশ থেকে আসার সময় বাংলাদেশের তুলনায় ট্যাক্স ও ফি অনেক কম লাগে। যেমন ঢাকা থেকে কুয়ালালামপুর যাওয়ার টিকিট ট্যাক্স যেখানে প্রায় ৯,৮৯০ টাকা, সেখানে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার ট্যাক্স মাত্র ২ হাজার টাকার মতো। বহির্গামী যাত্রীর টিকিটের মূল্যের একটি বড় অংশ বিভিন্ন সরকারি কর, আবগারি শুল্ক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন ফি’র পেছনে চলে যায়, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি। মূলত এসব দেশেই বাংলাদেশের বেশিরভাগ যাত্রী যাতায়াত করে। এর অর্থ হচ্ছে, বিমানযাত্রীরা সবচেয়ে বেশি ট্যাক্স দিয়ে বিমানবন্দরে গিয়ে অত্যন্ত নিম্নমানের সেবা পাচ্ছেন। যাত্রীদের অনেকের অভিযোগ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার মান অনেকটা লোকাল বাস টার্মিনালগুলোর সেবার চেয়েও খারাপ হয়ে দাঁড়িয়েছে। বলা বাহুল্য, বিমানবন্দরে অনেক সময় ভিনদেশী যাত্রী বা পর্যটকদেরও হয়রানির শিকার হতে হয়। এতে তাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়, যা আন্তর্জাতিক অঙ্গণে দেশের ভাবমর্যাদা বিনষ্ট করছে। অথচ বিমানবন্দর পরিচালনা ও উন্নয়নে বছরে শত শত কোটি টাকা ব্যয় করা হলেও এর যাত্রীসেবার কোনো উন্নতি হয়নি।

তৃতীয় টার্মিনাল নির্মাণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে সম্প্রসারণ ও আধুনিকায়ন করার কাজ এগিয়ে চলেছে। এতে প্রায় ২২ হাজার ২৩১ কোটি ১০ লাখ টাকা খরচ হবে। বিমানের সংখ্যা বৃদ্ধি ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে ১৪টি বিমান ক্রয়ের চুক্তি করা হয়েছে। এর মধ্যে ৮টি বোয়িং ৭৮৭-১০, চারটি ৭৩৭-৮ ম্যাক্স এবং দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমান রয়েছে। এগুলো ক্রয় করতে প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা খরচ হবে। এর মাধ্যমে বিমানবন্দর সম্প্রসারণ এবং বিমানের সংখ্যা বৃদ্ধির বিশাল উদ্যোগ নেয়া হলেও এগুলো সচল রাখতে যে যাত্রীরা এর চালিকাশক্তি হয়ে আছে, তাদের যথাযথ সেবায় বন্দর কর্তৃপক্ষ কি করছে? তারা কি বিমানবন্দরে গিয়ে আরামে কিংবা কোনো ধরনের হয়রানি ছাড়া দেশ-বিদেশে আসা-যাওয়া করতে পারছে? উচ্চহারে ট্যাক্স দিয়েও কি তারা যথাযথ সেবা পাচ্ছে? বিমানবন্দরে যাত্রীদের হয়রানি, নাজেহাল হওয়া, লাগেজ চুরি বা হারিয়ে যাওয়া, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার মতো মানসিক পীড়ন থেকে তারা কি মুক্তি পাচ্ছে? পাচ্ছে না। তারা বিমানবন্দরে আর কবে উন্নত সেবা পাবে? কবে তাদের হয়রানি বন্ধ হবে? বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দর সম্প্রসারণ, আধুনিকায়ন ও বিমান কেনার মাধ্যমে কমিশন বাণিজ্য হলেও যাত্রীদের সেবার মান উন্নত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। এর দায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এড়াতে পারেন না। এ ব্যাপারে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারকদের দৃষ্টি দেয়া জরুরি। তাদের মতে, প্রয়োজনে মন্ত্রী পরিবর্তন করতে হবে, নতুবা যাত্রীসেবার মান উন্নত করতে হবে।