গত ২৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত দুই দফা ভারি বৃষ্টিতে হাওর অঞ্চলের বেশিরভাগ ফসলি জমি ডুবে যায়। বোরো ধান কাটার আগ মুহূর্তে হঠাৎ ভারি বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কৃষকরা ফসল তুলতে সময় পায়নি। কৃষিমন্ত্রণালয়ের বিভাগের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে হাওর অঞ্চলে ৪ লাখ ৫৫ হাজার ১৫৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল ১৯ লাখ ৯৫ হাজার টন। এর মধ্যে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৫৯ হাজার ৮২৩ হেক্টর জমি ডুবে প্রায় ২ লাখ ১৩ হাজার ৯৭০ টন বোরো ধান নষ্ট হয়, যার আর্থিক মূল্য প্রায় ১০৪৮ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৮১১ জন কৃষক। বলার অপেক্ষা রাখে না, বৃষ্টি-ঢলে হাওরের ফসলের যে ক্ষতি হয়েছে, তা দেশের খাদ্যসরবরাহ ও খাদ্যনিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলবে। এতে খাদ্যসংকট বাড়িয়ে দিতে পারে। এর কারণ হচ্ছে, দেশে মোট উৎপাদিত বোরো ধানের ২০ শতাংশ যোগান দেয় হাওর অঞ্চল। ফসল তলিয়ে যাওয়ায় এ যোগান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রাও ব্যাহত হয়েছে।

হাওরের ফসলের ক্ষতি এখন কৃষকদের জন্য ক্ষত হয়ে দাঁড়িয়েছে। যে দু’ লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বেশিরভাগই ব্যাংক থেকে ঋণ নিয়ে আবাদ করেছিল। একদিকে তারা ফসল হারিয়েছে, আরেকদিকে ব্যাংকের ঋণের জালে আটকে পড়েছে। তাদের পক্ষে ব্যাংকের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। ভবিষ্যতে ফসল ফলানো অসম্ভব হয়ে পড়বে। তারা অন্যপেশায়ও চলে যেতে পারে। এতে কৃষক সংকট দেখা দেবে এবং কৃষিখাত ক্ষতিগ্রস্ত হবে। হাওরের ফসল ডুবে যাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে আগামী তিন মাস তাদের আর্থিক এবং মাসে ২০ কেজি করে খাদ্যসহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন। কৃষিমন্ত্রণালয় জানিয়েছে, ঈদুল আযহার আগেই ক্ষতিগ্রস্ত কৃষকরা এই সহায়তা পাওয়া শুরু করবে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, সরকার ইতোমধ্যে কৃষকদের সুদসহ দশ হাজার টাকা পর্যন্ত মওকুফ করেছে। এছাড়া কৃষক কার্ড চালু করেছে। ফ্যামিলি কার্ডও চালু করা হয়েছে। দেশের অর্থনৈতিক দুর্দশার মধ্যে এসব কার্ডের অর্থ কীভাবে দেয়া হচ্ছে, এ প্রশ্নও সামনে চলে আসছে। অর্থনীতিবিদদের মতে, দরিদ্র ও প্রান্তিক পর্যায়ের মানুষের বিভিন্ন সহায়তায় যেসব কর্মসূচি চালু রয়েছে, সেখান থেকে কিংবা ব্যাংক থেকে ঋণ নিয়ে এই অর্থের যোগান দেয়া হচ্ছে। ইতোমধ্যে সরকার ব্যাংক থেকে প্রায় এক লাখ কোটি টাকার মতো ঋণ নিয়েছে। এতে যে চিত্রটি উঠে আসে, তা হচ্ছে, সরকার এক জায়গার অর্থ আরেক জায়গায় ট্রান্সফার করছে। এই অর্থ জনগণের দেয়া ভ্যাট-ট্যাক্স এবং বিভিন্ন সেবার দাম বাড়ানো থেকে আসে। অর্থাৎ জনগণের দেয়া অর্থ থেকেই জনগণকে দেয়া হচ্ছে।

এতে তাদের উপর চাপ বাড়ছে। দেশে বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন যদি গতিশীল না করা হয়, তাহলে এই চাপ থেকে জনগণ বের হতে পারবে না। তাদের মধ্যে সরকারের প্রতি অসন্তোষ বাড়বে। সরকারকে এ বিষয়টি চিন্তা করতে হবে। সরকার হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে সহায়তা প্রদান করছে, তাতে সাময়িকভাবে তাদের কিছুটা সুবিধা হবে। তবে দীর্ঘমেয়াদে তারা যে ক্ষতির শিকার হয়েছে, এ ক্ষতি পোষাবে কীভাবে, সরকারকে তা ভাবতে হবে। প্রায় প্রতিবছরই হাওরে ফসলহানি হয়। কৃষকরা নিরালম্ব হয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রময় হয়নি। এমতাবস্থায়, তারা যাতে পুনরায় কৃষিকাজে ফিরতে পারে এবং ফসল উৎপাদন করতে পারে, তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি অতিবৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে হাওর ডুবে যাওয়ার কারণগুলো চিহ্নিত করে, সমাধানের পথ বের করতে হবে। এটা জানা কথা, ভারত তার এলাকার অতিবৃষ্টিতে যে পানি জমে, বাংলাদেশকে আগাম না জানিয়ে বা সতর্কবার্তা না দিয়ে হঠাৎ করেই ছেড়ে দেয়। এবার হাওর অঞ্চলে অতিবৃষ্টির সাথে ভারতের ছেড়ে দেয়া পানি যুক্ত হয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। ভারত যদি সতর্কবার্তা দিয়ে ধীরে ধীরে তার দিকের পানি ছাড়ত, তাহলে হাওরের কৃষকরা দ্রুত ফসল তোলার সময় পেত। এ সুযোগ তারা পায়নি। ভারত ইচ্ছাকৃতভাবে হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে হাওরাঞ্চল ডুবিয়ে দিচ্ছে। এ ব্যাপারে সরকারকে ভারতের সাথে কথা বলতে হবে। অথবা বিকল্প উপায় খুঁজে বের করতে হবে।

হাওরে পানিবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ হিসেবে পানি বিশেষজ্ঞরা বলেছেন, উন্নয়ন দেখাতে গিয়ে বিগত স্বৈরাচার সরকার অপরিকল্পিত সড়ক নির্মাণ করে হাওরের পানি নিষ্কাশনের পথ রুদ্ধ করে দিয়েছে। সড়ক নির্মাণ করে হাওরকে বিভাজিত করায় পানি আটকে থাকছে। এ সমস্যা কীভাবে নিরসন করা যায়, সরকারকে সে পরিকল্পনা করতে হবে। কৃষিবিজ্ঞানীরা ইতোমধ্যে হাওরে বোরো মৌসুম শুরুর আগে ও শীতসহিষ্ণু ফসল কীভাবে ফলানো যায়, এ নিয়ে গবেষণা করছেন। এতে ভারত থেকে আসা পাহাড়ি ঢল কিংবা অতিবৃষ্টিতে ফসল ডুবে যাওয়া থেকে রক্ষা পেতে পারে। যদিও তারা বলেছেন, হাওরে এভাবে ফসল ফলানো কঠিন। কঠিন হলেও নিরন্তর গবেষণার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে আমরা মনে করি।