প্রধানমন্ত্রী তারেক রহমান গত মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কে পৌঁছে ওই দিন রাতেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। পত্রপত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, দুই নেতার প্রায় ৩০ মিনিটের বৈঠকে দ্বিপক্ষীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে। দুই দেশের বাণিজ্য ও প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া আলোচনায় উঠে আসে বাংলাদেশের রোহিঙ্গা প্রসঙ্গও। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় বৈঠক। এর আগে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠক হয়। এদিকে বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয়, দুই দেশের সম্পর্ক ‘নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে’।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কে ইতিবাচক আবহ লক্ষণীয়। দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে তুরস্কের প্রতিনিধিত্ব করেন উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজি। গত জুনের প্রথম দিনে ঢাকা সফর করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের শেষ দিন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাকান ফিদান বলেছিলেন, তাঁর সফর দুই দেশের সম্পর্ককে কৌশলগত স্তরে নেওয়ার প্রথম ধাপ। গত জুলাইয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের তুরস্ক সফর করেন।

কালের কণ্ঠের খবরে বলা হয়, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে তারেক-এরদোয়ানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়াল হোটেলে বৈঠকটি শুরু হয়। শেষ হয় রাত পৌনে ৮টায়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে অংশীদারত্ব ও বিনিয়োগের সম্ভাবনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, বৈঠকে তুরস্ক ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরদোয়ান প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন। এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গার মানবিক পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, এ নিয়ে যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ থাকে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে তুরস্ক।

এদিকে কপ৩১ সম্মেলনের অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাঁদের আলোচনা হয়েছে।

বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সম্পর্ক নতুন নয়, রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। আগামী দিনে এই সম্পর্ক আরো সমৃদ্ধ, জোরদার ও সম্প্রসারিত হোক—এটাই প্রত্যাশা।