দেশে জ্বালানি তৈলের মজুত পর্যাপ্ত থাকিলেও গত কয়েক দিন যাবৎ ভোক্তামহলে বিশেষত ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ লইয়া যেই উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হইয়াছে উহা উড়াইয়া দিবার অবকাশ নাই। রবিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তৈলের সম্ভাব্য সংকট ও মূল্য বৃদ্ধির শঙ্কায় কয়েক দিন ধরিয়া বিক্রয় বৃদ্ধি পায়।

শনিবার দেশের অনেক স্থানেই সকালের পর জ্বালানি তৈল বিক্রয় বন্ধ হইয়া যায়। রাজধানীর অনেক পাম্প ঘিরিয়া ছিল এক-দেড় কিলোমিটারের দীর্ঘ সারি এবং দুই-তিন ঘণ্টা অপেক্ষা। অন্যদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বক্তব্য, মূলত আতঙ্কিত হইয়া অতিরিক্ত তৈল ক্রয় এবং অতি মুনাফার লোভে কেহ কেহ তৈল মজুত করায় কৃত্রিম সংকট তৈয়ার হইয়াছে। আর এই আতঙ্কের নেপথ্যেও গুজবের ভূমিকা রহিয়াছে বলিয়া তাহাদের ধারণা।

প্রশ্ন হইতেছে, এই গুজবই বা সৃষ্টি হইল কী প্রকারে? বিপিসি বা সরকারের অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ তাহা সৃষ্টি হইতে দিল কেন? ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আশঙ্কা অন্তত এক মাস ধরিয়া ক্রমশ ঘনীভূত হইতেছিল। এহেন পরিস্থিতিতে সর্বদাই সুযোগসন্ধানীরা তৎপর হয়; গুজবের কারখানাও সচল হইয়া উঠে। কিন্তু বিশেষত বিপিসি যে এই বিষয়ে যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করে নাই, তাহা স্পষ্ট। বিপিসির এই বক্তব্যে সন্দেহের অবকাশ নাই, দেশীয় গ্যাসক্ষেত্র হইতে প্রাপ্ত উপজাত প্রক্রিয়াজাত করিয়া বৎসরে যেই পরিমাণ পেট্রোল পাওয়া যায় উহা দেশের চাহিদা অপেক্ষা অধিক। একই প্রক্রিয়ায় প্রাপ্ত অকটেনও প্রায় যথেষ্ট। আর ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে এই দুই প্রকার জ্বালানিই মূলত ব্যবহৃত হয়। উপরন্তু এপ্রিল পর্যন্ত দুই লক্ষ ৮০ সহস্র টন ডিজেল আমদানি চূড়ান্ত করিয়াছে জ্বালানি বিভাগ। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে গত দুই দিন যাবৎ একটি জাহাজের তৈল খালাস হইতেছে, সোমবার আরও দুইটি জাহাজ আসিতেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এহেন আশ্বাসেও সংশয় প্রকাশের যৌক্তিক কারণ থাকিতে পারে না। কিন্তু এই তথ্যগুলি জনপরিসরে আতঙ্ক ছড়াইবার পূর্বে সরবরাহ করা হইল না কেন?

শুধু উহাই নহে; সাধারণত সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ডিপো হইতে তৈল সরবরাহ বন্ধ থাকে। ফলে পাম্পগুলিতে অন্য দিনের তুলনায় তৈলের মজুত কম থাকে। অথচ ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সময়টা অস্বাভাবিক হইলেও এই দুই দিনের জন্য বিপিসি বিশেষ ব্যবস্থা গ্রহণ করে নাই। সংস্থাটি সম্ভবত ধারণা করিয়াছিল, ভোক্তা পর্যায়ে তৈল সংগ্রহে রেমনিং বা নির্দিষ্ট সীমা বাঁধিয়া দিলেই তাহাদের দায়িত্ব শেষ হইয়া যায়। কিন্তু উহাতে যে বরং জনমনে তৈলের পর্যাপ্ত সরবরাহ সম্পর্কেই সংশয় আরও গভীর হয়, উহা বুঝিতে বিশেষজ্ঞ হইবার প্রয়োজন নাই। অতএব আলোচ্য সংকট সৃষ্টির নেপথ্যে পেট্রোল পাম্প মালিকরা বিপিসির অব্যবস্থাপনাকে যথাযথভাবেই দায়ী করিয়াছেন বলিয়া আমরা মনে করি।

ইরান যুদ্ধ কতদিন চলিবে, তাহা নিশ্চিত করিয়া কেহ বলিতে পারে না। তাই দীর্ঘ মেয়াদে জ্বালানি তৈলের সরবরাহ নিশ্চিত করাই হইবে বুদ্ধিমত্তার পরিচায়ক। বিশেষত যখন আবহাওযা ক্রমশ তপ্তহইতে চলিয়াছে এবং ইতোমধ্যে দেশের সর্ববৃহৎ ধানের মৌসুম বোরোর মৌসুমও শুরু হইয়াছে; অতএব বিদ্যুৎ-জ্বালানির ব্যবহার সর্বোচ্চ ধাপে পৌঁছাইবার এই সময়ে নিয়মিত উৎসের বাহিরেও জ্বালানি সংগ্রহের প্রয়াস জোরদার করিতে হইবে। সেই হিসাবে এপ্রিলে ১৫টি কার্গোর মধ্যে ১৩টির আগমন নিশ্চিতকরণ ও সংকট পরিহারে ব্রুনেই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া হইতে তৈল সংগ্রহের সরকারি পরিকল্পনা যেই কোনো মূল্যে বাস্তবায়নের বিকল্প নাই। বিপিসির ব্যবস্থাপনা উন্নত করা, তৈল মজুতদারি ও পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ লইতে হইবে।

রবিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তৈলের সম্ভাব্য সংকট ও মূল্য বৃদ্ধির শঙ্কায় কয়েক দিন ধরিয়া বিক্রয় বৃদ্ধি পায়।

ইরান যুদ্ধ কতদিন চলিবে, তাহা নিশ্চিত করিয়া কেহ বলিতে পারে না। তাই দীর্ঘ মেয়াদে জ্বালানি তৈলের সরবরাহ নিশ্চিত করাই হইবে বুদ্ধিমত্তার পরিচায়ক। বিশেষত যখন আবহাওযা ক্রমশ তপ্ত হইতে চলিয়াছে এবং ইতোমধ্যে দেশের সর্ববৃহৎ ধানের মৌসুম বোরোর মৌসুমও শুরু হইয়াছে; অতএব বিদ্যুৎ-জ্বালানির ব্যবহার সর্বোচ্চ ধাপে পৌঁছাইবার এই সময়ে নিয়মিত উৎসের বাহিরেও জ্বালানি সংগ্রহের প্রয়াস জোরদার করিতে হইবে। সেই হিসাবে এপ্রিলে ১৫টি কার্গোর মধ্যে ১৩টির আগমন নিশ্চিতকরণ ও সংকট পরিহারে ব্রুনেই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া হইতে তৈল সংগ্রহের সরকারি পরিকল্পনা যেই কোনো মূল্যে বাস্তবায়নের বিকল্প নাই। বিপিসির ব্যবস্থাপনা উন্নত করা, তৈল মজুতদারি ও পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ লইতে হইবে।