বিদ্যুৎ ও জ্বালানি সংকটে নাজেহাল দেশের মানুষ। ইউক্রেন যুদ্ধ, ইরান ও মধ্যপ্রাচ্য যুদ্ধের ধারাবাহিকতায় গত কয়েক বছর ধরে বিশ্বের জ্বালানি নিরাপত্তায় এক ধরনের অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির ধকল চলছে। কিন্তু নির্বাচনে বিপুল জয়লাভের মধ্য দিয়ে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারকে বিগত সরকারের রেখে যাওয়া ভগ্ন-অর্থনীতিসহ নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। বিশেষত বিদ্যুতের লোডশেডিং ও গ্যাস সংকট সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। পতিত স্বৈরাচারের দোসর ও ঘাপটি মেরে থাকা তার দলীয় কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে সরকারের ব্যর্থতা প্রমাণে মরিয়া হয়ে উঠেছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট উত্তরণ ছাড়া অর্থনীতির কোনো লক্ষ্যই অর্জন করা সম্ভব নয়। তারেক রহমানের ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা ঠিক রাখতে হলে প্রথমেই বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা এবং এ খাতের পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। যেকোনো গুরুত্বপূর্ণ সংকট উত্তরণের প্রথম ধাপ হচ্ছে— সংকটের প্রকৃতি অনুধাবন করে তা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে মনোযোগ দেয়া। কিছুদিন আগে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর বক্তব্যে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছিল। কিন্তু ইতোমধ্যে অবস্থার বেশ কিছু অগ্রগতি ও আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দিতে গিয়ে জ্বালানি সংকট উত্তরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন।

যেকোনো উন্নয়নশীল অর্থনীতির জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রাধিকার অস্বীকার করার কোনো উপায় নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের প্রথম মেয়াদান্তে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করেছেন, তাতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ঘাটতি ও ভগ্নদশা বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। তবে আশার কথা হচ্ছে, সরকারের নতুন কর্মপরিকল্পনার সূচনাতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এ খাতটির সামগ্রিক বাস্তবতা সরকার ও জনসমক্ষে উন্মোচিত হয়েছে এবং সেই বাস্তবতার আলোকেই আগামী দিনের জ্বালানি নীতি ও জ্বালানি নিরাপত্তা ইস্যু যথাযথ কর্মপরিকল্পনার আওতায় নিয়ে আসা হচ্ছে।

সরকার ১০ বছরের বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনায় গতানুগতিক ফসিল জ্বালানি-নির্ভর বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি বিকল্প বা নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে প্রণোদনা দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সোলার প্যানেল থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করে আর্থিকভাবে লাভবান হওয়া সুযোগ এ খাতকে উৎসাহিত করবে। সৌর বিদ্যুতের সাথে সাথে এয়ার প্যানেল বা বায়ুবিদ্যুতের জন্য দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। তবে এই মুহূর্তে সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত সারা দেশে চলমান বিদ্যুৎ ঘাটতি তথা লোডশেডিং ও গ্যাস সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। বঙ্গোপসাগরের ব্লকগুলো থেকে জ্বালানি উত্তোলনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রতিবেশী দেশগুলো যেখানে এক দশক ধরে বঙ্গোপসাগরের পানিসীমা থেকে জ্বালানি সম্পদ আহরণ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, সেখানে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার বেসরকারিভাবে বিদেশ থেকে এলএনজি কিনে চাহিদাপূরণ ও কমিশন বাণিজ্যে লিপ্ত হয়ে দেশের জ্বালানি নিরাপত্তাকে বহুলাংশে পরনির্ভরশীল করে তুলেছিল। তারেক রহমানের সরকারকে সে ধারা থেকে বেরিয়ে এসে একটি সমন্বিত ও টেকসই জ্বালানি নীতি গ্রহণ করতে হবে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট যথাযথভাবে মোকাবিলার ওপর আগামী দিনের অর্থনৈতিক সম্ভাবনা ও জাতীয় নিরাপত্তার প্রধান অনুঘটক। চলমান বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের জরুরি পদক্ষেপের সফলতার ওপর তার দীর্ঘমেয়াদি পরিকল্পনার সাফল্য নির্ভর করবে। এ ক্ষেত্রে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মহেশখালীর গ্যাস টার্মিনালে গ্যাস সঞ্চালন শুরু হওয়ার মধ্য দিয়ে আগামী এক-দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সংকট কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন। তবে শুধু মুখের কথায় ‘চিড়া ভিজে না’। গ্যাস ও বিদ্যুৎ সংকটের ত্বরিৎ বিকল্প উদ্যোগগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে মানুষ দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।

গতকাল প্রকাশিত সেপ্টেম্বর মাসের এলপিজি গ্যাসের দাম ১২ কেজি সিলিন্ডারের জন্য ১৩ টাকা কমিয়ে আনার মাধ্যমে গ্যাস সংকট কাটিয়ে উঠার ইঙ্গিত পাওয়া যায়। বিদ্যুৎ ও জ্বালানি সংকট একটি বৈশ্বিক ভূরাজনৈতিক সংকটের অংশ। এর সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির সরাসরি সম্পর্ক বিদ্যমান। বিশেষত বিশ্বের প্রধান জ্বালানি শক্তি সউদী আরব ও ইরানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের নেপথ্য ভূমিকার ওপর অনেক কিছুই নির্ভর করছে। এ ক্ষেত্রে কাতার থেকে এলএনজি আমদানির ক্ষেত্রে জাহাজের হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের জন্য ইরানের বিশেষ ছাড় দেয়ার ঘোষণা অনেক বড় অর্জন। সেই সাথে মক্কা নিরাপত্তা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের ক্ষেত্রে ইরানের ইতিবাচক সংকেত বাংলাদেশের জন্য নতুন বাস্তবতার সংকেত।

ইরান, সউদী আরব, চীন ও তুরস্কের মতো আঞ্চলিক ভূরাজনৈতিক অংশীদারদের কাছ থেকে বাংলাদেশ বিশেষ সুবিধা বা আনুকুল্য লাভ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী ভারতের ভূমিকা ভিন্নভাবে মোকাবিলা করতে হবে। তবে দেশের জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব নিয়ে কোনো আপসের সুযোগ নেই। অর্থনৈতিক কিংবা বৈশ্বিক সংকটের দোহাই দিয়ে গ্যাস-বিদ্যুৎ নিয়ে মানুষের ভোগান্তিকে জাস্টিফাই করা যাবে না। সরকার পুরোনো গ্যাসক্ষেত্রগুলো উন্নয়ন করার সাথে সাথে নতুন গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলনে বাড়তি গুরুত্বারোপ করবে। সেই সাথে ফুলবাড়ী কয়লাখনি থেকে কয়লা উত্তোলন নিয়ে সিদ্ধান্তহীনতা ও দীর্ঘসূত্রতার পরিসমাপ্তি হওয়া জরুরি। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সৃষ্ট জনদুর্ভোগের নেপথ্যে যাই থাকুক, এর পুরো দায় ও বদনাম চাপছে প্রধানমন্ত্রীর ওপর। আমলাতান্ত্রিক লাল-ফিতার দৌরাত্ম্য ও সিদ্ধান্তহীনতার গতানুগতিক চিত্র এখন বদলাতে হবে। জ্বালানি নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ত্বরিৎ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকেই নিতে হবে।